প্রবাসে ও দেশে সহিংসতায় যেভাবে নিয়মিত উস্কানি দিয়ে আসছেন সুশান্ত দাস

২৯ নভেম্বর, ২০২৬

যুক্তরাজ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ-সমর্থক অনলাইন অ্যাক্টিভিস্ট সুশান্ত দাস গুপ্ত। গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় লন্ডন মেট্রোপলিটন পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। লন্ডন পুলিশ জানিয়েছে, ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়। 

নাহিদ ইসলাম লন্ডনে যাওয়ার আগে থেকেই সুশান্ত দাস গুপ্ত অনলাইনে নাহিদ ইসলামকে বিভিন্ন হুমকি দিতে থাকেন। হামলার দিন এক ভিডিওতে নাহিদ ইসলামের ‘বেঁচে থাকার অধিকার নেই’ বলে উল্লেখ করেন। এর আগে ও পরে দেওয়া বিভিন্ন ফেসবুক পোস্ট এবং ভিডিওতেও বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ ও হামলার হুমকি দিয়েছেন তিনি। 

এর আগে সুশান্ত অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলায় জড়িত ছিলেন। একাধিক ভিডিওতে তাকে যুক্তরাজ্য পুলিশের সাথে ধাক্কাধাক্কি, এবং এক ব্যক্তিকে লাথি দিতে দেখা যায়।  এছাড়াও, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক আলোচনা বাধাগ্রস্ত করতে ‘মিশন বাদাম’ নামে কর্মসূচির উদ্যোগ নেন তিনি।

এ ছাড়া বিভিন্ন সময়ে তিনি অনলাইনে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন এবং বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ, হামলায় উষ্কানি দিয়েছেন। 

নাহিদ ইসলামের অনুষ্ঠানের পর ছয়জন গ্রেপ্তার

গত ১৬ নভেম্বর যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতা-কর্মীদের ওপর হামলা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা।

এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। তবে জিজ্ঞাসাবাদ শেষে ছয়জনকেই জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

লন্ডনভিত্তিক বাংলা সংবাদমাধ্যম রানার নিউজ পুলিশের বরাতে ছয়জনের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, গ্রেপ্তার হয়ে পরে জামিন পাওয়া একাধিক ব্যক্তির সঙ্গে তারা কথা বলেছে। তাদের কয়েকজন জানান, পুলিশ বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অন্যদের বাসায় না পেয়ে যোগাযোগ করা হয় এবং থানায় গিয়ে আত্মসমর্পণ করতে বলা হয়। পরে তারা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

এদিকে দ্য ডেইলি ওয়াদার পাঠানো এক ই-মেইলের জবাবে লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ব্যাপকভাবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনাসহ তদন্ত চালানো হয়েছে। এর ধারাবাহিকতায় ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বয়স যথাক্রমে ২৩, ২৪, ২৫, ৩১, ৩৮ ও ৪৯ বছর।

গ্রেপ্তার হওয়া ছয়জনের একজন আওয়ামী লীগ-সমর্থক অনলাইন অ্যাক্টিভিস্ট সুশান্ত দাস গুপ্ত। হামলার দিন, ১৬ নভেম্বর, ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তাকে বলতে শোনা যায়, ‘নাহিদ ইসলামের বেঁচে থাকার অধিকার নেই।’ পরে তিনি ওই হামলায় অংশ নেন।

যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সুশান্তের বর্তমান বয়স ৪৯ বছর। ১৯৭৭ সালের আগস্টে বাংলাদেশের হবিগঞ্জে তার জন্ম।

তবে গ্রেপ্তারের খবর অস্বীকার করেছেন সুশান্ত দাস গুপ্ত। শনিবার মধ্যরাতে দ্য ডিসেন্টকে তিনি বলেন, পুলিশ তাকে ফোন করে থানায় যেতে বলেছিল। শুক্রবার বেলা তিনটার দিকে তিনি পুলিশ স্টেশনে গিয়ে নিজের বক্তব্য দিয়ে আসেন।

সুশান্ত বলেন, ‘পুলিশ আমার কাছে ঘটনার বিবরণ জানতে চেয়েছিল। আমি আমার ভাষ্য বলেছি। এরপর রাত ১০টার দিকে আমাকে ছেড়ে দিলে আমি চলে আসি। অনলাইনে প্রচার করা হচ্ছে, আমাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমার ল্যাপটপ জব্দ করা হয়েছে। এটি সত্য নয়। আমাকে শুধু জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ তদন্ত করছে। সবার সঙ্গে কথা বলছে। সে জন্য আমাকেও ডাকছে। আমাকে গ্রেপ্তার করেনি, তবে এলাকা ত্যাগ না করতে বলেছে।’

‘এই লোকের বেঁচে থাকার কোনো কারণ নেই’

গত ১৬ নভেম্বর চ্যাডওয়েল হিথের মে ফেয়ার ভেন্যুর বাইরে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করা হয় ‘ভয়েস অব টাওয়ার হ্যামলেটস’ নামের একটি ফেসবুক পেজে।

ভিডিওতে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের ছয়জন নেতা-কর্মীকে নাহিদ ইসলামকে হুমকি দিতে এবং তাকে অনুষ্ঠানস্থল থেকে বের হতে না দেওয়ার কথা বলতে শোনা যায়।

ভিডিওতে আওয়ামী লীগ-সমর্থক অনলাইন অ্যাক্টিভিস্ট সুশান্ত দাস গুপ্তকে বলতে শোনা যায়, নাহিদ তাদের ভয়ে অনুষ্ঠানস্থল থেকে বের হচ্ছেন না।

তিনি বলেন, ‘এভাবে কুকুরের মতো জীবন বেঁচে থাকার কোনো প্রয়োজন তার নেই। এই লোকের এভাবে বেঁচে থাকার কোনো কারণ নেই।’

অনুষ্ঠানস্থলের ভেতরে থাকা ব্যক্তিদের বিক্ষোভকারীদের কাছে আত্মসমর্পণ করার দাবিও জানান তিনি।

এর আগে ১৪ নভেম্বর ফেসবুকে দেওয়া একটি পোস্টে সুশান্ত দাস গুপ্ত লিখেছিলেন, যুক্তরাজ্যে নাহিদ ইসলামকে ‘আপ্যায়িত’ করার দৃশ্য দেখার জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষা করছেন।

তিনি লেখেন, ‘আমি সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করব। আজ হোক বা কাল, কেউ না কেউ একটা সুযোগ পাবেন। আর একবার সেই সুযোগ পেলে খেলা শেষ।’

অন্য একটি ভিডিওতে সুশান্তকে বলতে শোনা যায়, ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ। যেখানেই জুলাই জঙ্গি, সেখানেই প্রতিশোধ। আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিশোধ।’

এ সময় নাহিদ ইসলামকে যারা ‘প্রতিরোধ’ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

ভিডিওতে আরেক বক্তাকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা বাবুল আহমেদ হিসেবে শনাক্ত করা হয়েছে। তাকে বলতে শোনা যায়, নাহিদের মুখোমুখি হওয়া এবং তাকে আটকানোর আগপর্যন্ত তারা অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থান করবেন।

বাবুল আহমেদ নাহিদকে ‘জুলাই সন্ত্রাসী’ বলে উল্লেখ করেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বোঝাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের একটি অংশ এ ধরনের অবমাননাকর শব্দ ব্যবহার করে থাকে।

ভিডিওতে বাবুল আহমেদ দাবি করেন, প্রবাসী বাংলাদেশি এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা চারদিক থেকে অনুষ্ঠানস্থল ঘিরে রেখেছেন।

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের উদ্দেশেও তাকে হুমকি দিতে শোনা যায়। তিনি বলেন, ‘এই জুলাই সন্ত্রাসীরা যেখানেই যাবে, আমরা তাদের মুখোমুখি হব এবং প্রতিরোধ করব। তারা কোথাও স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না।’

ভিডিওতে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে পরিচিত সৈয়দ আহমেদকে বলতে শোনা যায়, ‘সে বের হওয়ামাত্রই আমরা তার মুখোমুখি হব এবং প্রতিরোধ করব।’

শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিনও নাহিদের মুখোমুখি না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, ‘এই জুলাই সন্ত্রাসীর মুখোমুখি না হওয়া পর্যন্ত, তাকে আটক করতে না পারা পর্যন্ত আমরা এখানে অবস্থান চালিয়ে যাব। এই উদ্দেশ্যেই আমরা এখানে এসেছি।’

যুক্তরাজ্য যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত জেনেফার সরোয়ার একপর্যায়ে সময় জানান। তখন গ্রিনিচ মান সময় (জিএমটি) অনুযায়ী রাত প্রায় ১০টা।

তিনি বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন, সে (নাহিদ) এই হলের ভেতরে রয়েছে। শুধু একজন মানুষের জন্য তারা কত কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে, দেখুন। একজন মানুষের জন্য এত নিরাপত্তার কী প্রয়োজন? এটি লন্ডনের ছোটখাটো অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যবহৃত একটি ছোট হল। আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের মাত্র কয়েকজন এখানে এসেছি, অথচ তারা আমাদের সামলাতে পারছে না।’

ভিডিওর ষষ্ঠ বক্তাকে যুক্তরাজ্য ছাত্রলীগের নেতা সৈয়দ শিপু হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নির্দেশনা ও পরামর্শে তাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, ‘তারা যেখানেই যাবে, আমরা সেখানে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব।’

আগে থেকেই লন্ডনে হামলার পরিকল্পনা করছিলেন সুশান্ত 

লন্ডনে নাহিদ ইসলামের উপর হামলা হয় ১৬ নভেম্বর। এর আগে ১১ নভেম্বর সুশান্ত এক ফেসবুক পোস্টে লিখেছেন, “নভেম্বরের ১৩ থেকে ২১। লন্ডনে ভাই-ব্রাদারদের স্ট্যান্ডবাই থাকার অনুরোধ করছি। যেকোন সময় যেকোন জায়গায় বলামাত্র হাজির হতে হবে। কোন অজুহাত দেখানোর সুযোগ নাই যে, দাদা আমি তো কামো!” 

১৩ নভেম্বর আরেক ফেসবুক পোস্টে তিনি নাহিদ ইসলামকে বহনকারী বিমানের তথ্য প্রকাশ করেন। 

একইদিন আরেক পোস্টে লন্ডনে বসবাস করা আওয়ামী লীগের নেতা কর্মীদের হোয়াইটচ্যাপেল স্টেশনের সামনের নেতা গল্লিতে উপস্থিত থাকার আহ্বান করেন। 

১৪ নভেম্বর তিনটি ফেসবুক পোস্টে লন্ডনে আলতাব আলী পার্কে অবস্থান নেওয়ার তথ্য প্রকাশ করেন। 

একই দিন আরেক পোস্টে যুক্তরাজ্যের কোথাও নাহিদ ইসলামকে দেখলেই তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে পোস্ট করেন। 

১৪ এবং ১৫ নভেম্বর একাধিক পোস্টে তিনি নাহিদ ইসলামের উপর হামলার ছবি/ ভিডিও প্রচার করেন। 

মাহফুজ আলমের ওপর হামলায় নেতৃত্বে ছিলেন সুশান্ত

২০২৫ সালের ১২ সেপ্টেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা হয় লন্ডনে।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে লন্ডনের সোয়াস-ইউনিভার্সিটি অব লন্ডন আয়োজিত একটি কর্মসূচি শেষে তিনি বের হলে আওয়ামী লীগের একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করেন। এ সময় তারা কিছুক্ষণের জন্য গাড়িটির পথরোধেরও চেষ্টা করেন।

লন্ডনভিত্তিক বাংলাদেশি সংবাদমাধ্যম বাংলার সংলাপের এক প্রতিবেদনে বলা হয়, সুশান্ত দাস গুপ্তের নেতৃত্বে আওয়ামী লীগের কয়েকজন ব্যক্তি মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেন।

এ সময় সুশান্তের একটি ফেসবুক পোস্টেও হামলায় অংশ নেওয়ার স্বীকারোক্তি পাওয়া যায়।

মূলধারার সংবাদমাধ্যম প্রথম আলোতে প্রকাশিত একটি ভিডিওতে ওই সময় সুশান্তকে যুক্তরাজ্য পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করতে দেখা যায়।

অনলাইনে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি মাহফুজ আলমকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে মানববন্ধন করছেন। এ সময় সুশান্তকে দৌড়ে গিয়ে একজন ব্যক্তিকে পেছন দিক থেকে লাথি মারতে দেখা যায়।

পরে কয়েকজন পুলিশ সদস্য দৌড়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সুশান্ত পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন বলে ভিডিওতে দেখা যায়।

হামলার পর সুশান্ত ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় বলেন, যেখানেই ‘ইউনূসের লোক’ পাওয়া যাবে, সেখানেই তাদের হেনস্তা করা হবে।

অন্য একটি ফেসবুক ভিডিওতে সুশান্তকে মাহফুজ আলমের সঙ্গে থাকা একজন ব্যক্তির ওপর হামলা এবং হাইকমিশনারের গাড়িতে আক্রমণের ঘটনা কীভাবে ঘটিয়েছেন, তার বর্ণনা দিতে দেখা যায়।

‘মিশন বাদাম’: লন্ডনে জুলাই আন্দোলনের নেতাদের হেনস্তার চেষ্টা

এ বছরের ১৪ জুন যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগপন্থী কিছু অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে বিক্ষোভ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগ ওঠে।

অনুষ্ঠানটি বাধাগ্রস্ত করতে এর আগের প্রায় এক মাস ধরে অনলাইনে প্রচার চালান আওয়ামী লীগপন্থী অ্যাক্টিভিস্টরা।

অনুষ্ঠানস্থলে গিয়ে বাধা দেওয়ার জন্য ‘মিশন বাদাম’ নামে একটি কর্মসূচি ঘোষণা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা সুশান্ত দাস গুপ্ত ও তার অনুসারীরা।

পরিকল্পনা অনুযায়ী, ১৪ জুন সুশান্ত দাস গুপ্তের নেতৃত্বে লন্ডনপ্রবাসী আওয়ামী লীগ-সমর্থকেরা অনুষ্ঠানস্থলের সামনে জড়ো হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিশন বাদাম’-এ অংশ নেওয়া একাধিক ব্যক্তির শেয়ার করা ভিডিওতে দেখা যায়, প্রায় ৬০ থেকে ৭০ জনের একটি দল সড়কে বিক্ষোভ করছেন।

একটি ভিডিওতে সুশান্ত দাস গুপ্তের নেতৃত্বে আওয়ামী লীগ-সমর্থকদের স্লোগান দিতে দেখা যায়। এ সময় দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্য স্লোগানরত ব্যক্তিদের একজনের হাতে থাকা ফেস্টুন নিচে ফেলে দেন। ওই ব্যক্তি ফেস্টুনটি তুলতে গেলে পুলিশ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।

পরে ‘মিশন বাদাম’-এর আয়োজক সুশান্ত দাস গুপ্ত এগিয়ে এলে পুলিশ তাকেও একাধিকবার ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।

ভিডিওতে আরও দেখা যায়, সড়কের অপর পাশে অবস্থানরত জুলাই আন্দোলনপন্থীরাও স্লোগান দিচ্ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয় এবং বিক্ষোভকারীদের নির্ধারিত সীমার মধ্যে রাখার চেষ্টা করে।

শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলায়: সুশান্তের ভূমিকা

গত ১০ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণ-অভ্যুত্থানের সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। তিনি এনসিপির সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।

এ ঘটনায় হামলার কিছুক্ষণ পরই সুশান্ত দাস গুপ্ত ফেসবুকে হাসিবের ওপর হামলার একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘সমন্বয়ক জুলাই জং#গী হাসিবুল শ্রীমঙ্গল রাধানগরে বাদাম খেয়ে কাইত....ভাড়া করা মা%গীসহ।’

হামলার আগে হাসিব শ্রীমঙ্গলের একটি হোটেলে তার স্ত্রীর সঙ্গে অবস্থান করছিলেন। হোটেল থেকে বের হওয়ার পর তিনি হামলার শিকার হন। সুশান্ত হামলার পরে হাসিব তার স্ত্রীর সাথে যে হোটেলে ছিলেন সে হোটেলের রুম নাম্বার প্রকাশ করেন। এবং হাসিবের স্ত্রীকে অনলাইনে যৌন হেনস্তা করেন। 

ঘটনার পর দেওয়া আরেকটি পোস্টে সুশান্ত লেখেন, ‘স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে উঠে জং#গী হাসিব। বালিশিরা রিসোর্ট, অগ্নিবীণা রুম নং ১১৮।’

অন্য একটি পোস্টে হাসিবের স্ত্রীকে ইঙ্গিত করে তিনি লেখেন, ‘মেয়েটা নাকি তার পাওনা টাকাটা এখনো পায়নি! দুঃখজনক।’

ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে সুশান্ত লেখেন, ‘আজকের বার্নিং কুয়েশ্চন, মেয়েটার কী হলো, আইসক্রিম কে খাইলো? এর উত্তর জানতে #ATeam এর টেলিগ্রাম চ্যানেল ফলো করুন। আসিতেছে ২য় পর্ব।’

এরপর তিনি হাসিবের ওপর হামলার আরও একটি ভিডিও প্রকাশ করেন।


‘হাসিবের ওপর হামলা স্যাম্পল, এ রকম স্যাম্পল সবাই পাবে’

হাসিব আল ইসলামের ওপর হামলার পর উপস্থাপিকা শারমিন চৌধুরীর সঙ্গে এক অনলাইন আলাপচারিতায় অংশ নেন সুশান্ত দাস গুপ্ত। সেখানে তিনি হামলার ঘটনাটিকে উদ্‌যাপন করেন এবং এ ধরনের হামলা আরও হবে বলে হুমকি দেন।

সুশান্ত বলেন, ‘আমি আজকেও একটু আগে আপনার প্রোগ্রামে আসার আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম—জাস্ট ফাইভ-টেন মিনিট আগে দিলাম। মূল বক্তব্য হলো আমার, যে আমরা কী করি দেখেন। আমি বলছি যে ছোট জিনিস করার আর সময় নেই, আমাদের এখন বড় জিনিস করতে হবে।’

হাসিবের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘এই যে কী বলে হাসিব—এই যে জুলাই জঙ্গি হাসিব—হাসিবের যে প্রতিরোধটা আপনি খেয়াল করে দেখবেন, একটা ছেলে! একজন মাত্র ছেলে কিন্তু সেটা প্রতিরোধ করছে। অনলি ওয়ান! এবং তার বক্তব্যগুলো দেখেন কত ক্লিয়ার কনসেপ্ট তার। সে ক্লিয়ারলি বলছে যে আপনি বাংলাদেশকে ধ্বংস করে এখন মেয়ে নিয়ে ফুর্তি করতে আসছেন। একটা ছেলে প্রতিরোধ করছে! এগুলাকে আমরা বলি থিঙ্ক বিগ, ডু বিগ, বি বিগ। এই ধরনের আমাদের এখন টেন্ডেন্সি।’

এ ধরনের হামলার আরও হুমকি দিয়ে তিনি বলেন, ‘আমি তো আপনাকে ক্লিয়ারলি বললাম—যদি নামধারী কোনো জুলাই সন্ত্রাসী যদি আমাদের যেকোনো সমর্থকের সামনে পড়ে, সে তার মেসেজ পেয়ে যাবে। তখনই আপনি জেনে যাবেন যে “থিঙ্ক বিগ, বি বিগ, ডু বিগ” কী হইতে পারে। স্যাম্পল তো আমরা দেখাচ্ছি, এই ধরনের স্যাম্পল সবাই পাবে।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে একটা ক্লিপ আছে, আমরা ১৩৮ জনকে আমরা আইডেন্টিফাই করছি যারা গণভবন লুটপাটের সাথে জড়িত। তো আপনি কি মনে করেন যে এদের মেসেজ পাওয়া উচিত না? তারা মেসেজ পাবে। কিন্তু আরও যারা ছিল তারা তো মেসেজ পাবে না, তারা এই মেসেজের অন্তর্ভুক্ত না।’

নিয়মিত ছড়ান ভুয়া খবর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট সুশান্ত দাস গুপ্তের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অসত্য ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগ রয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পাশাপাশি নারীকে কেন্দ্র করে যৌন ইঙ্গিতপূর্ণ এবং সাম্প্রদায়িক উসকানিমূলক অপতথ্য প্রচারের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

২০২৪ সালের ৩ ডিসেম্বর সুশান্ত একটি ভিডিও শেয়ার করে দাবি করেন, ভিডিওতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূসকে দেখা যাচ্ছে। তার দাবি ছিল, মনিকা ইউনূস মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক হয়েছিলেন এবং তিনি একজন লেসবিয়ান বা সমকামী।

তবে তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওতে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক হওয়া নারী ড. মুহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূস নন। প্রকৃতপক্ষে, মনিকা নামের অন্য একজন নারীর ভিডিওকে ড. ইউনূসের মেয়ের ভিডিও বলে প্রচার করা হয়েছিল।

মনিকা ইউনূস লেসবিয়ান বা সমকামীদের সমর্থক কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে নিউইয়র্ক টাইমসসহ একাধিক সংবাদমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তিনি ২০০৯ সাল থেকে ব্র্যান্ডন ম্যাকরেনল্ডস নামের একজন অপেরা গায়কের সঙ্গে বিবাহিত জীবনযাপন করছেন। উল্লেখ্য, মনিকা ইউনূস নিজেও একজন অপেরা গায়িকা।

এ ছাড়া মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে মনিকা ইউনূস আটক হয়েছিলেন, এমন কোনো তথ্যপ্রমাণ সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।

২০২৪ সালের ২০ নভেম্বর সুশান্ত ফেসবুকে একটি ভিডিওর কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করে দাবি করেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছাত্রলীগের একজন নারী কর্মীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে।

তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ে ঢাকার মোহাম্মদপুরে ছাত্রলীগের কোনো নারী কর্মীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২১ সালে ভারতের কেরালায় বাংলাদেশি এক তরুণীকে নির্যাতনের ঘটনার ভিডিওর কিছু স্ক্রিনশট ওই দাবিতে প্রচার করা হয়েছিল।

রিউমর স্ক্যানার জানায়, দাবিটির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইলেকট্রনিক গণমাধ্যম নিউজ২৪-এর ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২৮ মে প্রকাশিত একটি মাল্টিমিডিয়া প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনাম ছিল, ‘ভারতে টিকটক নারী নির্যাতনের ঘটনায় তোলপাড় | গুলিবিদ্ধ হৃদয়সহ গ্রেপ্তার ৬ | 28May.21 | Tiktok Hridoy’।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি এক তরুণীকে ভারতে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় হাতিরঝিল থানায় তরুণীর বাবা টিকটকার হৃদয়সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছিলেন। এর আগে এ ঘটনায় ভারতের বেঙ্গালুরুতে টিকটকার হৃদয়সহ পাঁচজনকে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করেছিল পুলিশ।

নিউজ২৪-এর প্রতিবেদনে দেখানো কয়েকজন ব্যক্তির ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবির ব্যক্তিদের চেহারার হুবহু মিল পাওয়া যায় বলে জানায় রিউমর স্ক্যানার।

এ ছাড়া ২০২৫ সালের ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত একজন থেকে সর্বোচ্চ সাতজন নিহত হয়েছেন—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শিক্ষার্থীদের বিক্ষোভকে উসকে দিতে সুশান্ত দাস গুপ্ত ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সম্মিলিত সাত কলেজের শিক্ষার্থীদের ব্যানারে প্রকাশিত ওই কথিত প্রেস বিজ্ঞপ্তিতে অন্তত দুজন নিহত হওয়ার দাবি করা হয়েছিল।

তবে তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার জানিয়েছে, প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া।