ভারতে শিশুর লাশ উদ্ধারের ভিডিওকে বিএনপি কর্মীদের ধর্ষণ বলে প্রচার

The Dissent Desk
লেখক
দ্য ডিসেন্ট ডেস্ক
৫ মার্চ, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, বিএনপির নেতা-কর্মীরা এক শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করেছে।

এমন দাবিতে পোস্ট দেখুন এখানে, এবং এখানে। 

দ্য ডিসেন্টের যাচাই এ দেখা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ভারতের বিহার রাজ্যের এক শিশুর মৃতদেহ উদ্ধারের দৃশ্য। 

প্রচারিত ভিডিওটির রিভার্স ইমেজ সার্চ এ  ‘Hasan Shabab’ নামক এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১ মার্চ প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি ভারতের বিহার রাজ্যের কাটিহারের কোলাসি থানার সান্দালপুর গ্রাম থেকে এক মেয়ে শিশু হত্যাকাণ্ডের ঘটনা।

সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় গণমাধ্যম
ইন্ডিয়া টুডের ওয়েবসাইটে গত ২ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, বিহারের কাটিহার জেলার কোলাসি থানার অন্তর্গত সান্দলপুর গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে নয় বছর বয়সী এক মেয়ে শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটি একদিন আগে তার বাড়ি থেকে নিখোঁজ ছিল। 

স্থানীয় পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত একই গ্রামের ১৩ বছর বয়সী এক ছেলে। শিশুটি যখন মাঠের দিকে যাচ্ছিল তখন ধারালো অস্ত্র দিয়ে তার ওপর আক্রমণ করে।

অর্থাৎ, বিএনপির নেতা-কর্মীরা একজন শিশুকে ধর্ষণ করে গলা কেটে হত্যার দাবিতে প্রচারিত ভিডিওটি সত্য নয়। 

উল্লেখ্য, গত ১ মার্চ সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে গলায় ছুরিকাঘাতে শ্বাসনালি কাটা অবস্থায় উদ্ধার হওয়া আট বছরের এক মেয়ে গত ৩ মার্চ মারা যায়। উক্ত ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে সংবাদমাধ্যমে অভিযুক্তের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা উল্লেখ পাওয়া যায়নি।