জোর করে চুল কেটে, গোসল করিয়ে টাকা কামান তারা

জোর করে একজন ভবঘুরেকে ধরে চুল কাটার জন্য নেয়া হচ্ছে
২৭ সেপ্টেম্বর, ২০২৫

সম্প্রতি সামাজিক মাধ্যমে বিভিন্ন বয়সের মানুষকে জোর করে চুল-দাঁড়ি কেটে দেয়া বা গোসল করানোর কিছু ভিডিও ভাইরাল হওয়ার পর তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এর প্রেক্ষিতে দ্য ডিসেন্ট খোঁজ নেয়ার চেষ্টা করেছে এই ধরনের কর্মকাণ্ড করা এবং সেগুলোর ভিডিও তৈরির পেছনে কারা জড়িত এবং কেন তারা এসব কাজ করছেন।

দ্য ডিসেন্ট ইউটিউব ও ফেসবুক মিলিয়ে ১৭টি ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলের সন্ধান পেয়েছে যেগুলোতে রাস্তাঘাটে চলাফেরা করা ভবঘুরে ধরনের মানুষদেরকে ধরে জোরপূর্বক চুল-দাঁড়ি কেটে দেয়ার বা গোসল করার ভিডিও নিয়মিত আপলোড করা হয়।

এসব পেইজ বা চ্যানেলের ভিডিওগুলোর মোট ভিউ প্রায় ২০০ কোটির উপরে। মোট ফলোয়ার প্রায় ৪ মিলিয়ন বা ৪০ লাখের কাছাকাছি। এসব পেইজে এই ধরনের ভিডিও আছে ৪ হাজারের কাছাকাছি। অবশ্য এই ভিডিওগুলোর উল্লেখযোগ্য একটি অংশ একাধিকবার একাধিক চ্যানেলে আপলোড করা হয়েছে।

এই ১৭টি ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলের কয়েকটি উভয় প্লাটফর্মেই একই ব্যক্তি/টিমের দ্বারা পরিচালিত। আবার কয়েকটি শুধু ইউটিউবে বা শুধু ফেসবুকে আলাদা আলাদা ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়।

নিচে ১৭টি পেইজ ও চ্যানেলের নাম দেয়া হল:

Human Service Bangladesh (facebook)

Street humanity Bangladesh (youtube)

Mahbub Creation4(facebook)

Manusher Jonno- মানুষের জন্য (Facebook)

Manusher jonno- মানুষের জন্য( youtube)

KM Reaz (Facebook)

KM Reaz (youtube)

Street Care Bangladesh

Human Service Bd (youtube)

Humanity Bangladesh (facebook)

Humanity Bangladesh (youtube)

Rabiul Islam Shawon(youtube)

Human Affection(youtube)

Mad Clean Organisation (youtube)

Humanity hooker( Facebook)

Humanity hooker(youtube)

Humanity First BD (youtube)

এসব পেইজ এবং চ্যানেলের মধ্যে সবচেয়ে জনপ্রিয়টির নাম হচ্ছে Mahbub Creation । ২০২৩ সালের এপ্রিল মাসে খোলা পেইজটিতে বর্তমানে ফলোয়ার সংখ্যা ২২ লাখ। একই ব্যক্তির পরিচালিত ইউটিউব চ্যানেলের নাম Street Humanity of Bangladesh; যার সাবস্ক্রাইবার সংখ্যা ৮ লাখ ২২ হাজার। চ্যানেলটি খোলা হয়েছে ২০২৪ সালের জুন মাসে।

চ্যানেল ও পেইজগুলো বিশ্লেষণ করে দেখা গেছে এই ধরনের কাজ প্রথম Mahbub Creation পেইজটিই শুরু করে ২০২৪ সালের এপ্রিল মাস থেকে। এরপর বাকি পেইজ এবং চ্যানেলগুলো ধীরে ধীরে কাজ শুরু করে।

Mahbub creation 4 নামক ফেসবুক পেইজের প্রোফাইল ছবি

Mahbub creation 4 নামক ফেসবুক পেইজের প্রোফাইল ছবি | Facebook

Mahbub Creation এর বেশ কিছু ভিডিও রিভিউ করে দেখা যায়, পেইজটির পরিচালক মুহাম্মদ মাহবুব সরকার তার টিম নিয়ে সপ্তাহে একাধিক দিন জায়গায় অভিযান পরিচালনা করেন এবং ভবঘুরে ব্যক্তিদের ধরে জোর করে চুল দাঁড়ি কেটে দিয়ে গোসল করিয়ে দেন।

বিগত কয়েক মাসের একাধিক ভিডিওতে দেখা গেছে তিনি গোসল করানোর পর নতুন লুঙ্গি/জামা পরিয়ে দেন ভবঘুরে ব্যক্তিদের। কিছু ভিডিওর শেষে ভবঘুরে লোকটিকে এক প্যাকেট খাবার দিতেও দেখা গেছে। ভিডিও শেষ করার আগে মাহবুব জানান যে, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এই নতুন জামাকাপড় ও খাবার ‘স্পন্সর’ করেছেন।

২০২৪ সালের ২৯ মে আপলোড করা একটি ভিডিওতে দেখা যায়, মাহবুব একজন ব্যক্তিকে চুল-দাঁড়ি কেটে পরিচ্ছন্ন করার পর তাকে গেঞ্জি ও ট্রাউজার পরিয়ে দিয়েছেন। এবং ভিডিওর শেষে জানিয়েছেন, ‘ক্লথ গ্যালাক্সি’ নামের একটি প্রতিষ্ঠান কাপড়গুলো স্পন্সর করেছে। ভিডিওর স্ক্রিনে ক্লথ গ্যালাক্সির ফেসবুক পেইজের প্রমোশন করে দিয়েছেন। এই ধরনের প্রমোশনের বিনিময়ে সাধারণত কন্টেন্ট ক্রিয়েটররা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অর্থ নিয়ে থাকেন।

অনেক ভিডিওতে দেখা গেছে, মাহবুব ও তার টিম অনিচ্ছুক ভবঘুরে ব্যক্তিদেরকে জোর করে ধরে চুল-দাঁড়ি কাটছেন। যেমন গত ২৪ আগস্ট ভিডিওতে দেখা যায় রাস্তায় পড়ে থাকা ভবঘুরে বৃদ্ধ ব্যক্তিকে তারা সালাম দিয়ে হাত ধরতে চাইলে উক্ত বৃদ্ধ ব্যক্তি তাদেরকে লাথি দিয়ে পালাতে চেষ্টা করেন। ব্যক্তিটি ধমক দিয়ে তাকে স্পর্শ করতে নিষেধ করলেও মাহবুবের টিমের সেটা না শুনে তাকে টেনে নিয়ে যেতে থাকে। এসময় বৃদ্ধ ব্যক্তি একাধিকবার বলেন, “না, আমি গোসল করবো না”। যদিও তার কথা না শুনেই তার চুল কেটে দেওয়া হয় এবং গোসল করানো হয়। রিলসটিতে ভিউ হয় প্রায় ২.১ মিলিয়ন এবং প্রায় ১ হাজার ২০০ মানুষ ভিডিওটি শেয়ার করেন।

একজন ভবঘুরেকে জোর করে আটক করা হয়েছে

একজন ভবঘুরেকে জোর করে আটক করা হয়েছে | Facebook

এই ফেসবুক পেইজের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই ফেসবুক ব্যবহারকারীরা তাদের কাজের প্রশংসা করছেন। তবে কিছু ব্যবহারকারীকে সমালোচনা করতেও দেখা গেছে।

মাহবুবের ইউটিউব চ্যানেল Street Humanity Bangladesh এ ৮ লাখ ২২ হাজার ফলোয়ার রয়েছে। চ্যানেলটিতে এই ধরনের মোট ভিডিও রয়েছে প্রায় ৪১১ টি, যেগুলোর মোট ভিউ ২৩ কোটি বেশি।

Youtube Channel Monitization Checker ওয়েবসাইটটি দিয়ে চেক করে দেখা যায় চ্যানেলটির মনিটাইজেশন চালু রয়েছে।

Mahbub Creation নামক পেইজের নানান ভিডির কমেন্টে নতুন দুইটি পেইজ Mahbub lifestyle এবং M Fash- কে ফলো করতে বলা হয়।

ফেসবুক পেজ ও চ্যানেলগুলিতে মালিক হিসেবে MD Mahbub Sarkar নামক একজনের প্রোফাইল লিংক শেয়ার করা হয়েছে।

একই রকম ভিডিও তৈরি করা ভিন্ন আরেকটি ফেসবুক পেইজের নাম Human Service Bangladesh

এই পেইজের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয় যেখানে দেখা যায়, পাঞ্জাবি ও পাগড়ি পরিহিত কয়েকজন ব্যক্তি ভবঘুরে একজন বৃদ্ধকে ধাওয়া দিয়ে ধরে জোর করে তার চুল কেটে দিচ্ছেন। বৃদ্ধটি অসহায়ভাবে তাদের কাছে নতি স্বীকার করেন এবং শেষ পর্যায়ে, ‘আল্লাহ তুই দেহিস’ বলে আহাজারি করেন।

Bangladesh Human Service নামক ফেসবুক পেইজ থেকে ভাইরাল হওয়া ভিডিওর স্ক্রিনশট

Bangladesh Human Service নামক ফেসবুক পেইজ থেকে ভাইরাল হওয়া ভিডিওর স্ক্রিনশট | Facebook

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিবিসি বাংলা অনুসন্ধান করে জানিয়েছে, ঘটনাটি ময়মনসিংহের এবং বৃদ্ধের নাম হালিম উদ্ধিন আকন্দ। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন নন। নকশবন্দী তরিকায় বিশ্বাসী এই ব্যক্তি নিজের ইচ্ছায় জটা চুল ও দাড়ি রেখেছিলেন।

গত ২১ জুলাই এই পেইজটিতে “পাগলের ছদ্মবেশে ইন্ডিয়ার RAW” ক্যাপশনে আরেকটি ভিডিও আপলোড করা হয়।

ভিডিওতে দেখা যায়, একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে জোর করে ধরে চুল কেটে দেওয়া হয় এবং গোসল করিয়ে জামা-কাপড় বদলে দেওয়া হয়। যদিও ব্যক্তিটি বারবার তাদেরকে সরে যেতে বলেন এবং তিনি চুল কাটতে রাজি নন বলে জানান। পরে তাকে জোর করেই চুল কেটে দেওয়া হয়।

ভিডিওটিতে বেশ কয়েকটি হ্যাশট্যাগ করতে দেখা যায়। যেমন RawinBangladesh, গুপ্তচর, পাগলের ছদ্মবেশ ইত্যাদি। উক্ত ভিডিওটিতে প্রায় ৮০ টি রিয়েক্ট ও ১৬ বার শেয়ার হয়।

Human Service Bangladesh পেইজটিতে প্রায় ৫৬ হাজার ফলোয়ার রয়েছে। এখানে ৭৩টি ভিডিও মোট প্রায় ১১ লাখ ভিউ পেয়েছে।

মানসিক ভারসাম্যহীন লোকটিকে “পাগলের ছদ্মবেশে ইন্ডিয়ার RAW” বলে শিরোনামে দাবি করা হলেও ভিডিওতে এ বিষয়ে কোন তথ্য প্রমাণ দেয়া হয়নি। অর্থাৎ, চটকদার করতেই এমন শিরোনাম দেয়া হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর KM Reaz নামক ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়। ভিডিওতে দেখা যায়, রাস্তায় শুয়ে থাকা একজন ভবঘুরে ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছে তার চুল-দাড়ি কাটবে কিনা। ওই ব্যক্তি না-সূচক জবাব দিলেও তার সাথে জোর-জবরদস্তি করা হয়। তিনি একাধিকবার সরে যেতে বললেও তার হাত ও মাথা চেপে ধরে চুল কাটা হয়, এসময় তার গলাও চেপে ধরা হয়। পরবর্তীতে তাকে গেটের সাথে গামছা দিয়ে বেধে গোসল করানো হয়। একাধিক ব্যক্তিকে দেখা যায় তার হাত ধরে রাখতে।

গোসল করানো শেষে ভবঘুরে ব্যক্তিটি বলেন, “কামডা কিন্তু ঠিক করলি না!”। যদিও আশেপাশে দাঁড়িয়ে ঘটনাটি দেখা মানুষজন তাকে এভাবে ধরে ‘পরিচ্ছন্ন’ করার বিষয়টি নিয়ে সমর্থনসূচক কথাবার্তা বলছেন বলে ভিডিওতে শোনা যায়।

KM Reaz নামক চ্যানেলটিতে ৫ লক্ষ ৬ হাজার সাবস্ক্রাইবার রয়েছে। চ্যানেলটিতে ভিডিও রয়েছে ৫১৩ টি। প্রায় ২২০ মিলিয়নের অধিকবার চ্যানেলটির ভিডিওগুলি ভিউ হয়েছে।

Youtube Channel Monitization Checker দিয়ে দেখা যায় পেইজটিতে মনিটাইজেশন চালু রয়েছে।

KM Reaz এর ইন্সটাগ্রামের প্রফাইলে গত ১৭ মার্চের একটি ভিডিও পাওয়া যায়, যার ক্যাপশনে লেখা ছিলো We are coming with Noor Al Insaniya”।

Noor Al Insaniya নামটি ফেসবুকে সার্চ করলে একটি পেইজ পাওয়া যায়। পেইজটির ইন্ট্রোতে লেখা এটি একটি নন প্রফিট অর্গানাইজেশন। যদিও পেইজটিতে মাত্র ৩টি পোস্ট রয়েছে। পেইজটির কাভারে অনেকগুলি মানুষের চুল কেটে দেবার ছবি একসাথে করে আপলোড করা হয়েছে।

সর্বশেষ ১১ মে পেইজটি থেকে পোস্ট দেওয়া হয়। একজন বৃদ্ধা মা এর পা পচে যাওয়ার ছবি পোস্ট করে সবাইকে সাহায্য করতে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে। যদিও এই ফেসবুক পেইজে দেওয়া ওয়েবসাইটটিতে প্রবেশ করা সম্ভব হয়নি(nooralinsan.org)

দ্য ডিসেন্ট চেষ্টা করেছে ১৭টি ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলের এডমিনদের যোগাযোগ নম্বর সংগ্রহের চেষ্টা করে কয়েকজনের সাথে কথা বলা সম্ভব হয়েছে।

এর মধ্যে Human Service Bangladesh নামক পেইজটিতে দুইটি মোবাইল নাম্বার পাওয়া যায় (০১৮২৫২২৩৯৫৩, ০১৯৫৬৬০২৩৫৪)।

এর মধ্যে একটিতে কল করে কাউকে পাওয়া যায়নি। তবে অন্য নম্বরে কল দিলে সোহরাব নামক একজন কথা বলেন।

তিনি জানান, এরকম ভবঘুরেদের জোর করে চুল-দাড়ি কাটা আইনসঙ্গত কাজ নয় সে বিষয়ে তাদের ধারণা ছিল না।

ময়মনসিংহের হালিম উদ্দিন আকন্দের ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক শুরুর পর তার ভিডিওটি নিজেদের পেইজ থেকে ডিলিট করা হয়েছে বলে জানিয়েছেন সোহরাব। তিনি জানান, Humanity First BD নামক ইউটিউব চ্যানেলটি (যেখানে একই রকম কন্টেন্ট প্রকাশ করা হয়) তারাই চালান।

সোহরাব জানান, চ্যানেলটিতে মনিটাইজেশন চালু আছে এবং সেখান থেকে তারা মাসিক সর্বোচ্চ ৪৮ হাজার টাকা পর্যন্ত আয় করেছেন।

যদিও তারা এই টাকা সম্পূর্ণভাবে অসহায় মানুষদের জন্য খরচ করেছেন বলে জানান তিনি।

Street Care of Bangladesh নামক একটি ইউটিউব চ্যানেলে একই ধরনের ভিডিও আপলোড দেওয়া হয়। চ্যানেলটির ইন্ট্রোতে Md. Ashraful Alam নামক একজনের ফেসবুক আইডি দেওয়া রয়েছে।

সেখানে একটি মোবাইল নম্বর (০১৭৭৩৪৯৯৩৯৫) পাওয়া যায়। যোগাযোগ করলে জানানো হয়, তারা পঞ্চগড় জেলাতে ভবঘুরে ও ভারসাম্যহীন মানুষদের চুল-দাড়ি কেটে দিয়ে সেগুলার ভিডিও প্রকাশ করতেন।

এই চ্যানেলটিরও মনিটাইজেশন ছিল। তবে জানানো হয়, তারা এখনও জমা হওয়া টাকা তুলতে পারেননি।

Robiul Islam Shawon নামের ইউটিউব চ্যানেলটিতে মোবাইল নম্বর দেয়া আছে (০১৭১৬৪৯৩২৬১)। যোগাযোগ করলে শাওন জানান, তার ‘মানবিক’ কার্যক্রম মূলত খুলনা জেলা কেন্দ্রিক। সমাজের রাস্তাঘাটে পরিবারহীন, আত্মীয়স্বজনহীন এবং মানসিকভাবে অসুস্থ মানুষদের সেবা করার ব্যয় তিনি ব্যক্তিগতভাবে নিজের ব্যবসার আয় থেকে বহন করতেন বলে তিনি দাবি করেন।

ফেসবুক ও ইউটিউব আয়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার চ্যানেলে

নিয়মিত আয় হয়, পরিমাণও উল্লেখযোগ্য। কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো টাকা উত্তোলন করিনি। কারণ, এসব প্রদর্শনমূলক কার্যক্রম ইসলাম ধর্মে হারাম বলে আমি মনে করি। তাই সিদ্ধান্ত নিয়েছি ইউটিউব চ্যানেলটি বিক্রি করে দেব।”

সম্প্রতি তিনি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন, তাদের ইউটিউব চ্যানেল মনিটাইজড হয়েছে। তবে তিনি মনে করেন, এই আয়ে কার্যক্রম চালানো সম্ভব নয়। এ কারণে তার ফলোয়ারদের অনুরোধ করেছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।

Human Affection হিউম্যান এফেকশন নামের ইউটিউব চ্যানেলের এবাউটে দেয়া মোবাইল নম্বরে (০১৭১১২৭৭০৬১) যোগাযোগ করলে তানভীর ইসলাম বাপ্পী নামের একজন কথা বলেন।

তিনি নিজেকে চ্যানেলটির অংশীজন হিসেবে পরিচয় দিয়ে জানান, তারা মূলত ভোলা জেলায় সমাজের সবচেয়ে অসহায় ও গৃহহীন মানুষদের সাহায্য করার চেষ্টা করছেন।

তাদের লক্ষ্য হলো, “গৃহহীন মানুষের কষ্ট ও সংগ্রামের গল্প তুলে ধরা। অসহায়দের খাবার, পোশাক ও চিকিৎসা সহায়তা দেওয়া। মানবতার উদাহরণ তৈরি করা ও সহমর্মিতা ছড়িয়ে দেওয়া। মানসিক স্বাস্থ্য ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।”

আর্থিক ব্যয়ের বিষয়ে তিনি জানান, তারা মূলত বন্ধু-বান্ধব মিলে খরচ বহন করেন। কোনো প্রকার অনুদান নেন না, কারণ এতে বিতর্ক তৈরি হতে পারে। তবে চ্যানেল ঘুরে দেখা যায়, তারা স্পন্সরশিপ আহ্বান করেছেন এবং এজন্য যোগাযোগ করতে ইমেইল ও মোবাইল নাম্বরও দেয়া হয়েছে।

Humanity Bangladesh হিউম্যানিটি বাংলাদেশ নামের আরেকটি ইউটিউব চ্যানেলে দেখা যায়, তারা নিজেদের কার্যক্রম এভাবে উপস্থাপন করছেন: “আমরা বাংলাদেশের রাস্তায় ভুলে যাওয়া, পথহারা ও মানসিকভাবে অস্থির মানুষদের সাহায্য করি। যত্ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পোশাক, খাবার ও ভালোবাসার মাধ্যমে- আমরা তাদের ফিরিয়ে দিই সম্মান, সুস্থতা ও আশা। আমাদের লক্ষ্য হলো তাদের পরিবার, পরিচয় এবং সমাজে প্রাপ্য স্থান ফিরিয়ে দেওয়া।”

চ্যানেলটির দায়িত্বে থাকা মাইদুল ইসলামের সাথে যোগাযোগ (০১৪১০৮০১২৪২) করলে তিনি জানান, রংপুর ও নীলফামারীর সৈয়দপুরকে কেন্দ্র করে তারা কাজ করছেন। ১৫–২০ জন সদস্যের এই সংগঠন নিয়মিত চাঁদার টাকা দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি তারা ইউটিউব মনিটাইজেশন চালু করেছে। তবে এখনো কোনো টাকা সেখান থেকে তোলেন নাই।

বাকি চ্যানেলগুলোর মধ্যে উল্লেখযোগ্য Mahbub Creation এর মাহবুব সরকারের মোবাইল নম্বরে বারবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তিনি ময়মনসিংহের বৃদ্ধার চুল কাটার ভিডিও ভাইরাল হওয়ার পর গত ২৬ সেপ্টেম্বর তার পেইজে ঘোষণা দেন তিনি আর এই ধরনের ভিডিও বানাবেন না।

“আমাদের কোন কাজের মাধ্যমে কেউ যদি কোন কষ্ট পেয়ে থাকেন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কাজটা আমাদের চোখে ভালো মনে হলেও আইনের দিক থেকে এটা বেআইনি। তাই দেশের আইনের প্রতি সম্মান জানাই কাজ টা ছেড়ে দিলাম..!!", মাহবুব তার ফেসবুক পোস্টে লিখেছেন।