কুমিল্লায় দুই মুসলিমের মরদেহ উদ্ধারের ঘটনা ‘হিন্দু হত্যা’ বলে প্রচার
২০২৫ সালে ছড়ানো একটি পোস্ট আবারও শেয়ার করে দাবি করা হচ্ছে, মন্দিরে ভাঙচুর ও অবমাননার প্রতিবাদ করায় বাংলাদেশে দুই হিন্দু ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
৩০ আগস্ট safron_lotus নামের একটি ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি শেয়ার করা হয়। এর সঙ্গে দাবি করা হয়, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন নতুন কোনো ঘটনা নয়।
তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, নিহত দুই ব্যক্তি হিন্দু ছিলেন না। তারা দুজনই মুসলিম। মন্দির ভাঙচুরের প্রতিবাদ করার সঙ্গে তাদের মৃত্যুর কোনো সম্পর্ক থাকার প্রমাণও পাওয়া যায়নি।
যাচাইয়ে ‘Sayed Babul’ নামের একটি ফেসবুক প্রোফাইলে ২০২৪ সালের ৮ই ডিসেম্বর প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়।
পোস্টটির ক্যাপশনে লেখা হয়, “কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় নির্জন বিল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন জাফরগঞ্জের মনিরুল ইসলাম ও খাগড়াছড়ির রামগড় এলাকার মোহন মিয়া।”
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করে প্রথম আলো, যুগান্তর ও এনটিভি-র ওয়েবসাইটে ২০২৪ সালের ৮ই ডিসেম্বর প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদনগুলো থেকে জানা যায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকার একটি বিল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা ছিলেন দেবিদ্বারের জাফরগঞ্জ এলাকার মনিরুল ইসলাম এবং খাগড়াছড়ির রামগড় এলাকার মোহন মিয়া। তারা ইন্টারনেট সংযোগের বিল সংগ্রহসহ সংশ্লিষ্ট কাজে যুক্ত ছিলেন।
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, দুই যুবকের মরদেহে উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে মরদেহের পাশে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া যায়।
পুলিশ সে সময় জানিয়েছিল, দুই যুবক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে—প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।