‘নর্তকী’, ‘জান্নাতি হুর’: গজল গাওয়া হিজাবী কিশোরীকে নিয়ে বিদ্বেষমূলক ক্যাম্পেইন
রাজশাহীর এক তাফসিরুল কোরআন মাহফিলে মূল অনুষ্ঠানের আগের দিন ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ের গজল গাওয়াকে কেন্দ্র করে বিদ্বেষমূলক ভাষায় আক্রমণ করছেন বেশ কিছু ইসলামি বক্তা ও এক্টিভিস্ট। ওই মাহফিলের মূল আলোচক ছিলেন ইসলামী বক্তা ড. মাওলানা মিজানুর রহমান আজহারী।
আয়োজক সূত্রে জানা যায়, তাফসির মাহফিলের আয়োজন ছিল গতকাল (২৮ নভেম্বর)। এর আগেরদিন সন্ধ্যায় মাহফিলস্থলে সাউন্ড সিস্টেম ঠিক করাসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজের ফাঁকে কয়েকজন কিশোর-কিশোরী ইসলামি গান পরিবেশন করেন। এরই একজন ছিল এই মেয়ে।
সেই মেয়ের গাওয়া গান ফেসবুকে ভাইরাল হলে এক শ্রেণির ইসলামি বক্তা তুমুল সমালোচনা শুরু করেন। মেয়েটিকে কটাক্ষ করে চালানো হয় বিদ্বেষমূলক ক্যাম্পেইন।
মাও: আব্দুর রাজ্জাক নামের একটি একাউন্ট থেকে মেয়ের গান গাওয়ার ছবি পোস্ট করে লেখা হয়, “একজন নর্তকির যা থাকে সবই বিদ্যমান। এটা কিন্তু তাফসির মাহফিল।”
ইবনে জাবাল নামক একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে লেখা হয়েছে, “মেয়েটির বুকের শিংগা গজাইছে। সে তরুণী রিতিমত সে মর্ডাণ। মুখ খুলে তাফসির মাহফিলে এমন বিকৃত রুচির মেয়ের মাধ্যমে গান পরিবেশন করানো ভন্ড জামাতিদের মাধ্যমেই সম্ভব।”
মুহাম্মদ শহীদুল ইসলাম মোরশেদ নামক আইডি থেকে লেখা হয়েছে, “আন্তর্জাতিক তাফসিরুল কুরআন মাহফিলে জান্নাতি হুরের ইসলামি গান পরিবেশন”
মোহাম্মদ আজাদ শাহ নামক আইডি থেকে লেখা হয়, “#আফসোস আজ রাজশাহীতে বিশাল #তাফসিরুল কুরআন মাহফিলে এক বে*প*র্দা নারীকে সঙ্গীত পরিবেশন করতে দেখা গেছে। জানিনা আরো কত কিছু দেখতে হয়।”
শুধু ফেসবুকে নয়, মাহফিলেও এই মেয়ের ইসলামী গান গাওয়ার প্রতিবাদে সরব রয়েছেন কেউ কেউ।
ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী এক মাহফিলে গান গাওয়ার প্রতিবাদ জানিয়ে বলেন, “রাজশাহীর জামাতের এক নেতার মেয়ে গজল গাইবে এটার প্রতিবাদ করলেও এই সমস্ত বট আর এই সমস্ত এই মূর্খর দল বলবে হুজুর এখনই বয়ান শুরু করতে পারে নাই। বিতর্ক শুরু হয়ে গেছে। ভাই আপনি যদি হুজুরকে পছন্দ করেন, আপনিও বলতে হবে হুজুর আপনি এটার প্রতিবাদ করেন। কেন ইসলামিক মাহফিলের মঞ্চে মেয়েরা আইসা এরকম গজল গাইবে?”
তিনি আরও বলেন, “আরে ভাই এটা যদি আপনি বলতে না পারেন, কালকে এটা দলিল হবে। এই হুজুর মাদানী হুজুর কি বুঝে? কত বড় হুজুর তার স্টেজে আইসা মহিলা গজল গাইতে পারছে, আরেকদিন দেখা যাবে মহিলা এমপি আইসা আমাদের হুজুরদেরকে একজনরে জড়াইয়া ধরছে। কি করবেন, এমপি সাহেবা ধরছে কি করবেন? চিন্তা করতেছেন! মডারেট ইসলাম এক ভয়াবহ ফিতনা।”
ইসলামি আরেক বক্তা যোবায়ের আহমেদ তাশরিফও এক ফেসবুক লাইভের মাধ্যমে এর প্রতিবাদ জানান।
যা বলছে মাহফিল কর্তৃপক্ষ
মাহফিলটির আয়োজক ছিল ওলামা মাশায়েখ পরিষদ। এ বিষয়ে ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমিন দ্য ডিসেন্টকে বলেন, “ওই মেয়ে গান গেয়েছে আগের দিনে। আগের দিনে তো স্টেজ তৈরি হচ্ছে, জিনিসপত্র দেখছে এবং আগের দিনে দর্শক দেখার জন্য প্রায় মাঠ ভরে গেছিল। সেই জায়গায় ওরকম মাদ্রাসার আরও ছাত্রী ছিল, ছোট ছোট—মানে থ্রি, ফোর, ফাইভ, সিক্স এই লেভেলের। এরকম পাঁচজন গান গেয়েছে। মানে আমরাই গাওয়াইছি, সাউন্ড সিস্টেম চেক করার জন্য। এটা হলো মাহফিলের আগের দিনে আজহারী সাহেব তখন পৌঁছায়ও নি। আগের দিনে সন্ধ্যার দিকে; সম্ভবত মাগরিবের পর পরই, এশার আগে।”
তিনি আরও বলেন, “অনলাইনে এসব অপপ্রচার নিঃসন্দেহে নোংরামি এবং উদ্দেশ্যপ্রণোদিত। এমন প্রচারের নিন্দা জানাই। ও যে গান গেয়েছে, সেটা তো একটা ইসলামী সংস্কৃতি, অন্য অপসংস্কৃতির বিরুদ্ধে তারা যে সুন্দর তৈরি হচ্ছে, এটার জন্য তো বাহবা দেওয়া দরকার। এদেরকে সাপোর্ট করা দরকার।”