X’s Auto-Translation Turns ‘Rahman’ into ‘Hasina’
গত ২৬ অক্টোবর জাপানি রাজনীতিবিদ ইয়াসুতোশি নিশিমুরা জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের দু’টি ছবি নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডলে পোস্ট করেন।
এক্স উক্ত পোস্টের জাপানি ভাষার ক্যাপশনের স্বয়ংক্রিয় ইংরেজি অনুবাদ করে, “I met with Bangladesh's Prime Minister Hasina” (আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে বৈঠক করেছি)।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্টটির স্ক্রিনশট শেয়ার করে দাবি করা হচ্ছে, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার নাম উল্লেখ করেছেন। এরকম দাবি সম্বলিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
কিন্তু যাচাই করে দেখা যায়, নিশিমুরা তার পোস্টের ক্যাপশনে মূলত ‘প্রধানমন্ত্রী রহমান’ লিখেছেন, ‘প্রধানমন্ত্রী হাসিনা’ নয়। এক্সের অটো ট্রান্সলেশনের ভুল অনুবাদে এমনটি ঘটেছে।
নিশিমুরার পোস্টটির মূল জাপানি লেখায় রয়েছে, “バングラデシュのラーマン首相と会談しました।” যার বাংলা অর্থ, “বাংলাদেশের প্রধানমন্ত্রী রহমানের সঙ্গে বৈঠক করেছি।” এখানে ‘ラーマン’ (Rahman) শব্দটি ব্যবহার করা হয়েছে, ‘হাসিনা’ নয়।
এছাড়াও নিশিমুরার ফেসবুক একাউন্ট থেকেও একই ক্যাপশন দিয়ে পোস্ট করা হয়েছে। পোস্ট দু’টি গুগল ট্রান্সলেট, চ্যাটজিপিটি এবং জেমিনি দিয়ে অনুবাদ করে দেখা গেছে, তিনি পোস্টে ‘রহমান’ বলেছেন, ‘হাসিনা’ নয়।
সম্পূর্ণ পোস্টটির বাংলা অনুবাদ, “বাংলাদেশের প্রধানমন্ত্রী রহমানের সাথে আমি সাক্ষাৎ করেছি। আমি দেশটির সঙ্গে গঠিত সংসদীয় মৈত্রী লীগের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছি, যার সভাপতিত্ব করেন জনাব আসো। বৈঠকে প্রধানমন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ নানা বিষয়ে জাপানের কাছে সহযোগিতা চেয়েছেন। ১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশ একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি। এটিই প্রথম কোনো উদীয়মান দেশ, যার সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (EPA) করতে সম্মত হয়েছে জাপান। আমরা আমাদের এই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে যাব।”
অর্থাৎ, এক্সের স্বয়ংক্রিয় ইংরেজি অনুবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ‘হাসিনা’র নাম উল্লেখ করা হলেও মূল জাপানি পোস্টে ‘রহমান’ লেখা রয়েছে।