ভুয়া একাউন্টের সূত্রে ‘নেইমারের কাছে নরওয়ের গোলকিপারকে ক্ষমা চাওয়ালো’ দেশি মিডিয়া

Azaharul Islam
লেখক
আজহারুল ইসলাম
১৬ জুলাই, ২০২৬

গত ৬ জুলাই বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে নরওয়ে। ম্যাচের শেষদিকে নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ডের সঙ্গে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের বাকবিতণ্ডা হয়।

এরপর সামাজিক মাধ্যমে নিল্যান্ডের নামে নেইমারের কাছে ক্ষমা চাওয়ার একটি উদ্ধৃতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। 

নিল্যান্ডের নামে পরিচালিত একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্টের ক্যাপশনে লেখা হয়, “আমি কখনোই সেই ম্যাচটি ভুলব না। ব্রাজিল ছিল আমাদের বিপক্ষে খেলা অন্যতম সেরা দল। নেইমার এখনও আমার কাছে একজন কিংবদন্তি, আর আমি আশা করি তিনি আমাকে ক্ষমা করবেন।”

উদ্ধৃতিটি বিভিন্ন ফুটবলভিত্তিক ফেসবুক পেইজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, বাংলাদেশের অন্তত ১১টি সংবাদমাধ্যমও এই পোস্টের ভিত্তিতে বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ করে।

দ্য ডিসেন্ট যেসব সংবাদমাধ্যমে খবরটি পেয়েছে, সেগুলো হলো— চ্যানেল২৪, মাছরাঙা, কালবেলা, যুগান্তর, বাংলাদেশ টাইমস, ডিবিসি টেলিভিশন, বাংলা নিউজ২৪, দেশ টিভি, রূপালি বাংলাদেশ, এনপিবি নিউজ, আমার সংবাদ

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, আলোচিত দাবিটি সঠিক নয়। নেইমারের কাছে ক্ষমা চাওয়ার পোস্টটি নিল্যান্ডের নামে পরিচালিত একটি ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছিল। নিল্যান্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ ধরনের কোনো পোস্ট পাওয়া যায়নি। বরং নিল্যান্ড নিজেই ভুয়া অ্যাকাউন্টটিতে রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন।

এছাড়া আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমেও নেইমারের কাছে নিল্যান্ডের ক্ষমা চাওয়ার কোনো বক্তব্য বা সাক্ষাৎকারের তথ্য পাওয়া যায়নি।

দাবিটির সত্যতা যাচাই করতে দ্য ডিসেন্ট প্রথমে ভাইরাল হওয়া ‘nylandofficial’ নামের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুঁজে দেখার চেষ্টা করে। যদিও বর্তমানে নিল্যান্ডের নামে একাধিক একাউন্টের খোঁজ পাওয়া গেলেও আলোচিত অ্যাকাউন্টটি আর খুঁজে পাওয়া যায়নি। 

তবে সেখান থেকে প্রকাশিত পোস্টের একাধিক স্ক্রিনশট পাওয়া গেছে। স্ক্রিনশটগুলোর তথ্য ও ছবি সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত দাবির সঙ্গে হুবহু মিলে যায়।

এদিকে মঙ্গলবার (১৪ জুলাই) ব্রাজিলভিত্তিক সংবাদমাধ্যম Globo Lance, এবং ইউক্রেনভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম Tribuna এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘‘নেইমারের কাছে ক্ষমা চাওয়ার ভুয়া পোস্ট নিজের নামে ছড়িয়ে পড়ায় সতর্ক করলেন নরওয়ের গোলরক্ষক।’’

প্রতিবেদনগুলোতে বলা হয়, বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড নিজের নামে ছড়িয়ে পড়া একটি ভুয়া পোস্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রাউন্ড অব ১৬-এ নেইমারের পেনাল্টি নেওয়ার আগে তার সঙ্গে নিল্যান্ডের বাকবিতণ্ডার একটি ছবি ব্যবহার করে ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, যা দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

পরে বিষয়টি নজরে এলে নিল্যান্ড নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেন, “এটি আমার প্রোফাইল নয়। অনুগ্রহ করে এটি রিপোর্ট করুন। আমার একমাত্র অফিসিয়াল অ্যাকাউন্ট হলো @orjanhnylan1।”

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়, ভুয়া প্রোফাইলটিতে পোস্টটি ছড়িয়ে পড়ার সময় পর্যন্ত মাত্র ২৫টি পোস্ট ছিল, যার মধ্যে ১৯টিই প্রকাশ করা হয়েছিল সোমবার (১৩ জুলাই)। অ্যাকাউন্টটি চলতি মাসেই ভেরিফায়েড হয়েছিল এবং এর মধ্যেই ১১ বার ব্যবহারকারীর নাম (ইউজারনেম) পরিবর্তন করা হয়।

অন্যদিকে নিল্যান্ডের প্রকৃত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রয়েছে ৬৬৮টি পোস্ট এবং প্রায় ৪ লাখ ৯৭ হাজার অনুসারী। তার অনুসারীদের মধ্যে নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ড ও স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসও রয়েছেন। নিল্যান্ডের অফিসিয়াল অ্যাকাউন্টটি ২০১৫ সাল থেকেই ভেরিফায়েড।