মেলায় খাবার নিয়ে মারামারির ঘটনাকে ‘হিজাব না পরায় মারধর’ বলে প্রচার

চট্রগ্রামে মেলায় মারামারির দৃশ্য
Mahbub A Rahman
লেখক
মাহবুব এ রহমান
২২ ডিসেম্বর, ২০২৫

ভারত থেকে পরিচালিত একাধিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়েছে, বাংলাদেশে ‘বোরকা ও হিজাব না পরার কারণে’ দুই মুসলিম মেয়েকে মুসলমানরাই হামলা করেছে।

দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

তবে দ্য ডিসেন্ট যাচাই করে দেখেছে দাবিটি সত্য নয়।

যাচাইয়ে দেখা যায়, ঘটনাটি চট্টগ্রামের। নগরীর সিআরবিতে জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনের বিজয়মেলা চলছিল। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের রাতে ওই মেলায় একটি ভ্রাম্যমাণ দোকানে খাবার আগে-পরে দেওয়া নিয়ে এক ব্যক্তির সঙ্গে ওই নারীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। 

১৮ ডিসেম্বর এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম। দৈনিক ইত্তেফাক প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে লিখেছে, ‘‘ বিভিন্ন দোকানে আগে-পরে খাবার দেওয়া নিয়ে বেশ কয়েকটি দোকানে মারামারির ঘটনা ঘটে।’’ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পুলিশের বরাতে লিখেছে, ‘‘ওই দুই নারী নগরীর পতেঙ্গা এলাকা থেকে বিজয়মেলায় বেড়াতে এসেছিলেন। একটি ভ্যাম্যমাণ দোকানে খাবার আগে-পরে দেওয়া নিয়ে এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তা মারামারিতে রূপ নেয়।’’

সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবু সাঈদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “ওই দিন বিজয়মেলা উপলক্ষ্যে সিআরবি এলাকায় অনেক লোক সমবেত হয়। রাত সাড়ে নয়টার দিকে খাবার দেওয়া নিয়ে কথাকাটাটির পর ওই দুই নারী মারধরের শিকার হন বলে শুনেছি। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি।’’

দেখুন এখানেএখানে

অর্থাৎ, বোরকা ও হিজাব না পরার কারণে দুই মুসলিম মেয়েকে মুসলমানরাই হামলা করেছে দাবিতে যে ভিডিও ছড়ানো হচ্ছে সেটি সত্য নয়।

যে এক্স অ্যাকাউন্টগুলোতে অসত্য দাবিটি ছড়ানো হচ্ছে এসব অ্যাকাউন্ট থেকে নিয়মিতই বাংলাদেশের বিভিন্ন ঘটনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়।