সিলেটে বিএনপি নেতার হামলার দাবিতে ভিন্ন ঘটনার ছবি প্রচার

Sayed Hasan Al Manzur
লেখক
সৈয়দ হাসান আল মানজুর
৯ মার্চ, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, গত ৮ মার্চ সিলেটের টিলাগড় এলাকায় চাঁদা না দেওয়ায় বিএনপির নেতাকর্মীরা একজন সিএনজি চালককে কুপিয়ে রক্তাক্ত করেছে। প্রচারিত ছবিতে একজন সিএনজি চালককে রক্তাক্ত অবস্থায় সিএনজিতে বসে থাকতে দেখা যায়। এছাড়াও বিএনপি দুঃশাসন বোঝাতেও ছবিটি শেয়ার করা হচ্ছে।

দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে

দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি ভিন্ন ঘটনার এবং পুরোনো।

ছবিটি রিভার্স ইমেজ সার্চে Tultikor নামের একটি পেজে ২০২৫ সালের ২৫ আগস্ট একই ছবিটি প্রচারিত হতে দেখা যায়। পোস্টটির শিরোনামে উল্লেখ করা হয়, গত বছরের ২৪ আগস্ট সিলেটের কুশিঘাট পানি ট্যাংক এলাকায় ওই সিএনজি চালকের ওপর হামলা হয়। আহত সিএনজি চালকের নাম শওকত আহমেদ।

শওকত আহমেদের ওপর হামলাকারীদের মধ্যে নাহিদ নামের এক ব্যক্তি উল্লেখযোগ্য বলে পোস্টটিতে দাবি করা হয়। পোস্টটিতে আহতের বরাতে বলা হয়, হামলার কয়েকদিন আগে তার সিএনজির ব্যাটারি চুরির অভিযোগে শরীফ নামের একজন ধরা পড়েন। আটক ওই ব্যক্তি তার সঙ্গী হিসেবে হামলাকারী নাহিদের নাম উল্লেখ করেন। সে সময় টুলটিকর পঞ্চায়েত কমিটি ও সন্ধি সমাজ কল্যাণ সমিতি নামের একটি এনজিওর সদস্যদের মাধ্যমে সালিসে বিষয়টি মীমাংসা হয়।

সে ঘটনার প্রতিশোধ নিতে নাহিদ, তার স্ত্রীসহ বেশ কয়েকজন মিলে শওকতের ওপর হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন—এমন তথ্য পোস্টটি থেকে জানা যায়।

এছাড়াও, কী-ওয়ার্ড সার্চে ‘সন্ধি সমাজ কল্যাণ সমিতি’র ফেসবুক পেজে দাবি করা হয়, “আহত শওকত চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সেদিন বাদ এশা একটি সভার আহ্বানও করতে দেখা যায় পোস্টটিতে।”

এই ঘটনায় সিলেটের স্থানীয় গণমাধ্যম Sylhet Plus-এর ফেসবুক পেজে একই বছরের ২৪ আগস্ট প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকেও একই তথ্য পাওয়া যায়। প্রতিবেদনগুলোর কোথাও বিএনপির চাঁদাবাজি বা বিএনপি নেতার সংশ্লিষ্টতার অভিযোগ করা হয়নি।

অর্থাৎ, আলোচিত ছবিটির সঙ্গে বিএনপি কিংবা চাঁদাবাজির কোনো ঘটনার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।