The photo of Rezaul Karim Rony’s nameplate was taken at the BTV
অনলাইন এক্টিভিস্ট ও লেখক রেজাউল করিম রনির নামে একটি নেইমপ্লেটেরে ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। কিছু ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, উক্ত নেইমপ্লেট বাংলাদেশ টেলিভিশনের একটি কক্ষের; যেখানে রেজাউল করিম রনি বসেন।
তবে রনি দ্য ডিসেন্ট-এর কাছে দাবি করেছেন, ছবিটি তার অফিসের, এবং একই সাথে বলেছেন, বিটিভিতে তার কোন অফিস নেই। তবে ছবিটি তার কোন অফিসে তোলা সেটা স্পষ্ট করে বলেননি তিনি।
যদিও দ্য ডিসেন্ট নিশ্চিত হয়েছে ভাইরাল হওয়া ছবিটি বিটিভি ভবনে তোলা এবং সেখানে রেজাউল করিম রনি বসেন।
ভাইরাল হওয়া ছবিটির সত্যতা অনুসন্ধান করতে গিয়ে দ্য ডিসেন্ট যিনি ছবিটি তুলেছেন তার সন্ধান পেয়েছে এবং তার মোবাইল দিয়ে তোলা মূল ছবিটির মেটাডাটা যাচাই করে নিশ্চিত হয়েছে যে, ছবিটি বিটিভি ভবনে তোলা হয়েছিল। ছবি যিনি তুলেছেন তিনি বিটিভিরই একজন কর্মকর্তা, যিনি নাম প্রকাশ না করার শর্তে মেটাডাটা যাচাইয়ে রাজি হয়েছেন।
বিটিভির মহাপরিচালক কাজী জেসিন বলেছেন, “বিটিভির কোন প্রোগ্রামের জন্য প্রয়োজন হলে আউটসোর্সিংয়ের মাধ্যমে বিভিন্নজনকে দিয়ে সব সময়েই কাজ করানো হয়ে থাকে। আমাদের একটা প্রোগ্রামের রিসার্চের জন্য তাকে (রেজাউল করিম রনি) রাখা হয়েছে ফ্রিল্যান্সার হিসেবে। সে এখানে আসে, একটা রুমে পাঁচজন বসে, সেই রুমে সেও (রেজাউল করিম রনি) বসে। এটা কোন চুক্তিভিত্তিক নিয়োগও না।”
এর বাইরেও বিটিভির অন্তত দুটি সূত্র দ্য ডিসেন্টকে নিশ্চিত করেছে, রেজাউল করিম রনির নেইমপ্লেটযুক্ত ছবিটি বিটিভি ভবনের।
একটি সূত্র জানিয়েছে, “রেজাউল করিম রনি বসেন বিটিভির হেড অফিসে। ১২ তলা ভবনটির ৫ম তলায়। একই ফ্লোরেই ডিজি কাজী জেসিনের রুম। এক মাসের মতো হলো বসছেন রনি। বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন কক্ষে যারা বসেন তাদের নাম এবং পদবী থাকে। এমনকি কে কোন গ্রেডের কর্মকর্তা সেটিও লেখা থাকে। কিন্তু রনির রুমের সামনের নেইমপ্লেটে সেটি নেই। শুধু নাম আছে,পদবী নেই।”
এই সূত্র বলেছে, “রনি যে রুমে বসেন সেটি ছিল বিটিভির ডিরেক্টর এডমিনের রুম। বর্তমানে বিটিভিতে ডিরেক্টর এডমিন পদে কেউ নেই। রনি যে ওই রুমে বসেন অফিসের সবাই সেটা জানে।”
তবে বিটিভিতে নিজের নামে কক্ষ থাকার বিষয়টি অস্বীকার করেছেন রনি।
দ্য ডিসেন্ট থেকে তাকে প্রশ্ন করা হয়, ভাইরাল ছবিটা বিটিভিতে তোলা কিনা?
তিনি উত্তরে বলেন, “কেন? বিটিভিতে হবে কেন? আমার নেমপ্লেট, আমার রুমের ছবি। বিটিভির হবে কেন?
প্রশ্ন করা হয়, তার নেইমপ্লেটযুক্ত রুমটি কোথায় অবস্থিত? ‘জবান’ নামক যেই পত্রিকাটি তিনি সম্পাদনা করেন সেটির অফিসে কিনা?
তিনি উত্তরে শুধু বলেছেন, “আমার অফিসে”।
আবার প্রশ্ন করা হয়, “তাহলে আপনি কি বিটিভিতে কোন অফিস করেন না?”
উত্তরে বলেন, “বিটিভিতে আমি তো জয়েন করি নাই। বিটিভিতে তো আমি চাকরি করি না, আমার রুম থাকবে কেন? আরে ভাই এটা কমনসেন্সের ব্যাপার না? যেখানে আমি জয়েন করি নাই, ইয়ে করি নাই, সেখানে আমার নামের রুম থাকবে কেন? আমি বিটিভিতে যাই, বসি, কাজ করি। আমি তো বিটিভিতে প্রোগ্রাম করি রেগুলার, হ্যাঁ বিটিভিতে আমি রেগুলার যাই। প্রত্যেক সপ্তাহে দুইবার, তিনবার যাই।”
আবার প্রশ্ন করা হয়, তার মানে বিটিভিতে আপনার নামে কোন কক্ষ নেই এবং আপনি সেখানে বসেনও না?
উত্তরে বলেন, “হুম।”