কলম্বিয়ার ফিল্ম শ্যুটিং-এর দৃশ্যকে বাংলাদেশের হত্যাকাণ্ড বলে প্রচার

Adnan Aziz
লেখক
আদনান আজিজ
২৩ অক্টোবর, ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলি করে একাধিক ব্যক্তিকে হত্যার একটি ভিডিও ছড়িয়ে পড়ছে। ভিডিওতে দেখা যায়, দুইটি মোটরবাইকে কয়েকজন এসে রাস্তার পাশের এক রেস্তোরাঁয় বেশ কয়েকজনকে গুলি করে চলে যায় এবং বেশ কয়েকজন মাটিতে লুটিয়ে পড়ে।

এই ভিডিওটি আওয়ামী সংশ্লিষ্ট বিভিন্ন পেইজ থেকে শেয়ার করে গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের আইনশৃঙ্খলার অবনতি দাবি করা হচ্ছে। এরকম পোস্ট দেখুন এখানে এবং এখানে

এছাড়াও, একই ভিডিও ভারতের উত্তর প্রদেশের ঘটনা দাবি করেও প্রচার করা হয়েছে। দেখুন এখানে এবং এখানে

দ্য ডিসেন্ট-এর অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি বাংলাদেশ বা ভারতের উত্তর প্রদেশের কোনো ঘটনার নয়। বরং উক্ত ভিডিওটি কলম্বিয়ার একটি মুভি “Infierno En El Paraíso” এর শুটিং-এর দৃশ্য।

আলোচিত ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করে Jaquline Castillo নামক একটি ফেসবুক পেজের ২১ অক্টোবরের একটি ভিডিওর সঙ্গে মিল পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয় এটি “Infierno En El Paraíso” মুভির শুটিং-এর দৃশ্য। এখানে থাকা সবাই অভিনেতা।

দেখুন এখানে (আর্কাইভ)।

Jaquline Castillo পেইজে একই ঘটনার আরেকটি ভিডিও পাওয়া যায়, যেখানে দেখা যায় গুলি করার কিছুক্ষণ পরেই রেস্টুরেন্টের ভিতরে অবস্থান করা সবাই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যায়।

দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত ফেসবুক পেইজে মুভিটির আরও বেশ কয়েকটি শুটিং-এর দৃশ্য আপলোড করা আছে।