ইরানি হ্যাকারদের ফাঁস করা এফবিআই পরিচালকের ভিডিও দাবিতে ভিন্ন ব্যক্তির পুরোনো ভিডিও প্রচার

Roby Hossain
লেখক
রবি হোসাইন
৩১ মার্চ, ২০২৬

ফেসবুকে একটি নাচের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি আমেরিকার ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই-এর পরিচালক কাশ প্যাটেলের ফাঁস হওয়া ভিডিও। 

'Abm Sirajul Hossain' নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে দাবি করা হয়, ইরানি হ্যাকাররা এটি ফাঁস করেছে এবং তারা বলেছে, "এটা তো কেবল শুরু... আরো যা আছে তা আরও ভয়াবহ, তোমরা এপস্টাইন ক্লাবের সদস্য।"

ভিডিওটি একই দাবিতে আরো বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়েছে। দেখুন এখানে, এখানে এবং এখানে। 

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি এফবিআই পরিচালক কাশ প্যাটেলের নয়। বরং এটি একজন সাধারণ মানুষের নাচের একটি পুরোনো ভিডিও।

ভিডিওটির রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়,  ভিডিওটি অন্তত ২০২১ সাল থেকে অনলাইনে রয়েছে। ওই দিন ইউটিউবে "Do PeG Andar Mandakini Bahar" শিরোনামে ভিডিওটি প্রথম আপলোড করা হয়েছিল।

পরবর্তীতে ২০২২ ভারতীয় সংবাদমাধ্যম সালে 'টাইমস নাউ' এর এক প্রতিবেদন থেকে জানা যায়, ভিডিওটিতে দৃশ্যমান ওই ব্যক্তি মূলত তাঁর স্ত্রীর কয়েকদিনের জন্য বাবার বাড়ি যাওয়ার আনন্দে নাচছিলেন। 

২৭ মার্চ রয়টার্সের একটি প্রতিবেদনে এফবিআই পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত জিমেইল ইরানি হ্যাকারদের দ্বারা হ্যাক হওয়ার তথ্য জানানো হয়। মূলত এই ঘটনার পরপরই, এক্স এ @Prabh2003166342 নামের একটি অ্যাকাউন্ট থেকে পুরোনো ভিডিওটি কাশ প্যাটেলের ফাঁস হওয়া ভিডিও দাবিতে প্রচার করা হয়। পরবর্তীতে তা ফেসবুকেও ছড়িয়ে পড়ে।

অর্থাৎ, এফবিআই পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক হওয়ার সাম্প্রতিক খবরকে কেন্দ্র করে ২০২১ সালের একটি সাধারণ নাচের পুরোনো ভিডিওকে কাশ প্যাটেলের ফাঁস হওয়া ভিডিও দাবি করে প্রচার করা হচ্ছে।