প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে ছড়ানো উক্তিটি ভুয়া

Roby Hossain
লেখক
রবি হোসাইন
১৫ জুন, ২০২৬

ফেসবুকে একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হয়েছে, ভারতের দিল্লি বিমানবন্দরে হয়রানির শিকার হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, “বিমানবন্দরে যখন নিজের পরিচয় দিলাম তখন উলটো আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে। পিছন থেকে এক পুলিশ বলে উঠে 'ইয়ে নশেইড়ি ক্যায়সে উপদেষ্টা বান গয়া'?”

ফটোকার্ডটি প্রথম প্রচার করে আওয়ামী লীগের প্রোপাগান্ডা পেজ ‘Bengali Steam’ এরপর ‘Supporters of Bangladesh Awami League’ সহ একাধিক ফেসবুক পেজ এবং বিএনপি পন্থী অনলাইন অ্যাক্টিভিস্ট এবং Bangladesh Centrist Activists Network  এর ফ্যাক্ট চেক এবং প্রোপাগান্ডা ট্র্যাকিং ডিরেক্টর ‘Md M Rashed’ সহ একাধিক ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একই ফটোকার্ডটি প্রচার করা হয়েছে।

এ ধরনের পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, ডা. জাহেদ উর রহমানের নামে প্রচারিত এই মন্তব্যটি ভুয়া। ভারতীয় পুলিশের কোনো সদস্য তাকে উদ্দেশ্য করে এমন কথা বলেননি এবং তিনিও এমন কোনো মন্তব্য করেননি।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ডা. জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে পৌঁছালে সেখানে দায়িত্বরতরা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে হয়রানি করেন। পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয় এবং এ ঘটনায় দুঃখ প্রকাশ করে। তবে এ ঘটনার প্রতিবাদে তিনি আর ভারতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেন এবং অন্য একটি ফ্লাইটে দেশের পথে রওয়ানা হন।

এ ব্যাপারে জানতে চাইলে ডা. জাহেদ উর রহমান দ্য ডিসেন্টকে বলেন, “(এটি) নিশ্চয়ই ভুয়া। হিন্দি ভাষা আমি জানিই না, বুঝিই না।” 

দিল্লি বিমানবন্দরে তার হয়রানির শিকার হওয়ার এই সংবাদটি সত্য হলেও, উক্ত ঘটনার সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বানোয়াট উদ্ধৃতি তৈরি করে তার নামে প্রচার করা হচ্ছে। ডা. জাহেদ উর রহমান এমন কোনো কথা বলেননি।

অর্থাৎ, দিল্লি বিমানবন্দরে হয়রানির প্রতিবাদে ডা. জাহেদ উর রহমানের ভারত ছাড়ার খবরের প্রেক্ষাপটে একটি ভিত্তিহীন উদ্ধৃতি তৈরি করে তার নামে ভুয়া ফটোকার্ড প্রচার করা হচ্ছে।