‘শিশুর সঙ্গে গরিলার দড়ি টানাটানি’ : এআই ভিডিও ছড়ালো যুগান্তর, এশিয়া পোস্টসহ একাধিক সংবাদমাধ্যম

Azaharul Islam
লেখক
আজহারুল ইসলাম
১৩ আগস্ট, ২০২৬

‘‘শিশুর সঙ্গে গরিলার দড়ি টানাটানি’’ বলে এআই নির্মিত ভিডিও ছড়িয়েছে যুগান্তর, এশিয়া পোস্ট, গণকণ্ঠ, আওয়ার বাংলাদেশ টাইমসসহ বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম। 

একই দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

১৪ সেকেন্ডের ভিডিওটিতে একটি মেয়ে শিশুকে কাঁচের অপর পাশে থাকা একটি গরিলা ও তার শাবকের সঙ্গে দড়ি ধরে টানাটানি করতে দেখা যায়।

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি এআই নির্মিত। একাধিক এআই শনাক্তকারী টুলসে যাচাই করে ভিডিও এআই নির্মিত বা সম্পাদিত বলে ফলাফল এসেছে। এছাড়া প্রচারিত ভিডিওতে একাধিক অসঙ্গতি রয়েছে।

ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘Yueera’ নামে একটি ফেসবুক পেইজে গত ৮ আগস্টে পোস্ট করা ভিডিওটি খুঁজে পাওয়া গেছে। পোস্টটির ‘এআই লেবেল’ অংশে ভিডিওটিকে এআই বলে চিহ্নিত করেছে। ফেসবুক পেইজটিতে গরিলা ও শিশুকে নিয়ে এ ধরনের একাধিক ভিডিও নিয়মিত প্রকাশ করা হয়। যার প্রতিটি ভিডিওর পোস্টে এআই লেবেল যুক্ত রয়েছে।

ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে, বড় গরিলাটি যখন দড়িতে টান দেয়, তখন দড়িটি কাঁচের রিং বা ছিদ্রের মধ্য দিয়ে কোনো ঘর্ষণ বা বাধা ছাড়াই অত্যন্ত দ্রুত ও কৃত্রিমভাবে ভেতরে চলে যায়। তাছাড়াও গরিলা শাবকটি যখন দড়ি নিয়ে লাফালাফি করছিল তখন দড়িটি বিচ্ছিন্ন হয়ে যায়।

এআই কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশন দিয়ে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা ৯৯.৮%। 

এছাড়া গুগলের এআই শনাক্তকারী টুল সিন্থআইডি দিয়ে পরীক্ষা করে এআই তৈরি বা সম্পাদিত বলে ফলাফল এসেছে। 

ফলাফলে বলা হয়েছে, ‘‘ডিজিটাল ওয়াটারমার্ক বিশ্লেষণের ভিত্তিতে দেখা গেছে, ভিডিওটির ভিজ্যুয়াল অংশ গুগলের এআই টুল ব্যবহার করে তৈরি বা সম্পাদনা করা হয়েছে। ভিডিওটির পুরো ভিজ্যুয়াল অংশজুড়ে SynthID ডিজিটাল ওয়াটারমার্ক শনাক্ত হয়েছে। তবে, ভিডিওটির অডিও অংশে কোনো এআই ওয়াটারমার্ক শনাক্ত করা যায়নি।’’