ভারতে মহিলা মাদ্রাসায় হিন্দুদের হামলা বলে ছড়ানো ভিডিওটি ইয়েমেনের
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, ভারতে উগ্র হিন্দুত্ববাদীরা মহিলা মাদ্রাসার ভিতরে প্রবেশ করে হামলা চালিয়েছে।
“তোফা ভাই” নামে ফেসবুক পেজ থেকে ১৪ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওর ধারাবিবরণী একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, “ভারতের একটি মহিলা মাদ্রাসার ভেতর প্রবেশ করে হামলা চালিয়েছে হিন্দু উগ্রবাদীরা। চুপ থাকলে চলবে না ভাই। সারা বিশ্বের মুসলমান এক হয়ে প্রতিবাদ করতে হবে। রুখে দাঁড়াতে হবে।”
প্রচারিত ভিডিওতে দেখা যায়, একটি মাঠে বোরকা এবং হিজাব পরিহিত বেশ কয়েকজন নারী ছুটে বেড়াচ্ছেন।
দ্য ডিসেন্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি ভারতে হিন্দুদের দ্বারা মহিলা মাদ্রাসায় হামলার ভিডিও নয়, বরং এটি ২০২৪ সালে ইয়েমেনের রাজধানী সানায় একটি বিদ্যালয়ে হুথি বিদ্রোহীদের হামলার ভিডিও।
রিভার্স ইমেজ সার্চে “Yemeni Radar #YemenCantWait” নামক এক্স অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যাচ্ছে। “Houthi militias storm girls’ school in Hamdan, north of Sana’a Yemen” ক্যাপশনে ভিডিওটি ২০২৪ সালের ১২ অক্টোবর পোস্ট করা হয়েছিলো।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে “ইয়েমেন শাবাব” নামক ইয়েমেনি একটি সংবাদ সংস্থার প্রতিবেদনে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ১৩ সেপ্টেম্বর, ২০২৪ এ প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ সেপ্টেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে এই অজুহাতে ইয়েমেনের হুথিরা সানার উত্তরের হামেদান জেলার একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায়।
ইয়েমেনের আরেকটি সংবাদ সংস্থা “Yemen Now News”-এর ১৪ সেপ্টেম্বর, ২০২৪ এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, স্কুল কর্তৃপক্ষ স্কুলের দেয়ালে স্লোগান এবং সবুজ পতাকা উত্তোলন করতে অস্বীকার করায়, এবং শিক্ষার্থীরা নবীর জন্মদিন উদযাপন করতে অস্বীকার করায় হুথিরা বিদ্যালয়টিতে হামলা চালায়।
এসব তথ্য থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, প্রচারিত ভিডিওটি ইয়েমেনে একটি স্কুলে হামলার দৃশ্য এবং এর সাথে ভারত, বা ভারতে সাম্প্রদায়িক হামলার কোনো সম্পর্ক নেই।