আনিস আলমগীর বলেছিলেন ‘গ্রামীণ ব্যাংক ও ইউনূসের বাড়িতে হামলা হবে’; বাস্তবায়ন করলো আ.লীগ
২০২৫ সালের ৪ সেপ্টেম্বর সময় টিভির সম্পাদকীয় টকশোতে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর ড. মুহাম্মদ ইউনূসের বাড়ি ও ব্যাংক নিয়ে বলেছিলেন, “ক্ষমতা থেকে চলে গেলে উনার বাড়িতেও কিন্তু আক্রমণ হবে এবং গ্রামীণ ব্যাংকের ওপরও আক্রমণ হবে”।
একই বছরের ২৫ সেপ্টেম্বর সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজের ইউটিউব চ্যানেল ভয়েস বাংলার এক অনুষ্ঠানে তিনি জুলাই স্মৃতি জাদুঘর ভাঙা হবে বলেছিলেন।
তিনি সেদিন বলেন, “আপনি লিখে রাখেন এই গণভবন আরেকদিন প্রধানমন্ত্রীর বাসভবন হবে। এই যে যেখানে যে স্মৃতি জাদুঘর বানাচ্ছে না, আওয়ামী লীগ বা অন্য দলের যদি কেউ যদি আবার ক্ষমতায় আসে প্রথম যেটা ভাঙবে সেটা হচ্ছে স্মৃতি জাদুঘর। কারণ আপনি জাদুঘর জাদুঘরের জায়গায় করবেন। আপনি প্রধানমন্ত্রীর বাস ভবন কেন স্মৃতি জাদুঘর বানাবেন?”
এর মধ্যে এক বছরেরও বেশি সময় পর, ২০২৬ সালের নভেম্বরে দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার মধ্যে গ্রামীণ ব্যাংক ও ইউনূসের পরিবারের বাড়ি আক্রান্ত হয়েছে।
১০ দিনে গ্রামীণ ব্যাংক ৭২টি শাখায় অগ্নিসংযোগ
গ্রামীণ ব্যাংক জানিয়েছে, গত ১০ থেকে ১৯ নভেম্বর; এই ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে মোট ৭২টি শাখায় অগ্নিসংযোগ বা অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। এর মধ্যে কয়েকটি শাখায় আসবাবপত্র, কম্পিউটার, গুরুত্বপূর্ণ নথিপত্র ও সিসিটিভি সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে; কোথাও শাখা কার্যালয়ের প্রায় সবকিছু পুড়ে গেছে ।
আজ (১৯ নভেম্বর) গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
গ্রামীণ ব্যাংকের একাধিক শাখায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা-অগ্নিসংযোগের পর তা প্রচার করে উল্লাস করতে দেখা গেছে আওয়ামীপন্থী বিভিন্ন ফেসবুক একাউন্টে। এছাড়া গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে নিজের ফেসবুক আইডিতে তা পোস্ট করতে দেখা গেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদেরও।
এদিকে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, “সহিংসতার সব ঘটনা সরকারিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত।”
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আক্তার হামেদ জানান, দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংককে টার্গেট করে হামলা করা হচ্ছে। এটি কেন করা হচ্ছে তা জানি না। তবে বিভিন্ন স্থানে খবর নিয়ে জানা গেছে, এই সন্ত্রাসীরা কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের স্লোগান দিয়ে হামলা করেছে। এখনও তাদের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রামীণ ব্যাংকের বিভিন্ন ডকুমেন্ট, কাগজপত্র, রেকর্ডপত্র তারা পুড়িয়ে দিয়েছে। দারিদ্র্যপীড়িত মানুষকে ক্ষুদ্রঋণ প্রদানকারী এই ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছি আমরা।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
গতকাল (১৮ নভেম্বর) চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। অগ্নিসংযোগের ভিডিও ধারণ করে আওয়ামীপন্থী বিভিন্ন পেইজে ‘শিশু হত্যাকারী ইউনূসের বাড়িতে আগুন দিয়েছেন জনতা’ শিরোনামে প্রচার করা হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসব ভিডিও শেয়ার করে উদযাপন করেছেন।
প্রথম আলোর এক প্রতিবেদন মতে, দেশের বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ডের মধ্যে চট্টগ্রাম নগরীতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার বাড়িটিতে আগুন দেওয়া হয়।
পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, হঠাৎ বাসার নিচে পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা এগিয়ে আসেন। পরে তারা আগুন নিভিয়ে ফেলেন। ঘটনায় কে বা কারা জড়িত তা তদন্ত করছে পুলিশ।