ভুয়া পেজ থেকে পুলিশ হত্যার বিচার নিয়ে ফজলুর রহমানের নামে ভুয়া মন্তব্য

Mohammed Raihan
লেখক
মোহাম্মদ রায়হান
১৮ ফেব্রুয়ারী, ২০২৬

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ও ছবি ব্যবহার করে খোলা একটি ফেসবুক পেজের পোস্টে বলা হচ্ছে, “জুলাইয়ে ৩ সহস্রাধিক পুলিশ হত্যায় জড়িতদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে খুব শীগ্রই।”

এই রিপোর্টটি লেখার সময় পর্যন্ত পোস্টটিতে রিয়েক্ট পড়েছে প্রায় ৫৩ হাজার, কমেন্ট করেছেন প্রায় ৪ হাজার ৫শ জন এবং শেয়ার করেছেন প্রায় ২ হাজার জন।

পোস্টটি বিশ্বাস করে MD Taolad Hossain নামে একজন ফেসবুক ব্যবহারকারী কমেন্ট করেছেন, “ধন‍্যবাদ স‍্যার দেরি হলেও সত‍্য কথাটা বলছেন।এবার বুজবে রাজাকারের নাতি পুতিরা।” 

Biplab Das নামে আরেকজন ব্যবহারকারী কমেন্ট করেছেন, “Sir, আগে দায়িত্ব নেন। মন্ত্রণালয়ে বসেন। চার পাশের পরিবেশ বুঝেন। তারপর ঘোষণা দিন please..এত তাড়াতাড়ি Facebook এ post দিয়ে মাঠ গরম করার কি দরকার। আপনার বয়স হয়েছে। আপনার কথা ও প্রতিশ্রুতির মূল্য আছে। কম বয়েসিদের মতো যা কিছু না বলাই সবার জন‍্য ভালো।”

কিন্তু যাচাই করে দেখা গেছে, ফজলুর রহমান এমন কোনো মন্তব্য করেননি। এছাড়া দ্য ডিসেন্টকে অ্যাডভোকেট ফজলুর রহমান জানিয়েছেন, পেজটি তার নয়। 

পরবর্তীতে দ্য ডিসেন্ট ফেসবুকে সার্চ করে ফজলুর রহমানের নাম ব্যবহার করে খোলা এরকম অন্তত ১৫টি পেজ খুঁজে পেয়েছে। এগুলোর মধ্যে Advocate Fazlur Rahman - অ্যাডভোকেট ফজলুর রহমান পেইজটির ফলোয়ার প্রায় ১ লাখ ৫ হাজার। উপরে অ্যাডভোকেট ফজলুর রহমান নামে যে পেইজটির কথা উল্লেখ করা হয়েছে সেটির ফলোয়ার প্রায় ২২ হাজার। এছাড়াও Md. Fazlur Rahman নামে আরেকটি পেইজের ফলোয়ার সংখ্যা প্রায় ১৩ হাজার।

এসব পেজের বিষয়ে জানতে ফজলুর রহমানের সাথে যোগাযোগ করে দ্য ডিসেন্ট। তিনি কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেইজ চালান কিনা জানতে চাইলে তিনি বলেন, “না, আমি ফেসবুক ব্যবহার করি না। এগুলা ফেইক। আমার সর্বনাশ করার জন্য এরা আছে সবাই। আল্লাহ এদের ভালো করুক।” 

তিনি আরও বলেন, “এরা লেইখা বেড়ায়, শেখ হাসিনার সঙ্গে আমার সেই আলাপ হইছে, আওয়ামী লীগের সমস্ত অফিস খুইলা দেন কিশোরগঞ্জে— এইসব লেখে। আমি এইসব বলি নাই।” তবে তার AMI TV নামে একটি পেজ রয়েছে বলে জানিয়েছেন তিনি। পেজটি চালু করা হয়েছিলো ২০২৪ সালের ১৭ আগস্ট।

এছাড়াও “জুলাইয়ে ৩০০ শতাধিক পুলিশ হত্যায় জড়িতদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে খুব শীঘ্রই”— এরকম পোস্টের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “না না এগুলা ফেইক। এগুলা মিছা কথা। আমি গত ১৫ দিন যাবত একটা কথাও বলি না। ইলেকশনের পরে একদিন কথা বলছি।”

অর্থাৎ, ফজলুর রহমান “জুলাইয়ে ৩ সহস্রাধিক পুলিশ হত্যায় জড়িতদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে খুব শীগ্রই” এমন কোনো মন্তব্য করেননি। এছাড়া এই মন্তব্য প্রচারকারী পেজটিও ফেইক।