এক বছর চার মাস আগে মারা যাওয়া মাহেরা আতিককে ৩৯ বছর আগে হত্যার গুজব

The Dissent Desk
লেখক
দ্য ডিসেন্ট ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬

গত ২৮ আগস্ট ‘নির্যাতিত সনাতনী’ নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে (আর্কাইভ) দাবি করা হয়, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম স্ত্রী ডা. মাহেরা আতিকের ৩৯ তম মৃত্যুবার্ষিকী আজ। তাকে নির্মমভাবে হত্যা করে অপমৃত্যু বলে চালিয়ে দিয়েছিল তারেক রহমান তার পিতা এবং মাতা।’’

সনাতন ধর্ম নামক আরেকটি আইডি থেকে একই রকম ভিডিও প্রচার করা হয়। দুই একাউন্টেই একই ভিডিও প্রচার করা হয়েছে। একাউন্ট পরিচালনাকারী নিজেকে প্রকৌশলী প্রবীর মণ্ডল বলে বায়োতে উল্লেখ করেছেন। 

প্রচারিত ভিডিওতে মাহেরা আতিক হিসেবে একজন নারীর ছবি যুক্ত করা হয়েছে। 

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, মাহেরা আতিক ইমরান হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২০২৫ সালের ২২ এপ্রিল মৃতুবরণ করেন। ফলে তাকে ৩৯ বছর আগে হত্যা করা হয়েছিল এমন দাবির সঙ্গে বাস্তব তথ্যের কোনো মিল পাওয়া যায় না।

ডা. মাহেরা আতিক হলেন লে. জেনারেল মোহাম্মদ আতিকুর রহমানের মেয়ে এবং রোটারি ক্লাব অব মেট্রোপলিটন ঢাকার সভাপতি (২০২৪-২৫) ও অ্যাসিস্যান্ট গভর্নর (২০২৫-২৬) ইমরান মোমিনের স্ত্রী ছিলেন। ইমরান আবুল খায়ের স্টিল এন্ড পাওয়ার ডিভিশনের প্রধান নির্বাহী। 

তবে মাহেরা আতিক তারেক রহমানের প্রথম স্ত্রী কি-না দ্য ডিসেন্টে সেটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। মূলধারার কোনো সংবাদমাধ্যমেও এই ধরণের খবর খুঁজে পাওয়া যায়নি।

মাহেরা আতিক মারা যান ২০২৫ সালের এপ্রিলে

২০২৫ সালের ২৩ এপ্রিলে সুবিধাবঞ্চিত শিশেুদের নিয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন মামাবাড়ি’র অফিশিয়াল ফেসবুকে পেইজের একটি পোস্টে লেখা হয়েছে, ‘‘মাহেরা আতিক ইমরানের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। গতকাল তিনি হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (ম্যাসিভ হার্ট অ্যাটাক) ইন্তেকাল করেছেন।’’

পোস্টটিতে একটি ফটোকার্ডে শোকবার্তায় লেখা হয়েছে, ‘‘মাহেরা আতিক ইমরান ছিলেন রোটারি ক্লাব অব মেট্রোপলিটন ঢাকার সদস্য এবং ইনারহুইল ক্লাব অব মেট্রোপলিটন ঢাকার সভাপতি। তিনি ছিলেন রোটারি ক্লাব অব মেট্রোপলিটন ঢাকার সভাপতি ইমরান মোমিনের প্রিয়তমা স্ত্রী।’’

‘‘তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫ম প্রধান, লেফটেন্যান্ট জেনারেল এম. আতীকুর রহমানের একমাত্র আদরের কন্যা এবং পিডিজি রফিক সিদ্দিক ও নাজেরা সিদ্দিকের প্রিয় ভাতিজি। ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মৃত্যুতে রোটারি পরিবারের সদস্যরা গভীরভাবে শোকাহত।’’

একইদিনে Inner Wheel Club of Anondolok নামে একটি ফেসবুক গ্রুপে সংগঠনটির সহ-সভাপতি-১ (২০২৪-২৫) মুশফিকা হোসাইন বাবুনী লিখেছেন, ‘‘আমরা ইনার হুইল ক্লাব অব আনন্দলোক মাহেরা আতিক ইমরানের আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি ইনার হুইল ক্লাব অব মেট্রোপলিটন ঢাকা এর সভাপতি ছিলেন।’’

২০২৫ সালের ২৩ এপ্রিল Sabita Rahman ফেসবুকে লিখেছেন, ‘‘আমার প্রিয় বন্ধু ও কাজিন মাহেরা আতিক ইমরান, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল এম আতীকুর রহমানের কন্যা সম্পূর্ণ সুস্থ ও সক্রিয় ছিলেন। তার কোনো পরিচিত স্বাস্থ্যগত সমস্যা ছিল না।’’

‘‘গতকাল, ২২ এপ্রিল, একটি আনুষ্ঠানিক বৈঠকের সময় তিনি অসুস্থ বোধ করার কথা বলেছিলেন বলে আমি শুনেছি। এরপর তিনি ওয়াশরুমে যান এবং অল্প সময়ের মধ্যেই ফিরে আসেন। নিজের আসনে বসার পর তার মুখে স্পষ্ট অস্বস্তির ছাপ দেখা যাচ্ছিল।’’

‘‘আমাদের ভাবি, তার ননদ এবং তার স্বামী ইমরান ভাইয়ের কাছ থেকে জানতে পারি, তিনি আশপাশের সবাইকে দোয়া ইউনুস পড়তে বলেন। তিনি নিজেও দোয়া ইউনুস পাঠ করেন। এরপর কালিমা পাঠ সম্পন্ন করার পর তার রূহ আল্লাহর কাছে ফিরে যায়।’’

Abu Rushd A R M Shahidul Islam মাহেরা আতিকের ভাইয়ের বরাতে লিখেছেন, ‘‘সাবেক সেনাপ্রধান জেনারেল আতিকুর রহমানের মেয়ে মাহেরা আতিক ইমরান গত রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। সকলের কাছে মরহুমার রূহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করছি… (ছবি: মরহুমার ভাই Aqeelur Rahman)’’

তারেক রহামানের স্ত্রী জুবাইদা রহমান

বাংলাদেশর বর্তমান প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বিয়ে হয় ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারী। ব্যারিস্টার জাইমা রহমান তারেক রহমান ও জুবাইদা রহমানের একমাত্র কন্যা।

জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে। তার জন্ম ১৯৭২ সালের ১৮ জুন। তিনি সাবেক নৌবাহিনী প্রধান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মেয়ে।

এছাড়াও জুবাইদা রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর ভাতিজি এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খানের চাচাতো বোন।