জুলাই আন্দোলন নিয়ে আওয়ামী লীগারদের ছড়ানো ভুয়া খবর বারবার প্রচার করছেন ফজলুর রহমান

Roby Hossain
লেখক
রবি হোসাইন
২২ নভেম্বর, ২০২৬

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে আওয়ামী লীগ যেসব ভুয়া খবর নিয়মিত প্রচার করে আসছে সেগুলোর মধ্যে দুটি হলো, আন্দোলন চলাকালীন বিক্ষোভকারীদের হাতে ‘শত শত পুলিশকে হত্যা করা হয়েছে’ এবং ‘গর্ভবতী এক নারী পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে’।

আওয়ামী লীগারদের উভয় দাবি ইতোমধ্যে জাতীয় আন্তর্জাতিক সংবাদমাধ্যম, ফ্যাক্ট চেকিং সংস্থা ও জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের মাধ্যমে ভুয়া হিসেবে প্রমাণিত হওয়ার পরও বর্তমান ক্ষমতাসীন বিএনপির নেতা এবং ২০২৬ সালের জাতীয় নির্বাচনে এমপি নির্বাচিত হওয়া ফজলুর রহমান সাম্প্রতিক সময়ে একাধিকবার এসব ভুয়া খবর প্রচার করেছেন।

অতি সম্প্রতি একটি টকশোতে এডভোকেট ফজলুর রহমান আবারও দাবি করেছেন, জুলাই অভ্যুত্থান চলাকালে ‘শত শত পুলিশকে হত্যা করা হয়েছে’ এবং ‘এক গর্ভবতী নারীকেও হত্যা করা হয়েছে’।

গত ২১ নভেম্বর সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ‘মানচিত্র’ ইউটিউব চ্যানেলে ‘অন্যরা স/ন্ত্রাস করলেও তাদের কেন ধরা হচ্ছে না?’ শিরোনামে ২৯ মিনিটের একটি ভিডিও প্রকাশিত হয়।

ভিডিওটির ৫ মিনিট ১৭ সেকেন্ড থেকে ফজলুর রহমানকে বলতে শোনা যায়, “আমি বলেছিলাম পুলিশের পক্ষ হয়ে এই যে শাহজাদপুরে পুলিশকে হত্যা করলেন, গর্ভবতীর মাকে মেরে ফেললেন, শত শত থানা পুড়িয়ে দিলেন, হাজার হাজার পুলিশ কোথায় গেল জানি না তবে শত শত পুলিশ নিশ্চিতভাবে নিহত হয়েছে। এই যে কাজটা করলেন পুলিশের মায়ের চোখের পানির কি কোন মূল্য নাই? তারা তো অর্ডারের চাকর।”

তিনি আরও বলেন, “থানা পুড়াইয়া দেন পুলিশ মাইরা ফেলেন। আজকে তারই প্রতিফলন আমরা দেখছি টুঙ্গিপাড়ায় চলছে মুকসেদপুরে চলছে। তাহলে শিক্ষাটা কে দিছিল? থানা পুড়াইয়া পুলিশ পুড়াইয়া। তারা (আওয়ামী লীগ) তো পুলিশ অন্তত মারে নাই। আপনারা তো পুলিশ পর্যন্ত পুড়িয়ে দিছেন মাইরা ফেলছেন ঝুলাইয়া রাখছেন।”

উপরের বক্তব্যে ফজলুর রহমানের অন্তত দুটি দাবি ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের প্রতিবেদনে অসত্য বলে প্রমাণিত হয়েছে।

দাবি দুটি হলো, জুলাই আন্দোলনে ‘শত শত পুলিশকে হত্যা করা হয়েছে’ এবং ‘গর্ভবতী নারীকে হত্যা করা হয়েছে’।

এর আগেও জুলাই গণঅভ্যুত্থানে শত শত পুলিশ সদস্যকে হত্যার দাবি করেছিলেন বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান।

 ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর ‘The National Journal’ নামের একটি ইউটিউব চ্যানেলে ‘৫ই আগস্ট পুলিশ হ/ত্যা বিচার চাইলেন: বীর মুক্তি/যো/দ্ধা ফজলুর রহমান’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিওতে তিনি বলেন, “আমার পেটে একটা বাচ্চা আছে, আমি পুলিশ, আমাকে বাবারা তোরা মারিস না। যে শত শত পুলিশকে মারা হলো, যে পুলিশেরা মারা গেল তারা কি কুত্তা মারা গেল? তারা কি দেশের কুকুর ছিল? তাদের কি মা ছিল না? বাবা ছিল না? তাদের কি সন্তান এখন কান্দে না? তাদের সন্তান এতিম হয় নাই?”

শত শত পুলিশ সদস্য হত্যার দাবিটি অসত্য

পুলিশ সদর দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যের সংখ্যা ৪৪ জন।

২০২৪ সালের ১৮ আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে নিহত ৪৪ জন পুলিশ সদস্যের তালিকা প্রকাশ করা হয়।

পরবর্তীতে ওই বছরের ২৫ অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পুলিশ সদর দপ্তরের বরাতে ওই তালিকা আবারও প্রকাশ করা হয়। তালিকায় নিহত ৪৪ পুলিশ সদস্যের নাম, পদবি, কর্মস্থল ও মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়।

তখন পুলিশ সদর দপ্তর জানায়, নিহত পুলিশ সদস্যদের সংখ্যা নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। প্রকাশিত তালিকার বাইরে কোনো পুলিশ সদস্য নিহত হয়ে থাকলে তার তথ্য ও প্রমাণ সরবরাহ করার আহ্বানও জানানো হয়।

এর আগে ২০২৪ সালের ১৪ অক্টোবর আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছিল, ৫ আগস্ট দুপুর থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় সারা দেশে হাজারো পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। 

তবে আজকের পত্রিকার ২০২৪ সালের ১৫ অক্টোবরের ফ্যাক্টচেক প্রতিবেদনে এই দাবি অসত্য হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া দ্য ডিসেন্ট, রিউমর স্ক্যানার, ফ্যাক্টওয়াচ ইত্যাদি ফ্যাক্ট চেকিং সংস্থাও দাবিটিকে অসত্য হিসেবে চিহ্নিত করেছে।

গর্ভবতী নারী হত্যার খবরটিও ভুয়া

আলোচিত বক্তব্যে ফজলুর রহমান গর্ভবতী এক নারীকে হত্যার কথাও বলেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজন গর্ভবতী নারী ছিলেন এমন একটি দাবি তখন আওয়ামীপন্থী বিভিন্ন সোশাল মিডিয়া একাউন্ট থেকে ছড়ানো হয়।

ওই বছরের ১১ আগস্ট রিউমার স্ক্যানারের প্রতিবেদনে দেখা যায়, এনায়েতপুর থানায় হামলায় নিহত ১৫ পুলিশ সদস্যের মধ্যে কোন নারী ছিলেন না।

ওই সময় পৃথিবী চাকমা নামের একজন নারী পুলিশ সদস্যের ছবি ব্যবহার করে তাকে ‘নিহত গর্ভবতী পুলিশ সদস্য’ হিসেবে প্রচার করা হয়। কিন্তু পৃথিবী চাকমা জুলাই অভ্যুত্থানের পরও জীবিত ছিলেন এবং তিনি ঢাকা মহানগর পুলিশে কর্মরত ছিলেন।

এ বছরের ৩১ জুলাই বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলে ‘এনায়েতপুর থানার ১৫জন পুলিশ হত্যার মামলা, গুজব ও পুলিশের গল্প’ শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়।

ওই প্রতিবেদনে ২০২৪ সালের ৪ আগস্ট এনায়েতপুর থানায় হামলার শিকার পুলিশদের মধ্য থেকে বেঁচে যাওয়া এক নারী পুলিশ কনস্টেবলের বক্তব্য তুলে ধরা হয়। 

তিনি জানান, হামলার সময় মারধরের একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। পরে সন্ধ্যার দিকে জ্ঞান ফিরে নিজেকে হাসপাতালে দেখতে পান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এনায়েতপুরে একজন অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবলের মৃত্যুর যে গুজব ছড়িয়েছিল, তার পেছনে ছিল হামলার শিকার ওই নারী কনস্টেবলকে বাঁচানোর একটি ঘটনা।

সে সময় ওই থানায় তিনজন অন্তঃসত্ত্বা নারী পুলিশ সদস্য মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। আর হামলাকারীদের হাত থেকে ওই নারী কনস্টেবলকে বাঁচাতে একজন পুলিশ সহকর্মী তাঁকে অন্তঃসত্ত্বা বলে হামলাকারীকে বলেছিলেন; যা সত্য ছিল না।

বিবিসিকে ওই নারী কনস্টেবল আরও বলেন, “পেটে ব্যথা থাকতে পারছিলাম না। সেজন্য পুলিশের একটা ভাইয়া বলছিল ওর পেটে বাচ্চা আছে। ওইখানে যখন ভাইয়া বলছিল যে ওর পেটে বাচ্চা, তারা আমাকে বাঁচানোর জন্য বাইরের কয়েকটা ছেলে আমাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল। তিন চারটা ছেলে। আসে তারা শুধু বলতেছিল তাকে মেরো না, তার পেটে বাচ্চা আছে।”

তিনি আরও বলেন, “হয়তো তারাই কয়জনে চেষ্টা করে আমাকে হসপিটালে নিয়ে গেছিল। যারা পাবলিক ছিল মারছিল আমাকে। তারা ভাবছে হয়তো আমি মারা গেছি। সেজন্য এই কথাটা এভাবেই ছড়াইছিল।”

অর্থাৎ, হামলার শিকার নারী পুলিশ সদস্যকে বাঁচাতে তাকে অন্তঃসত্ত্বা বলা হয়েছিল। পরে তাকে মৃত মনে করার ঘটনা থেকেই ‘গর্ভবতী নারী পুলিশ সদস্য নিহত’ হওয়ার গুজবটি ছড়িয়ে পড়ে বলে ওই নারী কনস্টেবল জানিয়েছেন।

পরবর্তীতে ২০২৫ সালের ২৩ এপ্রিল ফ্যাক্টওয়াচের প্রতিবেদনে দেখা যায়, গর্ভবতী নারী পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার দাবিতে একটি এআই নির্মিত ছবিও প্রচার করা হয়।

এ ছাড়া গত ২৮ ফেব্রুয়ারি ‘পুলিশ হত্যার বিচার দাবিতে ছড়াচ্ছে একাধিক এআই দিয়ে তৈরি ছবি’ শিরোনামে দ্য ডিসেন্টের একটি প্রতিবেদনে দেখা যায়, ‘ভাই আমাকে মারবেন না, আমার পেটে বাচ্চা আছে’ ক্যাপশন দিয়ে গর্ভবতী নারী পুলিশ সদস্যের ওপর হামলার যে ছবিগুলো প্রচার করা হচ্ছে, সেগুলোও এআই দিয়ে তৈরি।

পুলিশ হত্যা নিয়ে আগেও অসত্য তথ্য ছড়িয়েছেন অনেকে

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যা নিয়ে এর আগেও আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ ও দলটির সমর্থক বিভিন্ন অ্যাকাউন্ট থেকে একাধিক অসত্য দাবি প্রচার করা হয়েছে।

এর মধ্যে রয়েছে, জুলাই-আগস্টে তিন হাজার ২০৪ জন পুলিশ সদস্যকে হত্যা, পাঁচ আগস্টের পরবর্তী ৭২ ঘণ্টায় হাজারো পুলিশকে হত্যা এবং সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজন গর্ভবতী নারী ছিলেন এমন দাবি।

আওয়ামী পন্থী সাংবাদিক নবনীতা চৌধুরী গত ২৮ ফেব্রুয়ারি নিজের ইউটিউব ভিডিওতে দুই থেকে সাড়ে তিন হাজার পুলিশ সদস্য নিহত বা নিখোঁজ হওয়ার দাবি প্রচার করেন। 

প্রথম আলোর কলামিস্ট ও সাবেক সাংবাদিক নাদিম মাহমুদ দাবি করেন, এনায়েতপুর থানায় ১৯ জন পুলিশ সদস্য নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল এবং নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন।

অন্যদিকে বিবিসি বাংলার সাবেক সাংবাদিক আহরার হোসেন দাবি করেন, গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও পুলিশ সদস্যদের খুঁজে খুঁজে হত্যা করা হয়েছে।

এসব দাবি যাচাই করে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য পাওয়ার বিষয়টি গত ২ মার্চ ‘পুলিশ হত্যা নিয়ে ভুয়া গল্প, অসত্য তথ্য ছড়াচ্ছেন সাবেক-বর্তমান সাংবাদিকরা’ শিরোনামের প্রতিবেদনে তুলে ধরেছে দ্য ডিসেন্ট।

এর আগেও অসত্য তথ্য দিয়েছেন ফজলুর রহমান

এর আগেও জাতীয় সংসদে সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে অসত্য তথ্য দিয়েছিলেন বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান। 

গত ২৮ এপ্রিল সংসদে তিনি বলেন, “৫ আগস্টের পরে কী হলো আপনারা জানেন। ইউনূস সরকার ছিল। আমি শিল্পকলার সামনে থাকি। সেখানে একটা গান হতে পারেনি, নাটক হতে পারেনি, লালনগীতি হতে পারেনি। সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল”

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, ওই সময়ে শিল্পকলা একাডেমিতে অসংখ্য নাটক, গান ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া লালনের তিরোধান দিবসকে প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে দেশের সব জেলায় উদযাপন করা হয়েছে।