সেনা কর্মকর্তাদের বিচার: বিজ্ঞাপন কমলেও থামেনি ট্রাইব্যুনাল নিয়ে সংঘবদ্ধ প্রচারণা

২০ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের বিচার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করা, এবং বিচারের পক্ষে অনলাইনে নিয়মিত ক্যাম্পেইন করছেন এমন ব্যক্তিদেরকে নেতিবাচকভাবে এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-কে ইতিবাচকভাবে তুলে ধরে সংঘবদ্ধভাবে ফেসবুকে কন্টেন্ট ও বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে বলে গত মাসে (২৮ অক্টোবর) একটি অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছিল দ্য ডিসেন্ট।

সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ও কর্মরত মোট ২৫ কর্মকর্তার বিরুদ্ধে গুমসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হওয়ার পর থেকেই বেশ কিছু ফেসবুক পেইজ থেকে সংঘবদ্ধ এই প্রচারণা লক্ষ্য করা গেছে। এসব পেইজের কন্টেন্ট এবং বিজ্ঞাপনে ট্রাইবুনালের বিচার প্রক্রিয়াকে ‘রাজনৈতিক উদ্দেশ্যমূলক’ হিসেবে প্রচার করা হয়েছে এবং অভিযুক্ত সব সেনা কর্মকর্তাদেরকে ‘নির্দোষ’ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

পাশাপাশি গুম-খুনের দায়ে সেনা কর্মকর্তাদের বিচারের দাবিতে অনলাইনে সোচ্চার থাকা অন্তত ৭জন ব্যক্তিকে নিয়ে নেতিবাচক নানান কন্টেন্ট ও বিজ্ঞাপনও প্রচার করেছে পেইজগুলো।

দ্য ডিসেন্ট এর অনুসন্ধানে উঠে আসে, এরকম অন্তত ৬৭টি পেইজ চলতি বছরের জুনের শুরু থেকে অক্টোবরের ২৬ তারিখ পর্যন্ত মোট ৫৪৭টি বিজ্ঞাপন প্রচার করেছে। প্রচারণার সমন্বয় প্রমাণে সবচেয়ে লক্ষণীয় দিক হলো—৫৪১টি বিজ্ঞাপন দিনের একই সময়ে– সকাল ৭টায়– এবং বাকি চারটি বিজ্ঞাপন সকাল ৮টায় প্রমোট করা হয়েছে। একই ক্যাপশন ও গ্রাফিক্স অল্প সময়ের ব্যবধানে বহু পেইজে পোস্ট করা এবং নির্দিষ্ট কয়েকটি হ্যাশট্যাগ (#ICT, #army, #গুম, #DGFI, #mediatrail ইত্যাদি) বারবার ব্যবহারের মাধ্যমে প্রচারণার সংগঠিত চরিত্র স্পষ্ট হয়।

সবগুলো পোস্টের কমন বৈশিষ্ট্য হলো- ভিডিওগুলো এআই দিয়ে বানানো, প্রফেশনাল ফটোকার্ড, কিছু ভিডিও প্রফেশনাল গ্রাফিক্স ব্যবহার করে ভয়েসওভার দিয়ে তৈরি। প্রায়শই একই পোস্ট একাধিক পেইজে দেখা যায়।

প্রতিবেদনটি প্রকাশের পর ৩ সপ্তাহ ধরে এই সংঘবদ্ধ ক্যাম্পেইনটি পর্যবেক্ষণ করে নতুন কিছু প্রবণতা চিহ্নিত করেছে দ্য ডিসেন্ট। এর মধ্যে রয়েছে: আগের প্রতিবেদনে চিহ্নিত ৬৭টি ফেসবুক পেইজের বেশ কয়েকটি এখন আর নাই, বাকি পেইজগুলোতে বিজ্ঞাপনের সংখ্যা কমে এসেছে এবং নতুন করে আরও কিছু পেইজে বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআই-কে নিয়ে ইতিবাচক এবং আসন্ন নির্বাচন ও গণভোটসহ নানান ইস্যুতে কন্টেন্ট এবং বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

আগের চিহ্নিত ৬৭টি ফেসবুক পেইজের মধ্যে ১৪টি পেইজ অক্টোবর মাসের পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ১৭টি পেইজে বর্তমানে পোস্ট কিংবা বিজ্ঞাপন দেওয়া হচ্ছে না, আর ১৮টিতে পোস্ট ও বিজ্ঞাপন দুইটি চলছে, ১৮টিতে অক্টোবর মাসের পরও পোস্ট করা হয়েছে তবে বিজ্ঞাপন বন্ধ রয়েছে। নতুন করে পাওয়া গেছে আরো ১১টি পেইজ। এই পেইজগুলোতে নভেম্বরের ৮ তারিখ পর্যন্ত ২০টি বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

আমরা গত ১৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর (১০ দিন) এবং ২৮ অক্টোবর থেকে ৮ নভেম্বর (১০ দিন) সময়ে পেইজগুলোতে বিজ্ঞাপনের হার বিশ্লেষণ করেছি। এতে দেখা যায়, প্রথম অংশে ৩২০ টি বিজ্ঞাপন দেওয়া হলেও নভেম্বরের দশদিনে উল্লেখ্যসংখ্যক হারে কমে ১৫০টি দেওয়া হয়েছে।

প্রথমার্ধ্বে সবচেয়ে বেশি বিজ্ঞাপন এসেছে নতুন দিগন্ত (৫৯), ছায়া প্রচার(৫১), Mail Dhaka 24.com (43), জনগণের কণ্ঠস্বর (১৪) পেইজগুলো থেকে। দ্বিতীয়ার্ধ্বে নতুন দিগন্ত (৪৪), ছায়া প্রচার (৪৫), Mail Dhaka 24.com (44) এবং জনগণের কণ্ঠস্বর (১) পেইজে বিজ্ঞাপন পাওয়া গেছে।

এখনো ১-৩টি বিজ্ঞাপন চলছে, Power of People, Bengali EmotionBanglaZ, ইনসাইড স্টোরি, সমকালীন বাংলাদেশ, দেশীয় বার্তা, Jahid Hasan Jewel, Apa Nation, Nispapツ পেইজগুলোতে।

অন্যদিকে Viral Fact, Voice of Rights, Single Squad, Bangladesh Military Insider, আওয়াজ উঠাও বাংলাদেশ, সেনাবাহিনী আমার অহংকার, Problem Koro Delete Hobe, Trending Bangladesh, বক্র সত্যি, GenZ Nation, GEN-Z, Bangladesh Update 2.0 পেইজগুলোতে পূর্বে অনেক বিজ্ঞাপন এলেও নভেম্বর মাসের ৮ তারিখ পর্যন্ত কোনো বিজ্ঞাপন নেই।

এখনও চলছে বিজ্ঞাপন

এখনও চলছে বিজ্ঞাপন

কিছু পেইজ গায়েব হয়ে গেছে

নিম্নোক্ত পেইজগুলো (১৪টি) থেকে নানান ধরনের বিজ্ঞাপন বিগত মাসগুলোতে দেওয়া হলেও অক্টোবরের পরে পেইজগুলো আর খুঁজে পাওয়া যায়নি। এমন পেইজগুলো হলো- আমাদের ব্রহ্মপুত্র, By Seba Hot News, Chetonar Bangladesh, Authentic News, এই বাংলাদেশ তোমাদের নয়, Peoples Voice, Lead News, DAAO-Defending Against All Odds, BD News, ভাওয়ালের কণ্ঠ, Daily News, বাংলার সমাচার, বজ্রকন্ঠ, BD Peoples Voice, আমি বাংলার। পেইজগুলোতে পূর্বে বিজ্ঞাপন পাওয়া যায় তবে বর্তমানে পেইজ নেই। 

বিজ্ঞাপন না থাকলেও কিছু পেইজে কন্টেন্ট পোস্ট করা হচ্ছে

অক্টোবরের পরে ১৮টি পেইজে বিজ্ঞাপন নেই তবে এগুলোতে সাধারণভাবে পোস্ট, রিল, ভিডিও ছাড়া হচ্ছে। পেইজগুলোর কনটেন্ট প্রায় অভিন্ন। এগুলো হলো- গণ গাঁজাতন্ত্র লিমিটেড, জাগ্রত বাংলাদেশ - Jagroto Bangladesh, আমাদের বাংলাদেশ, আওয়াজ উঠাও বাংলাদেশ, Bangladesh Update 2.0, Bangladesh Military Insider, Single Squad, Daily Fact Check, GEN-Z, GenZ Nation, কাগজের গল্প, MaD Horse, No ads after oct, Problem Koro Delete Hobe, প্রজন্মের ডাক, The Real News, Trending Bangladesh, Viral Fact।

কিছু পেইজে পোস্ট নেই অক্টোবরের পর থেকে

পূর্বে বিজ্ঞাপন এবং পোস্ট চালানো হলেও অক্টোবর মাসের পরে ১৭টি পেইজে কোনো পোস্ট নেই। এগুলো হলো- প্রতিশ্রুতির পাহাড়, Wikileaks V.2, কষ্টে আছে আইজুদ্দিন, Bangladesh 2.0, বিবর্তন, বক্র সত্যি, Flash Feed, রঙিন চশমা, Global Media, সেনাবাহিনী আমার অহংকার, বাংলার বাণী, সময়ের অসঙ্গতি, Country Above All, পাথরের কেল্লা, সংস্কার, Voice of Bangladesh।

এ দিকে নতুন আরো ১১টি পেইজ পাওয়া গেছে, যেগুলো থেকে পাঁচ আগস্টের পর থেকে ২২২ টি পোস্ট দেওয়া হয়েছে। এরমধ্যে চলতি নভেম্বরে ২০টি বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

নতুন পেজের তালিকায় রয়েছে- সাম্যের বাংলাদেশ, Ridhi Islam, দেশে বিদেশে, চা-বিরতি, তারুণ্যের জয়, বাংলাদেশের কণ্ঠস্বর, Country Above All, Defence Watch BD, চলো বাংলাদেশ, CHT Showcase, অপরূপ বাংলাদেশ। 

আগের ৬৭টি পেইজ এবং নতুন ১১টি মিলিয়ে ৭৮টি পেইজে ২৩টি মেইল অ্যাড্রেস ও ২৪ টি ফোন নাম্বার ব্যবহার করে বিজ্ঞাপনগুলো দেওয়া হয়েছে। 

এরমধ্যে বহুল ব্যবহৃত পাঁচটি মেইল হলো- [email protected] (১৬), [email protected] (৭), [email protected] (৭), [email protected] (৪), [email protected] (৪)। 

এরমধ্যে [email protected] মেইলটি ব্যবহার করা হয়েছে ১৬টি পেইজে। এগুলো হলো- Apa Nation, Bangladesh Military Insider, Bengali Emotion, Beyond The Delta, Chessboard Show, Daily Fact Check, Defence Watch BD, GenZ Nation, Jahid Hasan Jewel, Next Gen, Problem Koro Delete Hobe, Single Squad, Trending Bangladesh, Viral Fact, প্রজন্মের ডাক, বক্র সত্যি।

[email protected] মেইলটি গুগলে সার্চ করে রেইনফরেস্ট মিডিয়া নামে একটি প্রতিষ্ঠানের নাম পাওয়া গেছে যেটির মালিক হিসেবে রয়েছে মো. রাফি খান বলে এক ব্যক্তির নাম। তার ঠিকানা দেয়া হয়েছে, ঢাকা ক্যান্টনমেন্টের এক নং রোডের একটি বাড়ি।



বহুল পেইজে ব্যবহৃত ফোন নাম্বারগুলোর মধ্যে পাঁচটি হলো- +8801950555030 (২৩), +8801711986954 (৭), +8801344076808 (৭), +8801751981632(৬), +8801812612714 (৬)।

এরমধ্যে হোয়াটসঅ্যাপে +8801950555030 নাম্বারটির অ্যাকাউন্ট পাওয়া যায় scorpion (বিচ্ছু) নামে, টেলিগ্রামে Head office এবং ট্রু কলারে Executive officer নাম পাওয়া যায়।



এই নাম্বার দিয়ে ২৩টি পেইজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এগুলো হলো- Apa Nation, Bangladesh Military Insider, Bangladesh Update 2.0, BanglaZ, Bengali Emotion, Beyond The Delta, Chessboard Show, Daily Fact Check, Defence Watch BD, GEN-Z, GenZ Nation, Jahid Hasan Jewel, Next Gen, Power of People, Problem Koro Delete Hobe, Single Squad, Trending Bangladesh, Viral Fact, Voice of Rights, আওয়াজ উঠাও বাংলাদেশ, পাহাড়ের গল্প, প্রজন্মের ডাক, বক্র সত্যি।

+8801711986954 নাম্বারটি হোয়াটসঅ্যাপে Seba Computers; টেলিগ্রামে S M Ashraful Azom ও ট্রু কলারে Seba computer/ seba hot news দুই নামে পাওয়া যায়। এই নাম্বার দিয়ে বিজ্ঞাপন দেওয়া পেজগুলো হলো- Chetonar Bangladesh, Country Above All, আমাদের ব্রহ্মপুত্র-By Seba Hot News, কষ্টে আছে আইজুদ্দিন, জনগণের কণ্ঠস্বর, পাথরের কেল্লা, প্রজন্মের ডাক।

+8801344076808, +8801751981632 ও +8801812612714 নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অ্যাকাউন্ট নেই, ট্রু কলারেও পরিচয় পাওয়া যায়নি। তবে +8801344076808 নাম্বারটি বিকাশে MD SALIM MIA নামে নিবন্ধিত পাওয়া গেছে।


নতুন করে বিজ্ঞাপনে যা ছড়ানো হচ্ছে

গত ১৮ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) দেওয়া এবং বিমান বাহিনীর টাস্ক ফোর্সের সদস্যদের ব্যারাকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত দেয় প্রধান উপদেষ্টার দপ্তর। এ ঘটনার পর বেনামী পেইজগুলোতে একাধিক পোস্ট দেখা যায় বিমান বাহিনীর পক্ষে।

Voice of Rights পেইজের বিজ্ঞাপনে লেখা হয়, ‘সেদিন নীরব, আজ প্রশ্ন কেন❓- ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময়, এপিবিএন পালিয়ে গেলে কে সামলে ছিলো পরিস্থিতি? বিমান বাহিনী কি এসে পুনরায় বিমানবন্দর নিরাপদ করেনি? মনে আছে কারো? সেদিন তো প্রশ্ন ওঠেনি বাহিনীর উপস্থিতি নিয়ে, তাহলে আজ কেন?’ Breaking Views পেইজে বিজ্ঞাপন দেওয়া হয়, ‘বিমান বাহিনী বিমানবন্দরের শেষ প্রহরী’।

সাম্যের বাংলাদেশ পেইজে পোস্ট করা হয়, ‘বিমানবাহিনী দেখালো দেশের প্রতি সত্যিকারের দায়বদ্ধতা।’ ইনসাইড স্টোরি পেইজে ভিডিও, ‘কেন এবং কীভাবে শাহজালালের নিরাপত্তায় বিমান বাহিনী?’ GenZ Nation পেইজে পোস্ট করা হয়েছে, ‘বিমান বাহিনীর কর্মকর্তা এসে যা বললেন- মন ভালো হয়ে গেল।’

দ্য ডিসেন্ট-এর ২৮ অক্টোবরের প্রতিবেদন নিয়ে ইনসাইড স্টোরিতে একটি পোস্ট করা হয়েছে। এতে দাবি করা হয়, ‘ইনসাইড স্টোরি কোনো বেনামী বা অর্থনির্ভর পেইজ নয়। আমরা কোনো রাজনৈতিক অর্থে পরিচালিত নই।’

এতে আরো বলা হয়, ‘যারা দেশের স্থিতিশীলতার কথা বলে, সেনাবাহিনীর পেশাদার ভূমিকার প্রতি শ্রদ্ধা জানায়, তাদেরকেই এখন “প্রচারণা” বলে চিহ্নিত করা হচ্ছে।’

পেজটিতে গত ২ নভেম্বরে করা এক পোস্টে বলা হয়, “দ্য ডিসেন্টের প্রকাশিত তথাকথিত “ডিজিটাল ইনভেস্টিগেশন” রিপোর্টে যে সব দাবি করা হয়েছে, তা শুধু বিভ্রান্তিকর নয়, তথ্যগতভাবেও ভুল। রিপোর্টটিতে কোনো প্রমাণ, ডেটা-সোর্স, বা যাচাইযোগ্য রেফারেন্স নেই। তারা আমাদের পোস্টের টাইমিং, ক্যাপশন বা হ্যাশট্যাগ দেখে অনুমান করেছে যে, আমরা “সমন্বিত প্রচারণা” চালাচ্ছি — অথচ অনলাইন অ্যালগরিদম ও ফলোয়ার বেস একই হলে একই ধরনের সময় বা টোনে পোস্ট হওয়া খুবই স্বাভাবিক।”

পেইজটির বিজ্ঞাপনে দুইটি নাম্বার যথা +8801334325097 এবং +8801812612714 থেকে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এগুলো যথাক্রমে আমাদের বাংলাদেশ, রাজনীতি আজকাল,  Politic Society, নাগরিক বার্তা, বিডিনিউজ ইনসাইডার, সেই রাজাকার এই রাজাকার, রুখে দাও ষড়যন্ত্র’ পেইজগুলোতেও পাওয়া গেছে। 

পেইজটি ২০২৪ সালের ৭ আগস্ট খোলা হয় ‘ভিত্তিহীন প্রচার’ নামে। গত ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর এটি ‘ইনসাইড স্টোরি’ নাম দেওয়া হয়েছে। এমন নাম বদল হয়েছে একাধিক পেইজের। Gold Diggers Café হয়েছে Trending Bangladesh; Alhamdulillah বদলে হয়েছে Voice of Rights; Bangla Views থেকে Daily Fact Check শব্দে বদল হয়েছে। 

দেশে বিদেশেদেশীয় বার্তা পেইজ থেকে বিজ্ঞাপন চলছে- ‘বাংলাদেশ সেনাবাহিনী, আমার গর্ব - আমার অহংকার’; সমকালীন বাংলাদেশ পেজে চলছে- ‘মানবতার সেবায় বলীয়ান বাংলাদেশ সেনাবাহিনী’।

Mail Dhaka 24 থেকে প্রচারিত পোস্টে উল্লেখ করা হয়, ‘দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের সময়ে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার মেরুদণ্ডে পরিণত হয়েছে সেনাবাহিনী’। নতুন বাংলাদেশ পেজ থেকে প্রচারিত হয়, জুলাই আহতদের পাশে সেনাবাহিনী। এটি পোস্ট করা হয় দেশীয় বার্তা, Gen Z ও GenZ Nation পেজ থেকে।

সেনা প্রধান নিয়ে প্রচারণা দেখা যায় নতুন করে। একই পোস্ট করা হয়, সাম্যের বাংলাদেশ, অপরূপ বাংলাদেশ, তারুণ্যের জয়বাংলাদেশের কণ্ঠস্বর পেজ থেকে। পোস্টের ভাষা একই- ‘জেনারেল ওয়াকার শুধু একজন কমান্ডার নন, তিনি শৃঙ্খলা, পেশাদারিত্ব আর দেশপ্রেমের প্রতীক’। গত ৫ থেকে ৯ নভেম্বর বিজ্ঞাপন চলেছে।

Ridhi Islam নামে একটি প্রোফাইল থেকে ট্রাইবুনালে বিচারাধীন মামলায় আটক থাকা মেজর জেনারেল জিয়াউল আহসানকে সৎ এবং তাকে নিয়ে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে এমন প্রচার হয়েছে নতুন করে।