ভারতে মুসলিম যুবককে পুড়িয়ে হত্যা বলে ছড়ানো ভিডিওটি অভিনয়ের দৃশ্য

Tawhidul Haque Siam
লেখক
তৌহিদুল হক সিয়াম
২১ জুন, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ভারতের গুজরাটে আবুবকর নামে ২৮ বছর বয়সী এক মুসলিম যুবককে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

দাবিটি দেখুন এখানে, এখানে এবং এখানে

তবে যাচাইয়ে দেখা গেছে, দাবিটি সত্য নয়। ভিডিওটি কোনো মুসলিম যুবককে পুড়িয়ে হত্যার দৃশ্য নয়। এটি মূলত একটি শুটিংয়ের দৃশ্য, যেখানে আগুন লাগার একটি দৃশ্য ধারণ করা হচ্ছিল।

ভিডিওটির কয়েকটি কী-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে Shajeel Kabeer নামের একটি ইউটিউব অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।

“KATTALAN BTS” ক্যাপশনে প্রকাশিত ওই ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, বিশেষ পোশাক পরা একজন ব্যক্তির শরীরে আগুন লাগানো হয়। কিছুক্ষণ পর অগ্নিনির্বাপক যন্ত্র ও পানি ব্যবহার করে আগুন নিভিয়ে দেওয়া হয়। পরে ওই ব্যক্তি কোনো ধরনের ক্ষতি ছাড়াই হাস্যোজ্জ্বল অবস্থায় সেখান থেকে বেরিয়ে আসেন।

Shajeel Kabeer নামের ওই ইউটিউব অ্যাকাউন্টে একই ধরনের আরও একাধিক শুটিংয়ের ভিডিও পাওয়া গেছে। অর্থাৎ, ভিডিওটি ভারতে কোনো মুসলিম যুবককে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার নয়। এটি একটি অভিনয়ের দৃশ্যকে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হয়েছে।

তবে ভারতে মুসলিমদের লক্ষ্য করে সহিংসতা ও বিদ্বেষমূলক প্রচারণা নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা আলোচনায় এসেছে।

অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস বা এপিসিআর গত ৯ মে প্রকাশিত এক প্রতিবেদনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতা, সম্পত্তিতে হামলা এবং ভীতি প্রদর্শনের ৩৪টি ঘটনার কথা তুলে ধরে।

প্রতিবেদনটি বিশ্লেষণ করে দেখা যায়, এসব ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলিমদের ঘরবাড়ি, যার সংখ্যা ১৭টি। এরপর রয়েছে ধর্মীয় উপাসনালয় বা মসজিদ, যার সংখ্যা ১০টি। পাশাপাশি মুসলিম মালিকানাধীন ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যদিও এসব হামলার বেশিরভাগই মুসলিমদের লক্ষ্য করে হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে, তবে অন্যান্য সম্প্রদায়ের মানুষও সহিংসতার শিকার হয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে তৃণমূল কংগ্রেসের কার্যালয় এবং দলটির নেতাকর্মীদের বাড়িঘরেও হামলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।