Video of MP kicking BNP leader in Cumilla is authentic, not AI-generated

Suraiya Salsabil Mukta
By
Suraiya Salsabil Mukta
14 July 2026

গত ৪ এপ্রিল কুমিল্লা-৯ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আবুল কালাম এক বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নিয়ে লাকসাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন মিলনকে প্রকাশ্যে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

ভিডিওতে দেখা যায়, বৃক্ষরোপণের পর চারা গাছে পানি দেওয়ার পর ওই পানিতেই হাত ধুচ্ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন মিলন। এ সময় সংসদ সদস্য আবুল কালাম সবার সামনে তাকে লাথি মারেন।  

দেখুন এখানে 

ভিডিওটি ভাইরাল হওয়ার পর আবুল হোসেন মিলন সাংবাদিকদের সামনে দাবি করেন প্রকাশ্যে লাথি মারার ভিডিওটি এআই দ্বারা নির্মিত।

তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও আমার দৃষ্টিগোচর হয়েছে। এই ভিডিওর সাথে বাস্তবতার মিল নেই। আমি ধারণা করছি কে বা কারা মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম সাহেবের সাথে আমার যে রাজনৈতিক চমৎকার সুসম্পর্ক রয়েছে সেটা বিনষ্ট করার জন্য কে বা কারা এআই দিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে এ ভিডিওটা এডিট করে সম্প্রচার করেছে।” 

কিন্তু দ্য ডিসেন্ট ভিডিওটি যাচাই করে এআই দিয়ে তৈরি বা সম্পাদনার কোনো চিহ্ন পায়নি। এআই শনাক্তকারী টুল হাইভ মডারেশন, ডিফফেক ও মিটারসহ একাধিক মাধ্যমে পরিক্ষা করেও এআই সম্পাদনার কোনো চিহ্ন পাওয়া যায়নি। 

অধিকতর যাচাই এ দ্য ডিসেন্ট ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শী সাংবাদিক আমার দেশের কুমিল্লা প্রতিনিধি এম হাসানের সাথে যোগাযোগ করে। তিনি দ্য ডিসেন্টকে জানান, “ভিডিওটা এআই না। আমি নিজে দেখেছি। ভিডিওটা আসল।”

এছাড়াও, সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ এও এ বিষয়ে জাতীয় সংবাদমাধ্যমগুলোতে একাধিক প্রতিবেদন পাওয়া যায়। 

দৈনিক যুগান্তরে ১৪ জুলাই ২০২৬ এ “বিএনপি নেতাকে লাথি দিয়ে ভাইরাল এমপি” শিরোনামে একটি প্রতিবেদন থেকে জানা যায়, “সোমবার (১৩ জুলাই) রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর আগে গত ৪ এপ্রিল এমপি আবুল কালাম বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নিয়ে লাকসাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন মিলনকে প্রকাশ্যে লাথি মারেন।

লাকসাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন মিলন গণমাধ্যমকে এড়িয়ে চলেছেন। বিষয়টি নিয়ে তিনি কোনোভাবেই মন্তব্য করতে চাচ্ছেন না বলে জানিয়েছেন তার অনুসারীরা।”