ভারতের পুরোনো ভিডিওকে বর্তমান প্রেক্ষাপটে ছড়াচ্ছে ইনকিলাব

The Dissent Desk
লেখক
দ্য ডিসেন্ট ডেস্ক
৯ মে, ২০২৬

গত ৫ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ের পর রাজ্যের কিছু স্থানে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি এবং নির্বাচনী প্রচারণায় ‘বাংলাদেশ ভীতি’ ছড়ানোর ফলে প্রতিবেশী দেশসমূহ, বিশেষ করে বাংলাদেশে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে।

এরই মধ্যে বাংলাদেশের সংবাদমাধ্যম দৈনিক ইনকিলাব ভারতে মসজিদে হামলার দুটি পুরনো ভিডিও বর্তমান প্রেক্ষপটে প্রচার করেছে। এতে ফেসবুক ব্যবহারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

৮ মে ইনকিলাবের ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়েছে, “মেঘালয়ে জামা মসজিদে হা'ম''লা-ভা'ঙ'চুর, মুসল্লিদের মা'র'ধ''রে'র অ'ভি'যো'গ।”

পোস্টটির সাথে ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে বলা হয়েছে #আজকের খবর। ভিডিওতে কিছু ব্যক্তিকে একটি মসজিদে হামলা চালাতে দেখা যায়।

দেখুন এখানে

ইনকিলাবের পোস্টে অনেকে ঘটনাটিকে পশ্চিমবঙ্গের নির্বাচনের সাথে সম্পর্কিত করে বিভ্রান্ত হয়েছেন।

আল আমিন নামে একজন মন্তব্য করেছেন, “বিজেপি নির্বাচনে জিতে ভারতে মুসলিম গণহত্যা শুরু করেছে। আমাদের এখনি প্রস্তুত হতে হবে।” 

তবে দ্য ডিসেন্টের যাচাই করে দেখেছে ভিডিওটি সাম্প্রতিক নয়।

ভিডিওটির কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান গেজেটে একটি প্রতিবেদন পাওয়া যায়। গত ১২ মার্চ প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, ভারতের মেঘালয়ে স্থানীয় পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। ওই সময় কিছু বিশৃঙ্খল জনতা প্রদেশটির তুরা শহরের জামা মসজিদে ভাঙচুর চালায় এবং মসজিদের ইমামকে মারধর করে।

ভারতীয় স্থানীয় আরেকটি সংবাদমাধ্যম দ্য অবজারভার পোস্টের ফেসবুক পেজেও একইদিনে এই ভিডিওটি পাওয়া যায়। 

অর্থাৎ, ভিডিওটি পশ্চিম বঙ্গের নির্বাচনের অন্তত দুই মাস আগের ঘটনার।

আজ (৯ মে) ইনকিলাবের ফেসবুক পেইজে আরেকটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, “মসজিদে ট্রাম্পেট বাজিয়ে নামাজে ব্যা'ঘা'ত ঘটাচ্ছে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীরা”। এই ভিডিওর ক্যাপশনেও এটা উল্লেখ করা হয়নি যে, ঘটনাটি কয়েক মাস আগের।

দেখুন এখানে

ভিডিওটি ৪ ঘণ্টায় ১.৮ মিলিয়ন ভিউ হয়েছে এবং প্রায় ৯ হাজার মানুষ ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করে অনেকেই বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের  বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করেছেন। 

তবে দ্য ডিসেন্টের যাচাই এ দেখা যায়, ভিডিওটি সাম্প্রতিক বা নির্বাচনে বিজেপির জয়ের পরে নয়।

রিভার্স ইমেজ সার্চ এ  ভিডিওটি অন্তত ১০ মাস আগে থেকেই অনলাইনে খুঁজে পাওয়া যায়।

২০২৫ সালের ২২ আগস্ট পাকিস্তান থেকে পরিচালিত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট zarooripk থেকে হুবহু একই ভিডিও পোস্ট করা হয়। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, “A recent viral video shows men allegedly linked to RSS and BJP playing drums inside a mosque during Muslim prayers, sparking outrage online. While the exact location and date remain unverified, the incident highlights growing religious tensions. Authorities are being urged to take action and protect religious freedoms.”

দেখুন এখানে:

দ্য ডিসেন্ট স্বাধীনভাবে ভিডিওটির স্থান ও সময় যাচাই করতে পারেনি। তবে তা অন্তত ১০ মাস আগে থেকে অনলাইনে আছে।