Edited Video Falsely Portrays Rashed Khan as Calling Tarique Rahman a ‘Fraud’

Suraiya Salsabil Mukta
By
Suraiya Salsabil Mukta
18 August 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে তার রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটিতে রাশেদ খাঁনকে বলতে শোনা যায়, “বাংলাদেশ এখন তারেক রহমানের জাদু। এই প্রতারক, ভণ্ড, এদের কাছে কি বাংলাদেশ নিরাপদ?”

দেখুন এখানে (আর্কাইভ)

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, রাশেদ খাঁনের দুটি ভিন্ন প্রেক্ষাপটের বক্তব্যের অংশ কেটে পাশাপাশি জুড়ে দিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে। দ্বিতীয় বক্তব্যটি তারেক রহমানকে উদ্দেশ্য করে দেওয়া হয়নি।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করে ‘Dhaka Demand’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২৮ জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির শিরোনাম, ‘বাংলাদেশে এখন তারেক রহমানের জাদু চলছে - রাশেদ খাঁন’।

সেখানে রাশেদ খাঁনকে বলতে শোনা যায়, “বাংলাদেশে এখন তারেক রহমানের জাদু। এই জাদুতে এদেশের মানুষ মুগ্ধ হয়েছে। তিনি ১৭ বছর নির্বাসিত জীবনে ছিলেন। সেখানে থাকা অবস্থায় বিএনপিকে সংগঠিত করেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।”

অর্থাৎ, এই বক্তব্যে রাশেদ খাঁন তারেক রহমানের সমালোচনা করেননি; বরং তার রাজনৈতিক ভূমিকা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন।

‘TinTontro (তিনতন্ত্র)’ নামের একটি ইউটিউব চ্যানেলে একই দিন, ২৮ জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত আরেকটি ভিডিও পাওয়া যায়। এর শিরোনাম, ‘বিরোধী দলের এমপি যেখানে সেখানে চুমু দেয়: রাশেদ খান’।

এই ভিডিওতে রাশেদ খাঁন বলেন, “এই প্রতারক, ভণ্ড, এদের কাছে কি বাংলাদেশ নিরাপদ? যেখানে-সেখানে চুমু দেয়। মানে এর থেকে লজ্জার কি হইতে পারে! বাংলাদেশের বিরোধী দলের এমপির এই অবস্থা! বেঞ্চে বসে, লিফটে বসে, লিফটে দাঁড়িয়ে যা ইচ্ছা তাই করতেছে। তাও অপ্রাপ্তবয়স্ক একজন মেয়ে, ১৬ বছরের নাবালিকা। এই প্রতারক, ভণ্ড, এদের কাছে কি বাংলাদেশ নিরাপদ? এরা নাকি বাংলাদেশে ক্ষমতায় যাবে! এরা নাকি রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে!”

অর্থাৎ, “এই প্রতারক, ভণ্ড, এদের কাছে কি বাংলাদেশ নিরাপদ?”—এই অংশটি তারেক রহমানকে নিয়ে দেওয়া আগের বক্তব্যের অংশ নয়। এটি ভিন্ন প্রসঙ্গে দেওয়া আরেকটি বক্তব্য থেকে নেওয়া হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে প্রথম বক্তব্য থেকে “বাংলাদেশে এখন তারেক রহমানের জাদু” অংশটি নেওয়া হয়েছে। এরপর ভিন্ন প্রসঙ্গে দেওয়া দ্বিতীয় বক্তব্য থেকে “এই প্রতারক, ভণ্ড, এদের কাছে কি বাংলাদেশ নিরাপদ?” অংশটি কেটে এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।

ফলে ভিডিওটি দেখলে মনে হতে পারে, রাশেদ খাঁন তারেক রহমানকে ‘প্রতারক’ ও ‘ভণ্ড’ বলেছেন।

কিন্তু মূল দুটি ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, বক্তব্য দুটি আলাদা প্রসঙ্গে দেওয়া এবং তারেক রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যে রাশেদ খাঁন এ ধরনের কোনো মন্তব্য করেননি।