পিংক বাসের নারী চালকদের হিজাব বাধ্যতামূলক নয়, হিজাব ছাড়াও চালাচ্ছেন কেউ কেউ

Azaharul Islam
লেখক
আজহারুল ইসলাম
১৯ আগস্ট, ২০২৬

নারীদের নিরাপদ যাতায়াত করতে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় ‘পিংক বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিক পর্যায়ে এসব শহরের ১৪টি রুটে ১৩টি বাস চলবে। এসব বাসের চালক ও সহকারীও থাকবেন নারী।

গতকাল বুধবার (১৯ আগস্ট) এই সার্ভিস চালুর আগে ফটোসেশন করেন ঢাকার বিভিন্ন রুটের চালকরা। সেখানে দেখা যায়, একজন নারী বাদে অন্য নারীরা হিজাব পরিহিত ছিলেন।

সেই ছবিটি ফেসবুকে পোস্ট করে অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছেন। দাবি করা হচ্ছে, পিংক বাসের নারী চালকদের হিজাব পরার ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে।

সাদ রহমান নামে একজন লেখক ফেসবুকে লিখেছেন, ‘‘পিংক বাসের নারী ড্রাইভারদেরকে যে হিজাব পরতে হইলো, এইটা ইসলামাইজেশন। সরকারের ভঙ্গি হইলো, সাপও মরবে, লাঠিও ভাঙবে না।’’

‘‘আমার ইসলামোফোবিয়া নাই। কিন্তু নারীর সাধারণ চলাফেরার প্রশ্নকে ইসলামিস্ট দৃষ্টিভঙ্গি দিয়া সমাধান করতে গেলে বিপদ বাড়ে। কমে না। অর্থাৎ বলা হইতেছে, নারীর স্বাধীনতার রাস্তায় একটা রক্ষণশীল ইসলামপন্থী চেকপোস্ট আপনাকে পার হইতেই হবে।’’

‘‘এই বাধ্যবাধকতা ক্যানো? আমার ধারণা, খালেদা জিয়া এখন প্রধানমন্ত্রী থাকলে বাস ড্রাইভারদেরকে হিজাব পরতে হইতো না। ইসলামপন্থীদের দাবিই তো এইটা, নারীর জন্য আলাদা ক্ষেত্র, আর ওই ক্ষেত্রে ইসলামের প্রশ্নটা তারা নিজেরা মীমাংসা করবে। ছবিতে যেই একজন হিজাবহীন নারীকে দেখা যাইতেছে, তাকে কোটার প্রতিনিধি মনে হইতেছে। হিজাবহীনতা কি এই দেশে কোটার বিষয়? ইতিহাস তা বলে না।’’

সাদ রহমানের পোস্টের শেষ অংশটি ফটোকার্ড আকারে প্রকাশ করেছে ঢাকা পেপার্স নামে একটি সংবাদমাধ্যম।

সাদ রহমান আরেকটি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘‘গত দুই বছর অন্তর্বর্তী সরকারের জামাতি শাসন না চললে এই দেশের সরকার বাসচালকদেরকে হিজাব পরাইতো? উত্তর, না।’’

এদিকে হিজাব পরে বাস চালানো নিয়ে ফেসবুকে অনেকেই সমালোচনামূলক পোস্ট করছেন। দেখুন এখানে, এখানেএখানে

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, পিংক বাসের নারী চালকদের জন্য হিজাব পরার কোনো বাধ্যবাধকতা দেওয়া হয়নি। বরং বিভিন্ন সংবাদমাধ্যমে পিংক বাসের চালকদের প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে হিজাব ছাড়া নারী চালককেও দেখা গেছে।

দৈনিক প্রথম আলোতে ‘‘নারীদের জন্য নতুন বাস সার্ভিস চালু, ঢাকাসহ মোট তিন শহরে চলবে ‘পিংক বাস’’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে ঢাকার রুটে এক বাসচালকের সাক্ষাৎকার প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, চালক হিজাব পরিহিত ছিলেন না।

কালবেলায় ‘‘বগুড়ায় ‘মহিলা বাস সার্ভিস’ চালু’’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে হিজাব ছাড়া নারী বাস চালকের ছবি প্রকাশ করেছে।

অনলাইন পোর্টাল বাংলানিউজ২৪ ‘‘চট্টগ্রামে আজ থেকে শুরু মহিলা বাস সার্ভিস’’ শিরোনামে প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনে হিজাব ছাড়া নারীকে বাস চালাতে দেখা গেছে।

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা দ্য ডিসেন্টকে বলেন, ‘‘আমাদের পক্ষ থেকে হিজাব পরার কোনো বাধ্যবাধ্যকতা দেওয়া হয়নি। এটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত চয়েস। হিজাব পরে বাস চালানোর কারণে মূলত এই বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু হিজাব ছাড়াও অনেক বাস চালক ছিলেন। বাধ্যতামূলক করলে তারা তো হিজাব ছাড়া বাস চালাতে পারতেন না।’’