দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় বাড়িঘরে অগ্নিসংযোগের দাবিতে পুরোনো ভিডিও প্রচার
ফেসবুকে একটি ঘরে আগুনের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, কুমিল্লার দেবিদ্বারের উনঝুটি এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ায় ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। “হক্ক ও সত্য” ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়।
তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, এটি কুমিল্লার কোনো ঘটনা নয়। এর সাথে নির্বাচনেরও কোনো সম্পর্ক নেই।
আগুনের ভিডিওটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, একই ভিডিও টিকটকে fajile.abir1 নামক অ্যাকাউন্ট থেকে গত বছরের ১৭ ডিসেম্বর “সর্দার বাডির সামনে আগুন” ক্যাপশনে পোস্ট করা হয়েছিল। ভিডিওটি দেখুন এখানে।
এ সংক্রান্ত অন্যান্য ভিডিও থেকে জানা যায়, গত বছরের ১৬ ডিসেম্বর নোয়াখালীর ১৩ নং রসুলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদ্দার বাড়ি সংলগ্ন দপ্তরী বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা সেই আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। দেখুন এখানে, এখানে এবং এখানে।
এ বিষয়ে রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবদুর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি নির্বাচনের অনেক আগের ঘটনা। দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় আগুন দেওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
অর্থাৎ নোয়াখালীতে বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনের পুরনো ভিডিওকে কুমিল্লার দেবিদ্বারে নির্বাচনী সহিংসতার ভুয়া দাবিতে প্রচার করা হচ্ছে।