নারায়ণগঞ্জে বিএনপি নেতার বিতর্কিত বক্তব্যের ভিডিওটি এআই জেনারেটেড নয়

Rabbi Miah
লেখক
রাব্বি মিয়া
৮ জুলাই, ২০২৬

গত ৪ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের একটি ভিডিও ফেসবুকে  ভাইরাল হয়। উক্ত ভিডিওতে জাহাঙ্গীর আলমকে মোবাইল ফোনে জনৈক ব্যক্তির সঙ্গে কথা বলার সময় নিজ দলের নেতাকর্মীদের হুমকি দিতে এবং বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়।  ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, “বিএনপি ওলারা আমারে ক্ষতি করতাছে। নির্বাচনের পর অগরে মামলা দিয়া দৌড়ামু। আর আওয়ামী লীগ অলাগো কোলে লইয়া নাচমু, চিন্তা কইরেন না।”

​ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার দাবি ওঠে।  

তবে অভিযুক্ত বিএনপি নেতা জাহাঙ্গীর আলম এই বক্তব্য অস্বীকার করেছেন। দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি প্রতিবেদনে তিনি বলেন, “আমি এই ধরনের কোনো কথা বলিনি। ভিডিওতে আগে-পরের কোনো বক্তব্য নেই। মূলত আমার ভাগনে নোবেল মীরের সঙ্গে লেনদেন নিয়ে ঝামেলা থাকায় সে এটা ভাইরাল করেছে। নোবেল আমার ক্ষতি করার উদ্দেশ্যে এআই দিয়ে বক্তব্য তৈরি করেছে।”

কিন্তু দ্য ডিসেন্ট-এর যাচাইয়ে দেখা গেছে, জাহাঙ্গীর আলমের দাবিটি সত্য নয়। ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এমন কোন প্রমাণ পাওয়া যায়নি।

ভিডিওটি একাধিক এআই সনাক্তকরণ টুল দিয়ে পরীক্ষা করে দেখা গেছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয়।