সামাজিক মাধ্যমে যুদ্ধ সংক্রান্ত পোস্ট করে গ্রেফতার হচ্ছেন মধ্যপ্রাচ্য প্রবাসীরা

৮ মার্চ, ২০২৬

ইরান-ইসরায়েল চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে জারি করেছে বাড়তি সতর্কতা। যুদ্ধের ফুটেজ, ধ্বংসাবশেষ এবং ‘অযাচাকৃত তথ্য’ সামাজিক মাধ্যমে শেয়ার করে আটক হচ্ছেন সংশ্লিষ্ট দেশের নাগরিক এবং প্রবাসীরা। ইতোমধ্যে কাতার, কুয়েত, বাহরাইনে আটকের খবর পাওয়া গেছে।  

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে প্রথমে ইসরায়েল বিমান হামলা করে। এরপর হামলায় যোগ দেয় যুক্তরাষ্ট্র। ইরান পাল্টা জবাব দিতে শুরু করলে যুদ্ধের শুরু হয়। ইরানের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয় তার প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলো। এতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ও হতাহতে ঘটনা ঘটেছে।

যুদ্ধ শুরুর পরপরই এসব দেশ সামাজিক মাধ্যমে ক্ষেপণাস্ত্র বা শেল পড়ে ক্ষতিগ্রস্ত স্থান কিংবা ঘটনাস্থলের ছবি ও ভিডিও ধারণ, প্রকাশ বা প্রচার করা থেকে বিরত থাকতে নির্দেশনা জারি করে। বলা হয়, এ ধরনের ছবি-ভিডিও বা ভুল তথ্য ছড়ালে জনমনে আতঙ্ক তৈরি হতে পারে এবং দেশের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি হতে পারে।

কাতারে আটক প্রায় দুশো

গত ৫ মার্চ কাতার নিউজ এজেন্সি জানায়, এ পর্যন্ত ১৯৪ জনকে আটক করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, চলমান ঘটনাবলীর ভিডিও ধারণ ও প্রচার, গুজব ছড়ানো এবং বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। ১৯৪ জনের মধ্যে নানা দেশের নাগরিক রয়েছেন।

খবরটিতে বলা হয়, “মন্ত্রণালয় জানিয়েছে, তথ্য জানতে হলে শুধু সরকারি বা নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করতে হবে। বিভ্রান্তিকর তথ্য বা জনমত উসকে দিতে পারে, এমন কোনো কনটেন্ট প্রচার বা শেয়ার না করারও আহ্বান জানানো হয়েছে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, কেউ এ ধরনের কাজ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে তারা দ্বিধা করবে না।

এদিকে ৭ মার্চ আরেকজনকে আটক করেছে কাতার। দেশটির অপরাধ তদন্ত অধিদপ্তরের অধীনে অর্থনৈতিক ও সাইবার অপরাধ দমন বিভাগ এসব কার্যক্রম পরিচালনা করে। সেখানে বলা হয়, “কাতারের জেনারেল ডিরেক্টরেট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের অধীন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে কাতার রাষ্ট্র ও এর প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সরাসরি অপমানজনক মন্তব্য প্রকাশের অভিযোগে এক আরব নাগরিককে গ্রেপ্তার করেছে।" 

বাহরাইনে আটক ৬ জন   

গত ১ মার্চ বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম অপব্যবহারের অভিযোগে দুইজনকে আটক করা  করা হয়েছে। ওই দুই ব্যক্তি ভিডিও ধারণ ও লাইভ সম্প্রচার করেছেন এবং পরে তা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন। মন্ত্রণালয় জানায়, এই কর্মকাণ্ড আইনের লঙ্ঘন এবং এটি নিরাপত্তা ও জনশৃঙ্খলার ক্ষতি করতে পারে, পাশাপাশি জনমত প্ররোচিত করতে পারে।

এদিকে একই অভিযোগে ৪ মার্চ আরও চারজনকে আটক করে দেশটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটি ও স্থাপনার ভিডিও ধারণ করে অনলাইনে প্রকাশ করার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। বাহরাইনের পুলিশ মিডিয়া সেন্টার বলছে, “মন্ত্রণালয় জানায়, অভিযুক্তরা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের মাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে দেয়। তাদের এই কাজ রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল এবং জনমতকে বিভ্রান্ত করা, নাগরিক ও বাসিন্দাদের মধ্যে ভীতি ছড়ানো এবং নিরাপত্তা ও জনশৃঙ্খলা ক্ষতিগ্রস্ত করার কারণ হয়েছে বলে উল্লেখ করা হয়।”

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে।

কুয়েতে আটক ৩ জন

কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উপহাস করার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক দুইজন কুয়েতি ও একজন কলম্বিয়ান নাগরিক। কুয়েতি সংবাদপত্র আলকাওয়ালিসের মতে, “মন্ত্রণালয়টি  বলেছে, সামরিক প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে বা রাষ্ট্রের স্বার্থ ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষতি হয়; এমন কোনো কনটেন্ট প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকতে হবে।

সবার প্রতি জাতীয় দায়িত্বশীলতা পালনের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে তারা সতর্ক করেছে, বর্তমান জাতীয় ও আঞ্চলিক পরিস্থিতিতে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।”

কাতার, কুয়েত, বাহরাইন দেশগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাইবার ক্রাইম  সংক্রান্ত বেশকিছু আইন রয়েছে। অনুরূপ আইন রয়েছে সৌদি আরবেও। তবে সৌদি আরবে সম্প্রতি এই অভিযোগে আটকের কোনো খবর পাওয়া যায়না। এসব দেশগুলোয় সাইবার ক্রাইম সংক্রান্ত আইনগুলোতে “জন নিরাপত্তা” বা “রাষ্ট্রের সম্মান হানি” এর শাস্তি ৩–৫ বছর জেল ও লাখ টাকা জরিমানা হয়ে থাকে।