ভুয়া পেইজের ছড়ানো ভুয়া উক্তি জামায়াত নেতার নামে টকশোতে বললেন যুবদল নেতা

The Dissent Desk
লেখক
দ্য ডিসেন্ট ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ডিসেম্বরে শেখ হাসিনার ফেরাকে স্বাগত জানানোর কথা বলেছেন বলে একটি টকশোতে দাবি করেছেন যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আশরাফ জালাল খান মনন। নিজের দাবির পক্ষে ‘শিবির ক্যাম্পাস’ নামের একটি ফেসবুক পেজের ফটোকার্ড দেখিয়েছেন তিনি।

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, গোলাম পরওয়ার এমন কোনো বক্তব্য দেননি। সংবাদমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসের লোগো নকল করে তৈরি ‘শিবির ক্যাম্পাস’ নামের একটি ভুয়া ফেসবুক পেজের ফটোকার্ডকে তথ্যসূত্র হিসেবে ব্যবহার করেছেন মনন। পেজটি থেকে জামায়াত, ছাত্রশিবির ও এনসিপির নেতাকর্মীদের নামে নিয়মিত ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়।

গতকাল স্টার নিউজের ‘কড়া আলাপ’ টকশোর ২০ মিনিট ৪৪ সেকেন্ডে আশরাফ জালাল খান মনন বলেন, “আমি খুব অবাক হলাম, ৫ আগস্টের আগে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে তাদের (জামায়াতের) ৫ জন নেতার ফাঁসি কার্যকর হলো। তারা অদ্যাবধি সেই ফাঁসির প্রতিবাদে শেখ হাসিনার বিচার চায়নি। বরং গোলাম পরওয়ার বলে যে দেশের বর্তমান পরিস্থিতি ঠিক না হলে ডিসেম্বরে শেখ হাসিনাকে ওয়েলকাম করা হবে।”

আলোচনায় উপস্থিত ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম এই বক্তব্যের বিরোধিতা করেন। জামায়াতের নেতারা শেখ হাসিনার বিচার চান না—এমন দাবির ভিত্তি জানতে চান তিনি।

এরপর মনন একটি কাগজে প্রিন্ট করা ফটোকার্ড দেখিয়ে বলেন, “এই যে বলেছে, ১১ জোটের দাবি মেনে না নিলে আমরা ডিসেম্বরে হাসিনার ফেরাকে স্বাগত জানাব। এটা তো আপনারাই বলেছেন, আপনাদের গোলাম পরওয়ারই বলেছেন।”

টকশোর ২৭ মিনিট ১৫ সেকেন্ডে জাহিদুল ইসলাম জানতে চান, গোলাম পরওয়ার কোথায় এই বক্তব্য দিয়েছেন। মনন জবাবে বলেন, “মিডিয়াতেই বলেছে।” এরপর সূত্র হিসেবে উল্লেখ করেন, “এই তো শিবির ক্যাম্পাস ডট কম।”

মননের উল্লেখ করা ‘শিবির ক্যাম্পাস’ ফেসবুক পেজটি যাচাই করে দেখা যায়, সেখানে দ্য ডেইলি ক্যাম্পাসের লোগো নকল করে বিভিন্ন রাজনৈতিক নেতার নামে ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে।

২৭ সেপ্টেম্বর পেজটিতে গোলাম পরওয়ারের ছবি ব্যবহার করে প্রকাশিত একটি ফটোকার্ডে লেখা হয়, “দাবি মেনে না নেওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে।” পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, “আওয়ামী লীগের কার্যক্রমে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে: গোলাম পরোয়ার।”

একই দিনে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের নামেও একটি ভুয়া ফটোকার্ড প্রকাশ করে পেজটি। সেখানে তাঁর বক্তব্য হিসেবে লেখা হয়, “দলীয় নির্দেশনা না থাকায় আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নেই: মাসুদ।”

সেদিন গোলাম পরওয়ারের নামে প্রচারিত আরেকটি ভুয়া ফটোকার্ডে দাবি করা হয়, তিনি বলেছেন, “আওয়ামী লীগ জুলুমবাজের বিরুদ্ধে রাজনীতি করলে, আমারা স্বাগত জানাব : গোলাম পরোয়ার।”

অর্থাৎ, রাজনৈতিক নেতাদের নামে ভুয়া বক্তব্য প্রচারকারী একটি পেজের ফটোকার্ডকে সংবাদমাধ্যমের তথ্য হিসেবে টকশোতে উপস্থাপন করেছেন যুবদল নেতা আশরাফ জালাল খান মনন। ওই ফটোকার্ডের ভিত্তিতে গোলাম পরওয়ারের নামে শেখ হাসিনার ফেরাকে স্বাগত জানানোর যে বক্তব্য তিনি প্রচার করেছেন, তা সত্য নয়।