Video of Man Beaten Over Theft Allegation Falsely Linked to HSC Students’ Protest
৬ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দাবি করা হচ্ছে, ‘‘চলমান এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের সময় আন্দোলনকারীদের মারধরের শিকার হয়েছেন এক পথচারী।’’
ভিডিওতে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী রাস্তায় বসে থাকা এক বয়স্ক ব্যক্তিকে ঘিরে রয়েছেন। একপর্যায়ে একজন শিক্ষার্থী তাকে লাথি মারেন।
দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটির সঙ্গে চলমান এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলনের সম্পর্ক নেই। এটি মূলত ১৩ জুলাই বগুড়ায় ভ্যানিটিব্যাগ থেকে মোবাইল ফোন চুরির অভিযোগে আটক এক ব্যক্তিকে কেন্দ্র করে একটি ভিডিও।
প্রাসঙ্গিক সার্চ করে ‘বগুড়া সদর নিউজ’ নামের একটি ফেসবুক পেজে ১৩ জুলাই প্রকাশিত ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও খুঁজে পাওয়া গেছে। সেখানে ভিডিওটির শিরোনাম ছিল, ‘ভ্যানিটিব্যাগে হাত, মোবাইল উধাও—হাতেনাতে ধরা পড়েও অস্বীকার পকেটমারের!’। পেজটিতে নিয়মিত বগুড়ার সমসাময়িক বিভিন্ন ঘটনা ও স্থানীয় সংবাদ প্রকাশ করা হয়।
এদিকে, বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলন শুরু হয় ১৪ জুলাই। অর্থাৎ, আলোচিত ভিডিওটি আন্দোলন শুরুর এক দিন আগেই সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছিল। ফলে এটি এইচএসসি আন্দোলনের সময় পথচারীকে মারধরের ঘটনা বলে প্রচার করা সময়ের দিক থেকেও অসত্য ও বিভ্রান্তিকর।
এ বিষয়ে বগুড়া সদর নিউজ পেজের অ্যাডমিন আমিনুল ইসলাম দ্য ডিসেন্টকে জানান, আমরা এরকম একটা ভিডিও পোস্ট করেছি। প্রচারিত ঘটনাটি সত্য।
অর্থাৎ, আলোচিত ভিডিওটিকে ‘‘এইচএসসি আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে পথচারী মারধরের ঘটনা’’ বলে যে দাবি প্রচার করা হচ্ছে, তা বিভ্রান্তিকর। ভিডিওটি প্রকৃতপক্ষে বগুড়ায় চুরির অভিযোগে আটক এক ব্যক্তিকে ঘিরে সংঘটিত একটি ঘটনার। যার সঙ্গে এইচএসসি শিক্ষার্থীদের চলমান আন্দোলনের কোনো সম্পর্ক নেই।