পুলিশ হত্যার বিচার দাবিতে ছড়াচ্ছে একাধিক এআই দিয়ে তৈরি ছবি
সম্প্রতি পুলিশ হত্যার বিচার নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে ফেসবুকে বেশ কিছু একাউন্ট থেকে কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও ভিডিও পোস্ট করে পুলিশ হত্যার বিচার দাবি করা হচ্ছে।
প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে এমন অন্তত শতাধিক পোস্ট খুঁজে পেয়েছে দ্য ডিসেন্ট। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
এসব পোস্টে বিশেষ করে “ভাই আমাকে মারবেন না, আমার পেটে বাচ্চা আছে” ক্যাপশন ব্যবহার করে দুটি ছবি বেশি ছড়ানো হচ্ছে। ছবি দুটি বিশ্লেষণ করে দেখা গেছে, এগুলো বাস্তব ঘটনার নয়; বরং এআই দিয়ে তৈরি।
প্রথম ছবিতে দেখা যায়, এক নারী পুলিশ সদস্য কান্নারত অবস্থায় সহায়তা চাচ্ছেন এবং পেছনে ছয় জন ব্যক্তি আক্রমণের জন্য তেড়ে আসছেন।
ছবিতে নারী পুলিশ সদস্য এবং আক্রমণকারীদের চেহারা অস্বাভাবিকভাবে মসৃণ এবং কৃত্রিম। পাশাপাশি পুলিশের নেমপ্লেটে হিজিবিজি অক্ষর দিয়ে লেখা, যা স্বাভাবিকভাবে এআই দিয়ে তৈরি ছবিতে হয়ে থাকে।

এ বিষয়ে আরও নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী ওয়েবসাইট sightengine -এ ছবিটি যাচাই করলে দেখা যায়, এটি এআই-তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।
দ্বিতীয় ছবিটিও প্রায় একই ধরণের তবে এটিতে নারী পুলিশ সদস্যের মুখাবয়ব ভিন্ন। এবং পেছনে ৪ জন ব্যক্তি আক্রমণের জন্য তেড়ে আসছেন। এটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘ভাই আমার পেটে বাচ্চা আছে আমারে মাইরেন না মাফ করে দেন। আমি প্রেগন্যান্ট। নিহত পুলিশ কন্সটেবল। এনায়েতপুর থানা। পুলিশ হত্যার বিচার চাই।।’’

এটিও sightengine এ যাচাই করলে দেখা যায়, এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।
মূলত ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৫ জন নিহত পুলিশ সদস্যের মধ্যে একজন গর্ভবতী নারী পুলিশ সদস্য ছিলেন—দাবিতে এক নারী পুলিশ সদস্যের ছবি ফেসবুকে প্রচার করা হয়।
কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
প্রকৃতপক্ষে, সিরাজগঞ্জের এনায়েতপুরে নিহত ১৫ জন পুলিশ সদস্যের মধ্যে কেউ নারী ছিলেন না। যাচাইয়ে বিডিনিউজ২৪ -এ “সিরাজগঞ্জে থানায় হামলা: নিহত ১৫ পুলিশের লাশ হস্তান্তর” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে নিহতদের তালিকায় কোনো নারী পুলিশ সদস্যের নাম নেই।
এছাড়া আরও দু’টি ছবি ভাইরাল হয়েছে। এর একটি ছবিতে ভবনের উপরে লেখা যাত্রাবাড়ি থানা। সামনেই একাধিক পুলিশ সদস্য পড়ে আছেন, যাদের মাথা নেই। একই পোস্টে অপর ছবিতে দেখা যায়, ভবনে ‘থানা থনা’ এবং ইংরেজিতে Police লেখা। সামনে একজন পুলিশ সদস্য কান্না করছেন।
এ বিষয়ে নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী ওয়েবসাইট Hive Moderation এ ছবি দু’টি যাচাই করলে দেখা যায়, এ ছবিগুলোও এআই দিয়ে তৈরি। একটি ছবি ৯৯.৯ শতাংশ এবং অপরটি ৯৯.২ শতাংশ এইআই হওয়ার সম্ভাবনা নিশ্চিত করে ওয়েবসাইটটি।

সাধারণত বাংলাদেশের কোনো পুলিশ স্টেশনে থানা বা ‘থনা’ কিংবা Police এসব শব্দ লেখা থাকে না বরং নির্দিষ্ট পুলিশ স্টেশনের নাম থাকে।