পুরোনো কাটপিস ভিডিওর সাথে বানোয়াট তথ্য জুড়ে দিয়ে ফারুকী-তিশা দম্পতির বিরুদ্ধে অপপ্রচার

Mahbub A Rahman
লেখক
মাহবুব এ রহমান
৮ অক্টোবর, ২০২৬

গত ৭ অক্টোবর শোবিজ স্টোরিজ নামক একটি পেইজ থেকে একটি ভিডিও প্রতিবেদন আপলোড করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘আমার ক'ষ্টার্জিত টাকা দিয়ে অস্ট্রেলিয়ার বাড়িটা নেওয়ার জন্য ফারুকী আমাকে নিয়মিত গা/য়ে হাত তুলতো: তিশা’’। 

ভিডিওটিতে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারের খণ্ডিত অংশ ব্যবহার করা হয়েছে। সেখানে তিশাকে বলতে শোনা যায়, ‘‘বলে না যে পায়ের তল থেকে মাটি সরে যায়। আমার কাছে ফিল হইছে যে আমার জাস্ট মাটিটা সরে গেল দ্যাটস ইট। আমার কাছে তখন ডুপ্লেক্স বাড়ি ছিল। দুজন দুজনকে ধরে বললাম যে এখন আমাদের দুজন দুজনার।’’

ভিডিওটিতে তিশার বক্তব্যের পর প্রতিবেদকের ভয়েসওভারে বলা হয়েছে, ‘‘এবার স্বামী ফারুকীকে নিয়ে মুখ খুললেন তিশা। তার দাবি, মাত্র দুই বছরের মেয়ের সামনেই ফারুকী নাকি নিয়মিত তার গায়ে হাত তুলতেন। শুধু তাই নয়, বিয়ের পরেও ফারুকী নাকি একাধিক সম্পর্কেও জড়িয়ে পড়েছিলেন বলে মন্তব্য করেছেন নুসরাত ইমরোজ তিশা। গতকাল এক সাক্ষাৎকারে এসব কথা বলতে গিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। তিনি কী বলবেন, কী করবেন, কিছুই বুঝতে পারছেন না। তিশার দাবি, তিশা এবং ফারুকীর একমাত্র মেয়েকেও ফারুকী নিজের কাছে রেখে দিয়েছে। এমনকি তিশা যদি ফোন করে তার মেয়ের সাথে কথা বলতে চায়, ফারুকী নাকি সেটাও করতে দেয় না। ফারুকী চাইছে, তিশা যেন তার কাছে ফিরে যায়; কিন্তু তিশা ফিরতে চাচ্ছে না। কিভাবেই বা ফিরবে? তিশার তিল তিল করে গড়ে তোলা সম্পদ, সবকিছু নিজের দখলে নিয়ে নিয়েছে ফারুকী, তাও আবার সুকৌশলে। …।’’

তবে যাচাইয়ে দেখা যায়, আপলোড হওয়া ভিডিও প্রতিবেদনে তিশার ‘গতকালের সাক্ষাৎকারের ভিডিও’ বলে যে ক্লিপটি দেখানো হয়েছে সেটি প্রকৃতপক্ষে ২ বছর আগের।

রিভার্স ইমেজ সার্চে ২০২৪ সালের ১৯ জুন এই ক্লিপের পূর্ণাঙ্গ ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি ছিল মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’ শো -এর। 

সেই শো -এর খণ্ডিত অংশ জুড়ে দিয়ে ওই প্রতিবেদনে চলচ্চিত্র পরিচালক এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতি নিয়ে মনগড়া ও বানোয়াট তথ্য প্রচার করা হয়েছে। 

সেখানে বর্ণনাকৃত, ফারুকী কর্তৃক তিশাকে মারধর, বিয়ের পরেও ফারুকীর একাধিক সম্পর্কে জড়িয়ে পড়া কিংবা ফারুকী কর্তৃক তিশার সম্পত্তি দখল—এসব বিষয়ে তিশার এমন কোনো মন্তব্য কোথাও খুঁজে পাওয়া যায়নি।

শোবিজ স্টোরিজে আপলোড হওয়া প্রতিবেদনে শুরুতে তিশার বক্তব্যের যে অংশটি যুক্ত করা হয়েছে সে অংশে তিশার আবেগীয় মুহূর্ত ফুটে উঠেছে।

মাছরাঙা টিভির ওই টকশোর ১৭-২০ মিনিটের কথোপকথনের অংশটা ছিল মূলত তিশার বাবার মৃত্যুর পরবর্তী অবস্থার বর্ণনা। সেই অংশটি কাটপিস করে ওই ভিডিও প্রতিবেদনের শুরুতে যুক্ত করা হয়েছে। 

মাছরাঙা টিভির ওই টকশোতেও কোথাও ফারুকীকে নিয়ে নেতিবাচক কোনো কথা বলেননি এই অভিনেত্রী। বরং তিনি ফারুকীর প্রশংসা করেছেন। 

প্রসঙ্গত, শোবিজ স্টোরিজ নামক পেইজটি খোলা হয়েছে চলতি বছরের ১৯ আগস্ট। উক্ত পেইজ থেকে এর আগে গত ৬ অক্টোবর ‘ফারুকী-তিশা দম্পতির সংসার ভেঙেছে’ শীর্ষক ভুয়া খবরও ছড়ানো হয়েছে। যে খবরটি প্রথমে ছড়ায় আওয়ামী প্রোপাগান্ডা পেইজ ইনফো বাংলা থেকে।