ভিন্ন হিন্দু ব্যক্তির নামে ভুয়া আইডি খুলে ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট, হিন্দু যুবক গ্রেফতার
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে একটি স্ক্রিনশট পোস্ট করে দাবি করা হচ্ছে, শংকর পাল নামক এক হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পবিত্র কোরআনকে অবমাননা করে পোস্ট করেছেন।
এরকম দাবি সম্বলিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
খেলাফত চাই নামক একটি ফেসবুক পেজ থেকে ‘শংকর পাল’ নামক ফেসবুক আইডি এবং পোস্টের স্ক্রিনশট শেয়ার করে শংকর পালকে খুঁজে বের করার আহ্বান জানানো হয়েছে।
কিন্তু যাচাই করে দেখা গেছে, ধর্মীয় অবমাননামূলক ছবিটি অনেক আগে থেকেই অনলাইনে পাওয়া যায়। এছাড়া শংকর কুমার পাল থানায় সাধারণ ডায়েরি করে আইডিটি তার নয় বলে দাবি করেছেন। এদিকে শংকর পালের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ধর্মীয় অবমাননামূলক পোস্ট করার অভিযোগে প্রদীপ পাল নামে এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
কোরআন অবমাননার যে ছবিটি পোস্ট করা হয়েছে সেটি রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৪ সালের ৩০ নভেম্বর উক্ত ছবি সম্বলিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। অর্থাৎ, এটি একটি পুরোনো ছবি।
এদিকে ‘শংকর পাল’ নামে যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোরআন অবমাননার ছবিটি পোস্ট করা হয়েছে বলে দাবি করা হচ্ছে সে আইডিটি খোলা হয় গত ৭ এপ্রিল ২০২৬-এ। অ্যাকাউন্টটি খোলার পর তিনটি পোস্ট দেওয়া হয়েছে তারমধ্যে দুটি প্রোফাইল ছবি এবং একটি কথিত ধর্ম অবমাননাকর পোস্ট। তবে কোরআন অবমাননার পোস্টটি নিয়ে অনলাইনে সমালোচনা শুরুর পর সেটি ১৬ এপ্রিল সরিয়ে ফেলা হয়।
এদিকে এ বিষয়ে ১৬ এপ্রিল ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় শংকর কুমার পাল নামে ওই ব্যক্তি একটি সাধারণ ডায়েরি করেছেন।
ডায়েরিতে তিনি জানান, অজ্ঞাতনামা ব্যক্তিরা ‘শংকর পাল’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে তার আসল আইডি ‘Shankar Pual’ থেকে ছবি নিয়ে মনগড়া তথ্যসহ পোস্ট করে তার ও তার পরিবারের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
ডায়েরিতে তিনি আরও উল্লেখ করেন, গত ১৪ এপ্রিল রাত প্রায় ৯টার দিকে তার চাচাতো ভাই বিষ্ণু কুমার পাল তাকে জানান, ওই ভুয়া আইডি থেকে সম্পাদিত একটি ছবি পোস্ট করা হয়েছে, যা কোরআন শরীফ অবমাননার শামিল এবং এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে। এ ঘটনায় এলাকায় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
শংকর পাল জানান, বিষয়টি জানার পর তিনি নিজের ফেসবুক আইডি থেকে একটি সচেতনতামূলক পোস্ট দিয়ে এই ঘটনার নিন্দা জানান এবং জড়িতদের শাস্তির দাবি করেন। পরে আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।
সাধারণ ডায়েরিতে দেওয়া তথ্যের সূত্র ধরে শংকর পালের আসল ফেসবুক অ্যাকাউন্টটি খুঁজে পেয়েছে দ্য ডিসেন্ট। অ্যাকাউন্টটির নাম Shankar Pual।
এই বিষয়ে জানতে আলফাডাঙ্গা থানার অফিসার ইন-চার্জ মোঃ আবুল হাসনাত খানের সাথে আজ ১৮ এপ্রিল যোগাযোগ করা হলে তিনি দ্য ডিসেন্টকে জানান, শংকর কুমার পালের নাম ও ছবি ব্যবহার করে অন্য আরেকজন ওই পোস্টটি করেছেন। এছাড়াও অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতার ও তার নামে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়াও গত ১৭ এপ্রিল র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শংকর কুমার পাল (৩৩)-এর নাম ও ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননাকর পোস্ট দেওয়ার ঘটনায় প্রদীপ পাল (৪০) নামক একজনকে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব আরো জানায়, প্রদীপ পাল ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আরো এক নারীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে অশ্লীল, মানহানিকর ও ধর্মীয় অবমাননাকর পোস্ট করেন এবং চাঁদা দাবি করেন বলে অভিযোগ রয়েছে।