Kolkata News Outlet Spreads False Report About Bangladesh’s Prime Minister

Mahbub A Rahman
By
Mahbub A Rahman
13 June 2026

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি হিন্দু মন্দির প্রাঙ্গণে বড় আকারের রামমূর্তি নির্মাণের উদ্যোগ ঘিরে বিতর্ক ওঠে। এরই মধ্যে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে মূর্তি নির্মাণ কাজ আপাতত স্থগিতের ঘোষণা দেয় মন্দির কমিটি।  

তবে ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা ২৪×৭ গত ১১ জুন এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে ভুয়া খবর ছড়িয়েছে। 

“গাইবান্ধায় সবচেয়ে বড় রামের মূর্তি তৈরী বন্ধের নির্দেশ তারেক রহমানের’’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘বাংলাদেশের গাইবান্ধায় বন্ধ হল দেশের সবচেয়ে বড় রামের মূর্তি তৈরী। (Ram statue)গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি বড় আকারের হিন্দু মন্দির প্রাঙ্গণে দেশের সবচেয়ে বড় রামমূর্তি নির্মাণের উদ্যোগ ঘিরে তীব্র বিতর্ক ও উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় ইসলাম পন্থী মহলের প্রতিবাদের মুখে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।’’

এছাড়া ভারত থেকে পরিচালিত একাধিক এক্স (সাবেক টুইটার) একাউন্ট থেকে দাবি করা হয় যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে উক্ত মূর্তি নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে। 

এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।  

তবে যাচাইয়ে দেখা যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গাইবান্ধায় রাম মূর্তি তৈরির কাজ বন্ধ করার ব্যাপারে কোনো নির্দেশনা দেননি। 

প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে প্রধানমন্ত্রী কর্তৃক এমন নির্দেশনার কোনো তথ্য বাংলাদেশি সংবাদমাধ্যমে পাওয়া যায়নি। 

এছাড়া মন্দির কমিটির পক্ষ থেকেও তারেক রহমানের নির্দেশে কাজ স্থগিতে কোনো তথ্য দেওয়া হয়নি। বরং ধর্মীয় সম্প্রীতি রক্ষার স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় মন্দির কর্তৃপক্ষ। ১১ জুন (বৃহস্পতিবার) মন্দির কমিটির সংবাদ সম্মেলনে মূর্তি নির্মাণ কাজ স্থগিতের ঘোষণা দেন মন্দির কমিটির উপদেষ্টা শ্যামল কুমার মহন্ত।

এ সময় তিনি বলেন, ‘‘কোন রাজনৈতিক, প্রশাসনিক বা কোনো উপরের মহলের চাপে নয় শুধুমাত্র সম্প্রীতি ও ভাই ভাই প্রমাণের জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”