ভিডিও গেমের দৃশ্য দিয়ে পাকিস্তানি জেএফ-১৭ বিমান বিধ্বস্তের ভুয়া দাবি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গতকাল ২৭ ফেব্রুয়ারি ‘The Cover Story’ নামের একটি পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়, ভিডিওটি পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ভূপাতিত বা বিধ্বস্ত হওয়ার দৃশ্য।
পোস্টে আরও বলা হয়, পাকিস্তানি জেএফ-১৭ থান্ডার বিধ্বস্ত হওয়ার ঘটনায় বাংলাদেশ এই যুদ্ধবিমান কেনার ইচ্ছাপোষণ বিষয়ে প্রশ্ন উঠছে।
পোস্টটির ক্যাপশন ছিলো, “Pakistani JF-17 crashed questions as Bangladesh wishes to purchase it.”
এ ধরণের আরও পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, জেএফ-১৭ থান্ডার বিধ্বস্ত হওয়ার দাবি করে ছড়ানো ভিডিওটি ওয়ার থান্ডার নামক ভিডিও গেম থেকে নেয়া।
ভিডিওটির কী-ফ্রেম বিশ্লেষণ ও রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করে ‘ThunderX Gaming’ নামের ফেসবুক পেইজে ভিডিওটির হুবহু একটি সংস্করণ পাওয়া যায়, যা গত ২৪ ফেব্রুয়ারি পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশন ছিলো, “Pakistani JF-17 Thunder Suffers Landing Failure!”
পেইজটি পর্যালোচনা করে দেখা যায়, পেইজটিতে নিয়মিত যুদ্ধবিমান ভূপাতিত বা বিধ্বস্ত হওয়ার ভিডিও পোস্ট করা হয়, যেগুলো মূলত ওয়ার থান্ডার নামক ভিডিও গেইমের ক্লিপ। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেএফ-১৭ থান্ডার বিধ্বস্ত হওয়ার দাবি করে দেওয়া পোস্টগুলো গতকাল ও আজকের হলেও ভিডিওটি অন্তত ৪ দিন আগে থেকে অনলাইনে পাওয়া যায়।
এছাড়া গুগলে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে নির্ভরযোগ্য কোনো আন্তর্জাতিক বা পাকিস্তানি সংবাদমাধ্যমে জেএফ-১৭ থান্ডার বিধ্বস্ত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। সাধারণত যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া নিয়ে সংবাদমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করে থাকে।
আলোচিত ভিডিওটিও তাই ওয়ার থান্ডার নামক গেইমের ভিডিওর খণ্ডিত অংশ, যুদ্ধবিমান বিধ্বস্তের নয়।