‘পারিবারিক দ্বন্ধে’ হিন্দু যুবকের মৃত্যুকে ইসলামপন্থীদের ‘মব’ বলে অপপ্রচার

Mahbub A Rahman
লেখক
মাহবুব এ রহমান
২৮ ডিসেম্বর, ২০২৫

ভারত থেকে পরিচালিত বেশকিছু এক্স (সাবেক টুইটার) একাউন্ট থেকে প্রচার করা হচ্ছে যে, বাংলাদেশের হবিগঞ্জে কামদেব দাস নামে এক হিন্দু যুবককে ‘ইসলামপন্থী উগ্রবাদীরা’ পিটিয়ে হত্যা করেছে।

এমন দাবিতে কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

তবে এমন দাবির সত্যতা পায়নি দ্য ডিসেন্ট। প্রকৃতপক্ষে ওই যুবক হত্যার পেছনে কারা জড়িত তা এখনও প্রমাণিত নয়। রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। 

গণমাধ্যোমে প্রচারিত এ সংক্রান্ত দু’টি প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে। 

ঢাকা মেইলের এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রেমের সম্পর্কের জেরে এই হতাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। 

নিহত যুবকের বড় ভাই যুবরাজ দাস জানান, একই এলাকার শংকর দাসের মেয়ের সাথে কামদেবের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে গত রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ঝামেলার সৃষ্টি হয়। ওই দিন রাত থেকেই কামদেব নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল।’’

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আকবর হোসেন দ্য ডিসেন্টকে বলেন, ‘‘এ ঘটনার সাথে ধর্মীয় কোনো ব্যাপার নেই। এ ঘটনায় কামদেবের পরিবার মামলা করেছে। যাদের বিপক্ষে মামলা করেছে সে পরিবারও হিন্দু। মূলত কামদেব দাসের সাথে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে দুই পরিবারের ঝগড়ার পর সালিশও হয়। এর পরদিন পুকুরে লাশ পাওয়া যায়। আমরা পুকুরের পাশে একটি গাছের সাথে রশিও ঝুলানো পেয়েছি। আমাদের তদন্ত চলমান আছে।’’

সুতরাং এই হত্যাকাণ্ডের সাথে ইসলামপন্থীদের জড়িয়ে যে প্রচার চলছে তার সত্যতা পাওয়া যায়নি।