জমিজমা নিয়ে পূর্ব বিরোধকে ‘হিন্দু হওয়ার কারণেই আক্রান্ত’ বলে মিথ্যা প্রচার
ভারত থেকে পরিচালিত একাধিক এক্স ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের সিলেটে ‘হিন্দু হওয়ার কারণেই হামলার শিকার’ একটি হিন্দু পরিবার।
কয়েকটি এক্স পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
কয়েকটি ইন্সটাগ্রাম ও ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
দ্য ডিসেন্ট যাচাই করে দেখেছে প্রচারিত দাবিটি সত্য নয়।
প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে এ ঘটনা নিয়ে কানাইঘাট টিভি নামে একটি ফেসবুক পেইজে আক্রান্ত পরিবারের এক সদস্য—রূপম দাসের সাক্ষাৎকার পাওয়া যায়। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘‘এটা রাজনৈতিক কোনো মামলা-হামলা নয়। এটা সম্পূর্ণ পারিবারিক একটি দ্বন্দ্ব। আমার জন্মের আগে থেকেই ওই পরিবারের সাথে আমাদের পরিবারের মামলা-হামলা চলছে।’’
দেখুন এখানে।
স্থানীয় ৩ জন সাংবাদিকের সাথে কথা বলে জানা যায়, গত সোমবার জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে পার্শ্ববর্তী একটি মুসলিম পরিবার দ্বারা আক্রমনের শিকার হয় একটি হিন্দু পরিবার। ঘটনাটি সিলেটের কানাইঘাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের নয়াখলা গ্রামের। উক্ত হিন্দু ও মুসলিম পরিবারের একখণ্ড জমি নিয়ে বিরোধ অনেক আগে থেকে। আনুমানিক ১৫-২০ বছর থেকে এ নিয়ে মামলাও চলছে। গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করেও কোনো সুরাহা হয়নি বলে জানান তারা।
এ নিয়ে জানতে দ্য ডিসেন্ট আক্রান্ত পরিবারের সদস্য রূপম দাসের সাথেও যোগাযোগ করে। তিনি সেদিনের বর্ণনা দিয়ে দ্য ডিসেন্টকে বলেন, ‘‘গত সোমবার জমিতে বেড়া দেওয়ার চেষ্টা করে ওই পরিবার। কোদাল দিয়ে খোঁড়াখুঁড়ির চেষ্টাও করেন তারা। এতে আমার বাবা বাঁধা দিতে গেলে ঝামেলা বাঁধে। আমার বাবা নাকে ব্যথা পান। এখন তিনি চিকিৎসাধীন।’’
সুতরাং, প্রচারিত ‘হিন্দু হওয়ার কারণেই হামলার শিকার’ এমন দাবি অসত্য।