গোপালগঞ্জে সবাই নন, কিছু গ্রাহক বিকাশ-নগদ-রকেটে লেনদেন করতে পারছেন না

২৬ নভেম্বর, ২০২৬

গতকাল বুধবার (২৫ নভেম্বর) ঢাকা পোস্ট “গোপালগঞ্জে সহিংসতা: গোয়েন্দা জালে আওয়ামী ঘরানার ১০১ জনের লেনদেন” শিরোনামে একাধিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

এরই মধ্যে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে গোপালগঞ্জের জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা কিছু মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (বিকাশ, রকেট, নগদ সহ অন্যান্য) একাউন্টে লেনদেন করতে না পারার অভিযোগ সংক্রান্ত পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।

গোপালগঞ্জের জাতীয় পরিচয়পত্র দিয়ে একাউন্ট খোলা হয়েছে, এমন অন্তত ১০ জন গ্রাহকের সঙ্গে কথা বলেছে দ্য ডিসেন্ট। তাদের মধ্যে কেউ গোপালগঞ্জে থাকেন, আবার কেউ থাকেন জেলার বাইরে। তাদের কারও একাউন্ট বন্ধ হয়ে গেছে, আবার কারও একাউন্ট সচল রয়েছে।

কয়েকজন বিকাশ গ্রাহক দেখিয়েছেন আজ বুধবার দুপুর ১২টার দিকে তাদের মোবাইলে একটি এসএমএসে একাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানানো হয়েছে। 

বার্তায় বলা হয়, “স্যার/ম্যাডাম, MFS বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ একাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছেনা বলে দুঃখিত।”

গোপালগঞ্জের জাতীয় পরিচয়পত্র দিয়ে একাউন্ট খোলা এবং বর্তমানে জেলাটিতে বসবাস করেন, এমন একজন গ্রাহক জানিয়েছেন, তাদের পরিবারের সদস্য ছয়জন। তাদের কারও বিকাশ আবার কারও নগদ একাউন্ট রয়েছে। পরিবারের বয়স্ক একজন সদস্যের একাউন্ট সচল থাকলেও অন্যদের একাউন্ট বন্ধ রয়েছে। এই পরিবারটি গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় অবস্থিত।

দ্য ডিসেন্ট যে ১০ জনের সাথে কথা বলেছে তারা বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে ৬ জন জানিয়েছেন মোবাইল আর্থিক সেবা ব্যবহার করতে পারছেন না। বাকি ৪ জন জানিয়েছেন ব্যবহার করতে কোন সমস্যা হচ্ছে না।

গোপালগঞ্জ সদরের বিকাশ ব্যবহারকারী হাসিব বর্তমানে ফ্রিল্যান্সিং করেন। দ্য ডিসেন্টকে তিনি বলেন, “আমি গত এক সপ্তাহে সবমিলিয়ে ১২০০ টাকার আশেপাশে লেনদেন করেছি। হঠাৎ আজ সকাল থেকে লেনদেন করা যাচ্ছে না। আমার পরিচিত অনেকেই লেনদেন করতে পারছে না। আমাদের ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট গ্রুপেও এটা নিয়ে অনেকে লিখেছে। আমার স্ত্রীর বাড়ি ফরিদপুরে। তার একাউন্ট সচল আছে।”

স্টার নিউজের গোপালগঞ্জ প্রতিনিধি নুরুল আলম ফয়সাল দ্য ডিসেন্টকে বলেন, “আমি যতদূর খোঁজ নিয়ে জানতে পেরেছি, পার্সোনাল একাউন্টগুলোতে এ ধরনের অভিযোগ আসছে। এজেন্টদের মধ্য থেকে কারও এমন অভিযোগ পাইনি এখন পর্যন্ত। স্বাভাবিক বা অস্বাভাবিক লেনদেন সবার ক্ষেত্রেই এ ধরনের সমস্যা হচ্ছে। আমার কয়েকজন সহকর্মীর, কারও বিকাশ কারও নগদ একাউন্ট বন্ধ রয়েছে। কারও ক্ষেত্রে দেখা গেছে, নগদ একাউন্ট বন্ধ কিন্তু বিকাশ একাউন্ট সচল আছে।”

তিনি আরও জানান, “মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের এরিয়া ম্যানেজার কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারাও বললো, কেন বন্ধ হয়েছে জানে না। তবে গোপালগঞ্জের এনআইডি দিয়ে খোলা হয়েছে এমন একাউন্টেই সমস্যা হচ্ছে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ইমাম ফারুক এশিয়া পোস্টকে বলেন, “গোপালগঞ্জে লকডাউনকে কেন্দ্র করে সাময়িক বন্ধ রয়েছে। তবে ৩০ তারিখ থেকে আবার চালু হতে পারে বলে জানান তিনি।”

গোপালগঞ্জ জেলার এএসপি মো. হাসানুর রহমান (ক্রাইম এন্ড অপস) দ্য ডিসেন্টকে বলেন, “আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। এমন কোনো অভিযোগ আসেনি।”

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ খান দ্য ডিসেন্টকে বলেছেন, “আমরা বিকাশ, নগদ, রকেট এদের কাউকে কোনো নির্দেশনা দেইনি। একটা স্ট্যান্ডিং পলিসি আছে যে, যদি কোনো গ্রাহকের কোনো একাউন্ট থেকে সাসপিশাস ট্রানজেকশন হয়, যেটা এমএফএস বা ব্যাংকের কাছে মনে হবে সন্দেহজনক লেনদেন; ব্যাংক বা এমএফএস সেই একাউন্টটা বন্ধ করতে পারে। এটা একটা পলিসি, যে পলিসি সারা দেশের জন্য প্রযোজ্য। এটা কোনো স্পেসিফিক জেলা বা অঞ্চলের জন্য না। এই প্রেক্ষিতেই সম্ভবত এমএফএসগুলো বেশ কিছু এজেন্ট পয়েন্টের ওই অঞ্চলের সেবা বন্ধ করে দিয়েছে।”

যা বলছে বিকাশ-নগদ

এলাকার ভিত্তিতে নয়, একাউন্টে অস্বাভাবিকতা দেখলে একাউন্ট সাময়িক বন্ধ করা হয় বলে জানিয়েছন বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন ডালিম।

তিনি দ্য ডিসেন্টকে বলেন, “আমরা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নীতিমালা অনুযায়ী নিয়মিতভাবে সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন দেখলে সেটার বিষয়ে প্রতিকারমূলক ব্যবস্থা নিই এবং সেক্ষেত্রে সাময়িকভাবে সেই একাউন্টগুলো আমরা বন্ধ করি। তদন্ত শেষে তারপর ওই একাউন্টগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিই। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, সারাবছর জুড়েই চলে। সেটারই অংশ হিসেবে বিভিন্ন সময়ই, হয়তো এই সময়েও বেশ কিছু একাউন্টের ক্ষেত্রে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের সারাদেশে সাড়ে আট কোটি গ্রাহক। এবং এটা নিয়মিত একটা কাজ। এখন সেখানে গোপালগঞ্জ হতে পারে, ঢাকা হতে পারে, নোয়াখালী হতে পারে– যেকোনো জায়গার হতে পারে। আর গ্রাহকরা তো গোপালগঞ্জেই যে থাকেন তা না, মোবাইল গ্রাহকরা তো আসলে মোবাইল-ই (চলমান)। তো বিষয়টা ওরকম না। এবং আমরা যাদের একাউন্ট বন্ধ করা হয়েছে তাদেরকেও ওই কথাটাই বলা হচ্ছে যে, এমএফএস (MFS) নীতিমালা অনুযায়ী আমরা এই একাউন্টগুলোকে সাময়িকভাবে বন্ধ করছি এবং পরবর্তীতে এটার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

শামসুদ্দিন ডালিম বলেন, “এটার জন্য গাইডলাইনটা খুব সহজ। যখন আমরা কোনো একাউন্টে কিছু অস্বাভাবিকতা দেখি, তখন আমাদের নিয়ন্ত্রক সংস্থাই আমাদেরকে নির্দেশনা দিয়ে রেখেছে যে এরকম জায়গাতে আমরা তখন সাময়িকভাবে একাউন্টটাকে স্থগিত করি। তারপর তদন্ত শেষে, বিবেচনা শেষে তার বিষয়ে সিদ্ধান্ত নিই। এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে আবার অনেকগুলো একাউন্ট তখন রি-ওপেন হয়ে যায়। তো এই রেগুলার, নিয়মিত প্রক্রিয়ারই অংশ এটা।”

একই ধরনের কথা জানিয়েছেন নগদের হেড অব পাবলিক কমিউনিকেশন্স জাহিদুল ইসলাম সজলও।

তিনি দ্য ডিসেন্টকে বলেন, “এরকম কোনো খবর আমাদের কাছে নাই যে ওই নির্দিষ্ট কোনো এলাকার নম্বর বন্ধ। নগদের ইউজারের অবস্থান কোথায়, এটা নগদের পক্ষে জানা সম্ভব না। অথবা আপনি বিকাশের ইউজার, আপনি কোথায় আছেন আপনার অবস্থান বিকাশ জানতে পারবে না কোনোদিন। সিম কোম্পানি যেমন, রবি, নগদ তারা বলতে পারবে যে আপনার অবস্থান কই। এটা নগদ, বিকাশ, রকেটের পক্ষে বোঝা সম্ভব না।”

তিনি আরও বলেন, “ধরেন বিএফআইইউ (BFIU) থেকে যেসব আমাদের কাছে আসে, সেটা হলো সন্দেহজনক ট্রানজেকশন যদি হয়, জুয়ার লেনদেন হয়, বা হচ্ছে গিয়ে অনলাইন গ্যাম্বলিংয়ের লেনদেন–তখন এই ধরনের সাসপিশাস হয়, এর কিছু প্যারামিটার আছে। সেই প্যারামিটার অনুযায়ী কখনো যদি কোনো সন্দেহ হয় বা কোনো প্রমাণ পাওয়া যায়, তখন সেগুলো বন্ধ হয়। কিন্তু জিওগ্রাফিক্যাল লোকেশন ধরে কোনো নম্বর বন্ধ হয় না।”

১০১ জনের আর্থিক লেনদেন খতিয়ে দেখার খবর মিডিয়ায়

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়েছে, গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের জোগানদাতাদের খুঁজতে আওয়ামী লীগের নেতা, সাবেক আমলা ও ব্যবসায়ীসহ অন্তত ১০১ জনের ব্যাংক হিসাব এবং মোবাইল লেনদেন খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ইউনিট।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, “এ ঘটনায় এখন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাসহ প্রায় ৯৭ জনের ব্যাংক হিসাব এরই মধ্যে অবরুদ্ধ করা হয়েছে। আরও বেশ কিছু সন্দেহজনক ব্যক্তিকে গোয়েন্দা জালে নজরদারি করা হচ্ছে। পাশাপাশি তাদের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) লেনদেনের তথ্যও যাচাই করা হচ্ছে।”

এনবিআর সূত্রের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, “এসব আর্থিক লেনদেন অনুসন্ধানে সংস্থাটির চারটি গোয়েন্দা ইউনিট যৌথভাবে কাজ করছে। ইউনিটগুলো হলো- কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট গোয়েন্দা) এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।”

“সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব, কর নথি, আয়-ব্যয়ের হিসাব এবং ডিজিটাল লেনদেনের তথ্য যাচাই করছেন গোয়েন্দারা। এর মধ্যে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট সংশ্লিষ্ট ব্যক্তিদের কর নথির সঙ্গে তাদের আয়-ব্যয়ের হিসাব এবং ব্যাংক ও এমএফএস লেনদেনের তথ্য মিলিয়ে দেখছে। পাশাপাশি তাদের আয়ের উৎসও খতিয়ে দেখা হচ্ছে। বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য যাচাই করছেন গোয়েন্দারা।”