Woman Adds Herself to Photos with the Prime Minister and Ruling-Party Figures Using AI
ফেসবুকে Farjana Rahman নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারদলীয় নেতাদের সঙ্গে তোলা বলে দাবি করা একাধিক ছবি প্রচার করা হচ্ছে। ছবিগুলো দেখে অনেক ব্যবহারকারী সেগুলো বাস্তব বলে বিশ্বাস করে বিভিন্ন মন্তব্যও করছেন।
তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, ছবিগুলো বাস্তব নয়। এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে।
গত ১৩ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে উক্ত নারী দাঁড়ানো অবস্থায় একটি ছবি পোস্ট করতে দেখা যায়। ছবিটি রিভার্স ইমেজ সার্চ দিলে ঠিক একই ভঙ্গিতে দাঁড়ানো এবং ব্যাকগ্রাউন্ড সম্বলিত তারেক রহমানের একটি ছবি খুঁজে পাওয়া যায়। এছাড়াও উক্ত আইডি থেকে পোস্ট করা ছবিটি হাইভ মডারেশনসহ একাধিক এআই ছবি সনাক্তকরণ টুলের সাহায্যে যাচাই করে দেখা গেছে, ছবিটি এআই দিয়ে তৈরি করা হয়েছে।

এছাড়াও আইডিটির কাভার ফটোতেও তারেক রহমানে সাথে আরেকটি ছবি দেখা যায়। এই ছবিটিও এআই জেনারেটেড বলে নিশ্চিত হওয়া গেছে।
গত ১৫ মার্চ আইডিটি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে একটি ছবি পোস্ট করে লেখা হয়, “শ্রদ্ধেয় নানা ভাই আমার। সালাহউদ্দিন আহমদ। মাননীয় মন্ত্রী । সস্বরাষ্ট্র মন্ত্রণালয় । নানা ভাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে উপহার গ্রহন করলাম।“
ছবিটি রিভার্স ইমেজ সার্চ দিয়ে দেখা গেছে, এটি মূলত স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাতের ছবিকে এআই দিয়ে উক্ত নারীর যুক্ত করে পোস্ট করা হয়েছে।

সর্বশেষ আজ ১৬ জুলাই আইডিটি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সাথে একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, “আব্দুল মোনায়েম মুন্না মামা। সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।”

ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, গত ২০ এপ্রিল বাংলা স্ট্রীমে প্রকাশিত আব্দুল মোনায়েম মুন্নার একটি ছবির সাথে এআই দিয়ে নিজের ছবি যুক্ত করে উক্ত ছবিটি তৈরি করা হয়েছে।
ছবিগুলোর বিষয়ে জানতে আইডিটিতে মেসেজ করা হলেও এই রিপোর্টটি লেখা পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। এছাড়াও আইডিটি রিয়েল নাকি ফেইক সেটাও যাচাই করা সম্ভব হয়নি।