ট্রাম্পের পোস্ট দাবি করে ভুয়া স্ক্রিনশট শেয়ার করছেন সাংবাদিকরাও

Mahbub A Rahman
লেখক
মাহবুব এ রহমান
১৫ এপ্রিল, ২০২৬

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের ইসলামাবাদ থেকে ফেরার পর ট্রাম্পের ট্রুথ সোশ্যালের একটি পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়। যেখানে লেখা, ‘‘ভ্যান্স পাকিস্তান থেকে ফেরার পর থেকেই অবিরাম নেহারি আর পায়া নিয়ে কথা বলে যাচ্ছে। তাই নেহারি আর পায়া খেতে খেতে কূটনীতি ও আলোচনাকে আরও একটি সুযোগ দেওয়া মোটেও খারাপ আইডিয়া হবে না। হ্যাঁ, এবার আমিও যোগ দেব!’’

তবে যাচাইয়ে দেখা যায়, এই স্ক্রিনশটি ভুয়া। ট্রাম্প এমন কোনো পোস্ট করেননি। 

অনেকেই ফেসবুক ও এক্সে এই স্ক্রিনশট শেয়ার করছেন। 

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।  

এই তালিকায় আছেন বাংলাদেশি সাংবাদিকরাও। ট্রাম্পের নামে বানানো এই ভুয়া স্ক্রিনশট পোস্ট করেছেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশ। 

তিনি লিখেছেন, ‘‘সম্ভবত পরবর্তী পর্বের আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি অংশ নেবেন। ইরানি প্রেসিডেন্ট বসতে রাজি হলে এটা অবশ্যই ঘটবে। এবং সেই সাথে টার্কি, মিশর ও সৌদি আরবের সরকার প্রধানগণ এই আলোচনায় উপস্থিত থাকবেন বলে ধারণা করছি। পর্দার অন্তরালে তারই বাতেলা করছে পাকিস্তান।’’ 

ভুয়া স্ক্রিনশটে প্রতিবেদন করেছে মিডিয়াও

ট্রাম্পের নামে ছড়িয়ে পড়া এই ভুয়া স্ক্রিনশটের তথ্যের ভিত্তিতে প্রতিবেদন করেছে ডেইলি ক্যাম্পাসবার্তা বাজার। 

‘নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাকছেন ডোনাল্ড ট্রাম্প’ শিরোনামে এক প্রতিবেদনে দু’টি পোর্টালই লিখেছে, ‘‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্ববাসীকে চমকে দিলেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানিয়েছেন, ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার পরবর্তী ধাপে তিনি নিজেও অংশ নিতে পারেন। আর এর পেছনে একটা মজার কারণও উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ইরানের সঙ্গে পরবর্তী শান্তি আলোচনা নিয়ে এক পোস্টে ট্রাম্প জানান, পাকিস্তান সফর থেকে ফেরার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সারাক্ষণ বিফ নেহারি এবং ছোটে পায়া নিয়ে প্রশংসা করছেন।’’

উল্লেখ্য, ইরান-ইসরায়েল যুদ্ধ ইস্যুতে বৈঠকে বসতে পাকিস্তানের ইসলামাবাদে আসেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যদিও ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে পাকিস্তান ত্যাগ করেছেন তিনি।