এআই ভিডিও ছড়িয়ে বিকাশ নম্বর সংগ্রহ, প্রতারণার শিকার অনেকে
বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের নামে ফেসবুক পেইজ খুলে তাতে স্ত্রী ডা. জুবাইদা রহমানের এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করে অভিনব বিকাশ প্রতারণার ফাঁদ খোলা হয়েছে। এবং তাতে অনেকেই আর্থিক প্রতারণার শিকার হয়েছেন।
গতকাল ৭ ডিসেম্বর পোস্ট করা একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। Zaima Rahman Official নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে তার মা ডা. জুবাইদা রহমান ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছেন, “সবাইকে একটা খুশির খবর শোনাতে চাই, আপনারা অনেকেই আমার মেয়ে জাইমা রহমানের কাছে সাহায্য চাচ্ছিলেন। সবাই ভিডিওর কমেন্টে বিকাশ নাম্বার দিয়ে যান। আমরা সবাইকে সাধ্যমত সহায়তা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর হ্যা, অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে আর পেইজটি ফলো করতে হবে। আর কমেন্টে আপনার সমস্যাটা বলে দিবেন। তাহলে আমরা আপনার সমস্যা অনুযায়ী আপনার বিকাশ নাম্বারে টাকা পাঠাবো। আর অবশ্যই বিএনপিকে ভোট দিবেন। ধন্যবাদ।”
দ্য ডিসেন্ট যাচাই করে দেখেছে ২৩ সেকেন্ড দীর্ঘ ভিডিওটি এআই দিয়ে তৈরি। পাশাপাশি Zaima Rahman Official নামক পেইজটিও ভুয়া।
কিন্তু ভিডিওটিকে ‘বাস্তব’ ভেবে বিভ্রান্ত হয়েছেন হাজার হাজার মানুষ। ভিডিওর কমেন্ট বক্সে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ২৯ হাজার মানুষ কমেন্ট করেছেন। তাদের বেশিরভাগেই নিজেদের সমস্যার কথা বর্ণনা করে নিজেদের বিকাশ নাম্বার দিয়েছেন।
এসব কমেন্টে কেউ সাহায্য চেয়েছেন চিকিৎসার জন্য, কেউ সাহায্য চেয়েছেন মেয়ে বিয়ে দেওয়ার জন্য, কেউ বা সাহায্য চেয়েছেন বাচ্চাদের পড়াশোনা চালানোর জন্য, আবার কেউ সাহায্য চেয়েছেন কর্মসংস্থানের কোন উপায় করার জন্য।
জাইমা রহমান, জুবাইদা রহমান ও তারেক রহমানের নামে খোলা বিভিন্ন ভুয়া ফেসবুক গ্রুপে ভিডিওটি শেয়ার দেয়া হয়েছে এবং সেখানেও শত শত মানুষ সাহায্য চেয়ে নিজেদের বিকাশ নাম্বার দিয়েছেন।
দ্য ডিসেন্ট এর প্রতিবেদক কমেন্টে দেয়া অন্তত ১৫টি মোবাইল নম্বরে কল দিয়ে ১১ জনের সাথে কথা বলতে পেরেছেন। এর মধ্যে ৮ জন জানিয়েছেন বিকাশ নম্বর দেয়ার পর থেকে তাদের মোবাইলে একাধিকবার কল এসেছে। কল রিসিভ করলে জানানো হয়েছে, জুবাইদা রহমানের কথিত অনুদান পাওয়ার শর্ত হিসেবে আগে টাকা পাঠাতে হবে। একেকজনের কাছে একেক পরিমাণ টাকা চাওয়া হয়েছে। সর্বনিন্ম ৩৫০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত চাওয়া হয়েছে বলে যাদের সাথে কথা হয়েছে তারা জানিয়েছেন।
এদের মধ্যে একাধিকজন ‘শর্ত’ মেনে টাকা পাঠিয়েছেনও! এমন একজনই ভুক্তভোগী সাহায্যপ্রার্থী টাঙ্গাইলের সানওয়ার হোসেন।
সানওয়ার নিজের বিকাশ নাম্বার দিয়ে ভিডিওটির নিচে কমেন্ট করেছিলেন, “ম্যাডাম আমি তো খুব গরিবের ছেলে। বাবা রিক্সা চালায়া খায়। তাদের দিন আনতে পান্তা ফুরায়। আমারে ১০ হাজার টাকা একটু সাহায্য করতে পারবেন। রিক্সা ভাড়া চালাই, আমি একটা রিক্সা কিনে বাবা মাকে চালাইতাম। যদি দেন এটা আমার বিকাশ নাম্বার। আমরা শুনছি আমার দাদার কাছে জিয়া পরিবার অনেক ভালো, জিয়াউর রহমান অনেক ভালো ছিলেন।”
তিনি জানান, কমেন্টটি করার পর সাহায্যের টাকা পাওয়ার জন্য ৪৫০ পাঠাতে হবে জানিয়ে একজন ফোন দেন তাকে। বিশ্বাস করে ৪৫০ টাকা পাঠান সানওয়ার হোসেন। টাকা পাঠানোর পর আর কোন সাড়া নাই ওই ব্যক্তির।
সানওয়ার দ্য ডিসেন্টকে বলেন, “আমি তো মনে করেছিলাম টাকা দিবে। একজন ফোন করে ৪৫০ টাকা পাঠাইতে বললো। সাহায্য পাওয়ার জন্য নাকি এটা দিতে হবে। আমি তো বিশ্বাস করে পাঠাইলাম। এখন দেখি আর কোন পাত্তা নাই। পরে বুঝলাম এটা দুই নম্বর। আরও ৩ জন এরকম টাকা চাইয়া ফোন দিছে। একজন বলে ৫০০ পাঠাইতে, একজন বলে ১৫০০ পাঠাইতে। আমি দিনমজুর মানুষ এত টাকা কই পামু?”
আরেকজন সাহায্যপ্রার্থী বগুড়ার সুলতান আকন্দ। তিনি নিজের বিকাশ নাম্বার দিয়ে লিখেছেন,“আমার মেয়েকে বিয়া দিয়েছি টাকা দিতে পারতাছিনা দেখে আমার মেয়েকে আমার বাড়ি রেখে গেছে। আমি একজন বিএনপির কর্মী। বিগত ১৭ বছর পাঁচটি মামলা আমার নামে। আমার বাড়ি বগুড়া গাবতলী থানা রামেশ্বরপুর ইউনিয়ন।”
সুলতান আকন্দ দ্য ডিসেন্টকে জানান, তিনি প্রথমে ভেবেছিলেন এটি আসলেই জুবাইদা রহমানের ভিডিও। কিন্তু তার ভুল ভাঙ্গে যখন তাকে বিভিন্ন জন সাহায্য পাওয়ার জন্য ফোন করে উল্টা টাকা দাবি করেন। কেউ কেউ তার বিকাশের পিন নাম্বারও জানতে চেয়েছেন।
তিনি বলেন, “রাত ২টা থেকে শুরু হইছে, এ পর্যন্ত কমপক্ষে ৫০টা কল আসছে। কেউ বলে সাহায্য পাওয়ার জন্য ৩৮০ টাকা পাঠাও, কেউ বলে ৫০০ পাঠাও। কেউ আবার পিন নাম্বার চায়। পরে আমি বুঝলাম এটা ভুয়া।”
রহিম বাদশা মেয়ের বিয়ের জন্য সাহায্য চান। তার সাথে যোগাযোগ করলে বলেন, "একজন ফোন দিয়ে বলতেছে টাকা পাইতে হইলে ৩৫০ টাকা পাঠাইতে হবে। আমি দিনমজুর মানুষ। এত টাকা কই পামু? আজকে কাজ করছি ৫০০ টাকার৷ তাই আর পাঠাইনাই।"
রহিম বাদশা জানান তার কাছে টাকা থাকলে তিনি পাঠাতেন। টাকা না থাকায় পাঠাতে পারেননি।
Zaima Rahman Official নামের আইডিটি গত ৩ জানুয়ারি খোলা হয়েছে। আইডিটি খোলার পর এখন পর্যন্ত জাইমা রহমান,জোবাইদা রহমান ও তারেক রহমানের নামে বানানো মোট ১৯টি ভিডিও পোস্ট করা হয়েছে। এসব ভিডিও কয়েক লাখ ব্যবহারকারী দেখেছেন। মাত্র ৫ দিনে আইডিটিতে ১ লাখ ১১ হাজারের বেশি ফলোয়ার যুক্ত হয়েছেন।
পেইজটিতে একটি এমএস মুক্তা বউ ([email protected]) একটি ইমেইল এড্রেস সরবরাহ করা হয়েছে। জোবাইদা রহমানের নামে সাহায্য দেওয়ার ঘোষণা দিয়ে যে ভিডিওটি পোস্ট করা হয়েছে সেটি ৩৪ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রতিক্রিয়া দিয়েছে ১ লাখ ৪৪ হাজার ব্যবহারকারী। এছাড়া শেয়ার হয়েছে ২৫ হাজার বারের বেশি।
সম্প্রতি এক অনুসন্ধানে জাইমা রহমানের নামে খোলা ১৫৫টি আইডি ও ১৬০টি ভুয়া পেইজের অস্তিত্ব খুঁজে পেয়েছে দ্য ডিসেন্ট। এসব ভুয়া আইডি ও পেইজের অনেকগুলো থেকেই নিয়মিত এআই দিয়ে তৈরি ও ডিপফেইক ভিডিও প্রচার করা হয়। তবে গত বছরের ২৪ নভেম্বর জাইমা রহমান তার নামে পেইজ খুলেছেন।