Jamaat MP Masud shows video of another child, falsely claiming he is Osman Hadi’s Son

Azaharul Islam
By
Azaharul Islam
26 August 2026

গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) ডাকসু কর্তৃক প্রকাশিত শহিদ শরিফ ওসমান হাদির বক্তব্য সংকলন ‘বারুদমাখা কথামালা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

সে অনুষ্ঠানে অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদও।

ওসমান হাদীকে নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে তার মোবাইল থেকে হাদীর সন্তান দাবিতে এক শিশুর ভিডিও (আর্কাইভ) বের করে দেখান। 

ভিডিও দেখিয়ে তিনি বলেন, ‘‘তার (ওসমান হাদী) সন্তানটা কাঁধে আছে। এই অবস্থায় সে দুটো কথা বলেছিল। ভাই আমি মরে গেলে আমার বিচারটা কইরেন। কষ্ট হয় যে আমরা বিচারটা করতে পারি নাই....’’

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, শফিকুল ইসলাম মাসুদের দেখানো ভিডিওতে থাকা শিশুটি ওসমান হাদীর সন্তান নয়।  

সংশ্লিষ্ট কী-ওয়ার্ড সার্চ করে ২০২৫ সালের ২৮ ও ২৯ নভেম্বরের একাধিক পোস্টে আলোচিত শিশুটির সঙ্গে ওসমান হাদীর একই ফ্রেমের ছবি পাওয়া যায়।

মূলত, ২৮ নভেম্বর কনসার্টের আয়োজন করেন হাদী। সেই কনসার্টেরই দৃশ্য ছিল এটি। তবে এসব পোস্টে উক্ত শিশুর কোনো পরিচয় উল্লেখ পাওয়া যায়নি।

এর আগেও ২০২৫ সালের ডিসেম্বরে ভিডিওতে থাকা শিশুটিকে বিভিন্ন সংবাদমাধ্যমে হাদীর সন্তান বলে দাবি করা হয়। সেসময় একাধিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠান শিশুটি হাদীর ছেলে নয় বলে প্রমাণ করে।

এদিকে ইত্তেফাকের একটি প্রতিবেদনে শিশুটির পরিচয় সম্পর্কে বলা হয়েছে, ‘‘শিশুটি শহীদ হাদীর সন্তান নয়। শিশুটির নাম ওমায়েত। সে তার বাবা–মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করে। ওমায়েতের বাবা নিয়মিতভাবে শরিফ ওসমান হাদীর সঙ্গে দেখা করতে যেতেন। এমনই একদিন শিশুটিকে আদর করে কাঁধে বসিয়ে ছবি তোলেন হাদি।’’

জুলাই ঐক্যের সংগঠক ইস্রাফিল ফারাজির বরাতে ইত্তেফাক লিখেছে, ‘‘শিশুটি শহীদ হাদির সন্তান নয়। শিশুটি আজও (জানাজার দিন) তার বাবার সঙ্গে ওসমান হাদির জানাজায় অংশ নিয়েছে। আগেও সে তার বাবার সঙ্গে হাদি ভাইয়ের সঙ্গে দেখা করতে আসত। হাদি ভাইয়ের মৃত্যুর পর ছবিটি ভাইরাল হলেও শিশুটি তার সন্তান নয়।’’

তিনি আরও বলেন, ‘‘আমার কোলে থাকা ছোট্ট বিপ্লবী হাদি ভাইয়ের ছেলে নয়। সেদিন আদর করে হাদি ভাই ওকে কাঁধে নিয়েছিলেন। অনেকেই ভুল করে শিশুটিকে তার সন্তান ভেবেছেন। তবে আমরা বিশ্বাস করি, এই শিশুই ভবিষ্যতের হাদি হয়ে উঠবে। শিশুটির বাবা সবার কাছে দোয়া চেয়েছেন হাদি ভাইয়ের বিপ্লবী আদর্শে যেন তার সন্তান গড়ে ওঠে।’’