বাংলাদেশে মাদ্রাসায় সশস্ত্র প্রশিক্ষণ বলে ছড়াচ্ছে আফগানিস্তানের ভিডিও

Tawhidul Haque Siam
লেখক
তৌহিদুল হক সিয়াম
১৬ জুন, ২০২৬

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজে একটি ভিডিও  শেয়ার করে দাবি করা হয়েছে, বাংলাদেশের কোনো এক মাদ্রাসায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শিশুদের জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছেন।  ভিডিওটিতে দেখা যায়, কালো কাপড়ে মুখ ঢাকা এক ব্যক্তি পাঞ্জাবি ও টুপি পরা কিছু শিশুকে অস্ত্র চালানো শেখাচ্ছেন। 

 দেখুন এখানে ,এবং এখানে

তবে দ্য ডিসেন্ট-এর যাচাইয়ে দেখা গেছে এই দাবিটি সত্য নয়। ভিডিওটি বাংলাদেশের নয়, বরং এটি আফগানিস্তানের। প্রকৃতপক্ষে, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন 'ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট' (আইএসআইএল) কর্তৃক আফগান শিশুদের অস্ত্র প্রশিক্ষণের একটি পুরনো দৃশ্যকে বাংলাদেশের দাবি করে প্রচার করা হচ্ছে। 

ভিডিওটির রিভার্স ইমেজ সার্চ ও সংশ্লিষ্ট কী-ওয়ার্ড অনুসন্ধান করে দেখা যায়, মূল ভিডিওটি কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ২ - নভেম্বরে  ISIL and the Taliban | Featured Documentary শিরোনামে  একটি ডকুমেন্টারি হিসেবে প্রকাশ করা হয়েছিল।

ডকুমেন্টারিটির ৪৬ মিনিট ২৮ সেকেন্ড সময়ে একটি শিশুকে সশস্ত্র প্রশিক্ষণ নিতে দেখা যায়, দৃশ্যটির সাথে বাংলাদেশে শিশুদের জঙ্গি প্রশিক্ষণ দাবি করা ভিডিওর হুবহু মিল রয়েছে।

উভয় ভিডিওতেই একইভাবে একজন শিশুকে মুখে কালো কাপড় জড়ানো ব্যক্তি পিস্তল চালানোর প্রশিক্ষণ দিচ্ছেন। এছাড়াও, দুটি ভিডিওর পোশাক, অঙ্গভঙ্গি, পিছনের দেয়াল ও পরিবেশের মিল রয়েছে। মূল ডকুমেন্টারির এই অংশটুকু ডিজিটাল প্রযুক্তির সাহায্যে কেটে ভিন্ন দাবিতে প্রচার করা হয়েছে। 

পুরো ডকুমেন্টারিটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে বাংলাদেশের মাদ্রাসার শিশুদের সম্পর্কিত কোনো তথ্য নেই। ডকুমেন্টারিতে জামায়াতে ইসলামী কিংবা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিষয়ে কোনো তথ্য উল্লেখ নেই।