রাঙামাটিতে বিজিবি সদস্যের অসুস্থ হওয়ার পুরোনো ভিডিওকে বিএসএফ কর্তৃক মারধর বলে প্রচার

Tawhidul Haque Siam
লেখক
তৌহিদুল হক সিয়াম
১৫ জুন, ২০২৬

 গত ১১ জুন ঈশান বাংলা নামক একটি ফেসবুক পেইজে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়, ‘‘BSF এর হাতের ধোলাই খেয়ে আহত BGB, নিয়ে যাওয়া হলো আর্মি হাসপাতালে !’’

অন্য পোস্টে কান্তি কুমার ঘোষ নামে ভারতীয় এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেন “বর্ডারে দাদাগিরি করতে এসে বিএসএফের হাতে ধোলাই খেয়ে আহত হন বিজেবির জওয়ান…..”

একই ভিডিও ফেসবুক ছাড়াও ইউটিউব এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও ছড়ানো হয়েছে |

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি মূলত রাঙামাটিতে বাঘাইছড়ি উপজেলায় দুর্গম চিম্বুলুই সীমান্তে বিজিবি সদস্যের হঠাৎ অসুস্থ হয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে হেলিকপ্টারযোগে হাসপাতালে নিয়ে যাওয়ার ভিডিও।

এ ঘটনায় বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম ভিডিওটি প্রকাশ করেছে। দেখুন এখানে এবং এখানে। 

বণিক বার্তায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ৬জুন শনিবার দুপুর ১টার দিকে বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) হাবিলদার মো. এলাহান মিয়া (৪৯) কান্তালং বিওপি থেকে লিংক টহলে দায়িত্ব পালনকালে চিম্বুলুই বিওপির নিকটবর্তী এলাকায় হঠাৎ বাম হাত ও বাম পায়ে তীব্র ব্যথা ও অবশভাব অনুভব করেন। পরবর্তীতে ব্যাটালিয়নের মেডিকেল অফিসার তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার পিলখানায় বিজিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার মধ্যে লেফট-সাইডেড হেমিপ্যারেসিস জনিত উপসর্গ দেখা দেয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়। 

সুতরাং, ‘BSF এর হাতের ধোলাই খেয়ে আহত BGB সদস্য’-- দাবিটি সঠিক নয়।