চুরির অভিযোগে মুসলিম তরুণদের মারধরের ভিডিওকে হিন্দু নির্যাতন দাবিতে প্রচার

The Dissent Desk
লেখক
দ্য ডিসেন্ট ডেস্ক
৭ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন চলছে দাবিতে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক তরুণকে হাত-পা বেঁধে উপুড় করে মাটিতে ফেলে রাখা হয়েছে। যাকে একজন দাড়ি-টুপিওয়ালা ব্যক্তি একটি লাঠি দিয়ে পায়ে আঘাত করছেন। এতে আরেকজন ব্যক্তিকে সহযোগিতা করতেও দেখা যায়। ভিডিওটিতে অপর আরেক তরুণকে পাশের একটি খুঁটিতে বেঁধে রাখতে দেখা যায়। এছাড়াও ঘটনাটি ঘিরে কৌতূহলী জনতাকে দাঁড়িয়ে থাকতেও দেখা যায় ভিডিওটিতে।

দেখুন এখানে, এখানে, এবং এখানে

যাচাই করে জানা যায়, আলোচিত বাংলাদেশে মুসলিমদের দ্বারা হিন্দু ধর্মাবলম্বী তরুণদের মুসলিম ধর্মাবলম্বী কর্তৃক নির্যাতনের শিকার হওয়ার ঘটনার নয়।

প্রকৃতপক্ষে, বরিশালের বাবুগঞ্জে একটি ওয়ার্কশপ থেকে লোহার পাত চুরির অভিযোগে দুই তরুণকে মারধরের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এছাড়াও মারধরের শিকার দুই তরুণ হিন্দু ধমাবলম্বী নয়, তারা মুসলিম।

ভিডিওটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনলাইনভিত্তিক গণমাধ্যম Dhaka Mail-এর ওয়েবসাইটে গত বছরের ১৬ মার্চ ‘চুরির অভিযোগে দুই যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, দোকান মালিক আটক’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের ফিচার ইমেজে ব্যবহৃত ছবির সাথে আলোচিত দাবির দৃশ্য হুবহু মিলে যায়।

দেখুন এখানে

প্রতিবেদনটি থেকে জানা যায়, নির্যাতনের ঘটনাটি গত বছরের ১৬ মার্চ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজ এলাকায় ঘটে। দোকান থেকে লোহার পাত চুরির অভিযোগে মিঠুন (২০) ও লিংকন (২৩) নামের ওই দুই তরুণকে মারধর করা হয়।

উক্ত ঘটনায় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।

দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, চুরির অভিযোগে বরিশালে দুই মুসলিম তরুণকে মারধরের ভিডিওকে বাংলাদেশে হিন্দু তরুণদের মারধরের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।