তাজনূভা জাবীনকে কুরুচিপূর্ণ মন্তব্য, সেই সাংবাদিককে চাকরিচ্যুত করল রূপায়ণ

১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাজনৈতিক প্ল্যাটফর্ম 'অল্টারনেটিভস'-এর সংগঠক ডা. তাজনূভা জাবীনকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্যের ঘটনায় অভিযুক্ত সাংবাদিক রমজান আলীকে চাকরিচ্যুত করেছে রূপায়ণ গ্রুপ। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে দ্য ডিসেন্টকে বিষয়টি নিশ্চিত করেছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের ব্যক্তিগত সহকারী মেহেদি হাসান।

মেহেদি হাসান বলেন, “ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত নিয়ে তাকে সরাসরি টার্মিনেট করা হয়েছে। এটা আগামীকাল থেকে ইফেক্টিভ হওয়ার কথা ছিল, কিন্তু এটা এখন আজ থেকেই ইফেক্টিভ হবে। তার এধরণের কর্মকাণ্ড আমাদের পলিসির সাথে সাংঘর্ষিক।”

এর আগে, ডা. তাজনূভা জাবীন ফেসবুক লাইভে চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনাকালে দেশ রূপান্তরেরচ সাংবাদিক রমজান আলী তার কমেন্ট বক্সে “খাট কাপানো আপু” লিখে আপত্তিকর মন্তব্য করেন। ডা. তাজনূভা জাবীন এই কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ  জানান।

দ্য ডিসেন্টে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর রূপায়ণ গ্রুপ ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই চূড়ান্ত সিদ্ধান্ত এলো।

এদিকে চাকরিচ্যুত করার বিষয়টি সঠিক কিনা জানতে চেয়ে রমজান আলীকে কল করলে তিনি বলেন, ‘‘আপনারা তো নিউজ দিয়েছেন। খুব সুন্দর হয়েছে। কী হয়েছে না হয়েছে সেটা কথা না। আপনারা নিউজ দিয়েছেন, সুন্দর হয়েছে। থ্যাংকিউ।’’

এর আগে প্রতিবেদন প্রকাশের পূর্বে অভিযুক্ত রমজান আলীর বক্তব্য জানতে একাধিকবার কল করা হলেও দ্য ডিসেন্টের পরিচয় পেয়ে তিনি কল কেটে দিয়েছিলেন।