Fugitive AL leader speaks at Sylhet border-area resort rented for an ‘educational tour’
সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রনজিত সরকার গত ৯ নভেম্বর বিকেল সাড়ে ৪ টায় তার ফেসবুক একাউন্টে একটি ভিডিও পোস্ট করেন; যেখানে তাকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর দেশব্যাপী বেশ আলোচিত হয়।
দ্য ডিসেন্ট খোঁজ নিয়ে জানতে পেরেছে উক্ত সভাটি অনুষ্ঠিত হয় সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে । সেই অনুষ্ঠানস্থলটি ভাড়া করা হয়েছিল শিক্ষা সফরের নামে। ভাড়া করেছিলেন সিলেট জজ কোর্টের আইনজীবী এডভোকেট মো রোকন মিয়া। তিনি উক্ত আয়োজনের জন্য রিসোর্ট কর্তৃপক্ষের কাছে এডভান্স ১০ হাজার টাকাও পাঠিয়েছিলেন তার বিকাশ একাউন্ট থেকে।

সিলেট জজ কোর্টের আইনইজীবী রুকন মিয়া
দ্য ডিসেন্ট রিসোর্টটির স্বত্ত্বাধিকারী শাহ্ আলম সোহেল এবং ম্যানেজার পারভেজ মোশাররফের সাথে কথা বলেছে।
রিসোর্টটির স্বত্ত্বাধিকারী শাহ্ আলম সোহেল জানান, এখানে যে রনজিত বক্তব্য দেবেন তা তারা জানতেন না। জানলে এমনটি করার সুযোগ ছিল না।
সোহেল স্কয়ার ইকো রিসোর্ট ম্যানেজার পারভেজ মোশাররফ দ্য ডিসেন্টকে বলেন, “গত বুধবার এডভোকেট রোকন নামের এক ব্যক্তি আমাদের রিসোর্টে আসেন। সেদিন তিনি রাতের বেলা রিসোর্ট এলাকা ঘুরে দেখেন। এরপর গত শুক্রবারে তিনি আমাকে ফোন করে রিসোর্টটি রিজার্ভ করার জন্য কিছু ১০ হাজার টাকা পাঠান। তিনি জানান যে উনার ভার্সিটির কিছু শিক্ষার্থীকে নিয়ে তারা একটি শিক্ষা সফর করবেন এবং সেখানে রাতের বেলা খাওয়া-দাওয়া ও আনন্দ করবেন। তিনি জানান, মোট ১৭৫ জনের একটি প্রোগ্রাম হবে, যার মূল খাবার থাকবে বিরিয়ানি। পাশাপাশি উনারা ফুটবল খেলবেন এবং রিসোর্টের ভেতরের ইনডোরে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমাদের একটি নরমাল প্যান্ডেল বানিয়ে দিতে বলেন, যেমনটা খেলার মাঠে থাকে। তাই আমরা প্যান্ডেলের ব্যবস্থা করি।”
ঘটনার দিনের বর্ণনা দিয়ে ম্যানেজার বলেন, “ভিডিওটি গত ৮ তারিখের। সেদিন বেলা ৩টার দিকে উনারা দুটি বাসে করে আমাদের রিসোর্টে পৌঁছান। বাস দুটো সাদা পাথর (পর্যটন স্পষ্ট) থেকে ছেড়ে এসেছিল। উনারা আসার পর আমি নিজে তাদের রিসোর্টে রিসিভ করি। এরপর উনারা খেলাধুলা এবং বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত হয়ে পড়েন। রোকন সাহেব বিকেল সাড়ে চারটার দিকে রিসোর্টে আসেন। তবে তিনি ঠিক কী গাড়িতে এসেছিলেন, তা আমার খেয়াল নেই।”
“সন্ধ্যার দিকে খেলাধুলা ও অন্যান্য কার্যক্রম চলতে থাকে। এরপর সাড়ে সাতটা বা আটটার দিকে রোকন সাহেব আমাদের বলেন, ‘তোমাদের যে স্টাফ আছে, সবাই মিলে বিরিয়ানি টেবিলে দিয়ে দাও। আমাদের স্টাফ তখন মাত্র ছয়জন থাকায় আমরা সবাই মিলে খাবার টেবিলে সার্ভ করতে ব্যস্ত হয়ে পড়ি। ঠিক ওই সময়েই রিসোর্টের পেছনের দিকে পুরস্কার বিতরণী ও সেই ভাইরাল হওয়া ভিডিওর ঘটনাটি ঘটেছিল। আমরা ব্যস্ততার কারণে তখন পেছনে যেতে পারিনি এবং সেসময় কী হয়েছিল তা দেখতেও পাইনি,” বলেন মোশাররফ।
মোশাররফ জানান, ভিডিওটি আনুমানিক সন্ধ্যা ৮ টার দিকে করা হতে পারে। আগতরা প্রোগ্রাম শেষ করে রাত সাড়ে নয়টার দিকে স্বাভাবিকভাবে চলে যান।
তার দাবি, তখন রনজিতকে তারা দেখেননি। সেখানে কোন রাজনৈতিক বক্তব্য দেয়া হয়েছে বলেও বুঝতে পারেননি। ভিডিও ভাইরাল হলে তারা ঘটনাটি জানতে পারেন।
এদিকে রনজিতের ফেসবুক পেইজের ভিডিও দেখে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করে পুলিশ। আজ (মঙ্গলবার) সকাল সাতটায় সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা তাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতারগুলের রিসোর্টের তথ্য পায় পুলিশ।
এদিকে রনজিতের বক্তব্য দেওয়ার একাধিক ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, রনজিত একটি মাস্ক পরে সভাস্থলে যোগ দেন। তার আগমনের সময়ে বা আগে ওই স্টেজের পেছনে কোনো ব্যানার দেখা যায়নি। পরবর্তীতে কয়েকজন ব্যক্তি ব্যানার হাতে দাঁড়িয়ে যান।
ব্যানারে লেখা ছিল, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা। অতিথি অ্যাডভোকেট রনজিত সরকার।”
আয়োজক হিসেবে উল্লেখ ছিল “তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা-মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।”
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন মঙ্গলবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে জানান, তারা মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী ওখানে গিয়ে জানতে পারেন, শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী গেল ৮ নভেম্বর রাতারগুল সোহেল স্কয়ার-ইকো রিসোর্টটি ভাড়া নেন। ওখানে শিক্ষা সফরের ব্যানারও প্রথম লাগানো হয়। পরে হঠাৎ করে রনজিত সরকার উপস্থিত হন এবং ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান।
উল্লেখ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতা। তার বিরুদ্ধে বেশ ক’টি মামলা রয়েছে।