৫ এমপির পদত্যাগের ভুয়া খবর ছড়াচ্ছেন আওয়ামীপন্থীরা
গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামীপন্থী একাধিক একাউন্ট থেকে একটি পোস্টে দাবি করা হচ্ছে যে, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী ও গোপালগঞ্জের দু’জনসহ মোট ৫ জন সংসদ সদস্য পদত্যাগ করেছেন।
এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
দ্য ডিসেন্ট এর যাচাইয়ে দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য মেলেনি। সাম্প্রতিক পদত্যাগের যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা যায়, কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
যাচাইয়ে দ্য ডেইলি স্টারে ১৮ নভেম্বর ২০২৬ এ “স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বিএনপি সাংসদ ওসমান ফারুক” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, “বিএনপির সংসদ সদস্য ডা. মুহাম্মদ ওসমান ফারুক স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, ফলে কিশোরগঞ্জ-৩ আসন শূন্য হয়েছে। ওসমান ফারুক ১৪ নভেম্বর স্পিকারকে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। স্পিকার গতকাল সংসদকে বিষয়টি জানান এবং সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে গেজেট জারি করে। আব্দুর রহমানেল মাছউদ ডেইলি স্টারকে জানিয়েছেন, সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে।”
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ আসনের এমপি। তিনি ত্রয়োদশ সংসদে নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছেন। তাঁর পদত্যাগের কোনো সংবাদ বা সরকারি ঘোষণা পাওয়া যায়নি।
গোপালগঞ্জে তিনটি আসন। গোপালগঞ্জের কোনো এমপির পদত্যাগের খবর কোনো সংবাদমাধ্যমে বা সংসদ সচিবালয়ের ঘোষণায় পাওয়া যায়নি।
এ ব্যাপারে সরকারদলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যক্তিগত সহকারী শেখ তাজুল ইসলাম জানান হুইপ দেশের বাইরে অবস্থান করছেন। পরে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “এটা ভুয়া তথ্য, এমন কেউই পদত্যাগ করেননি। গতকাল মুহাম্মদ ওসমান ফারুক এমপি অসুস্থতার কারণে পদত্যাগ করেন।”
অন্যদিকে হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের ব্যক্তিগত সহকারী মোঃ সেলিম হোসেন ছোটন জানান হুইপ প্রধানমন্ত্রীর সাথে মিটিং এ আছেন। তার কাছে আলোচিত দাবি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, “এমন কোনো সংবাদ আমরা পাইনি। এটা ভুয়া তথ্য, এমন কেউই পদত্যাগ করেনি। গতকাল সংসদে শুধুমাত্র ওসমান ফারুক স্যারের পদত্যাগের বিষয়টি জানানো হয়।”