র‍্যাব কর্মকর্তার বক্তব্য বিকৃত করলো মিডিয়া, রেফারেন্স হিসেবে ব্যবহার করছে উগ্রপন্থীরা

Hasan Al Mahmud
লেখক
হাসান আল মাহমুদ
৩ মে, ২০২৬

২৮ এপ্রিল দৈনিক মানবজমিনের ফেসবুক পেইজে একটি ফটোকার্ড প্রকাশ করে দাবি করে, “দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সম্ভাব্য হুমকির কোনো বাস্তব ভিত্তি নেইঃ র‍্যাব”।

এর আগে ২৩ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় হামলার আশঙ্কা নিয়ে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর। নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের যোগাযোগের তথ্য পাওয়ার পর এই নির্দেশনা জারি করা হয়।

“হামলার সম্ভাব্য হুমকির কোনো বাস্তব ভিত্তি নেই” এমন শিরোনামে মানবজমিন ফটোকার্ড প্রচার করায় অনেকে বিভ্রান্ত হয়েছেন। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পোস্টটিতে ২৪ জন ব্যক্তি কমেন্ট করেছেন। তার মধ্যে ১০ জন এর আগে সরকারের তরফ থেকে প্রকাশ করা সতর্কবার্তাকে গুজব বলে অভিহিত করেছেন। সরকারের একেক ব্যক্তি একেকরকম বক্তব্য দেওয়ায় সরকারের ভেতরে সমন্বয়হীনতা আছে বলে অভিযোগ করেছেন অনেকে।

খবরটি ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশে উগ্রবাদী হামলার আশঙ্কা ভিত্তিহীন এবং শেখ হাসিনার মতো নতুন করে জঙ্গিবাদের নাটক মঞ্চায়িত করা হচ্ছে— এমন প্রচারণা চালানো হচ্ছে।

বাংলাদেশে উগ্রবাদ সংক্রান্ত দ্য ডিসেন্টের বিভিন্ন প্রতিবেদনের কমেন্ট বক্সেও একই ধরনের মন্তব্য করা হয়েছে এবং দ্য ডিসেন্ট জঙ্গিবাদের নাটক মঞ্চায়িত করছে বলে অভিযোগ করা হয়েছে।

দৈনিক মানবজমিনের পোস্টটির কমেন্ট বক্সে Khasru Samdani একজন লিখেছেন, “তাহলে প্রশাসনেও সমন্বয় নেই ধরে নিতে হবে।”

Md. Lablu Gazi লিখেছেন, “প্রশাসন থেকেই এই গুজব ছড়ানো হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”

একই মন্তব্য করেন Sheikh Solaiman নামে একজন। তিনি লিখেছেন, “তাহলে যারা গুজব ছড়াইছে, তাদের গ্রেফতার করুক।”

Md. Yousuf Ali লিখেছেন, “একেক গোয়েন্দা সংস্থা একেক ধরনের তথ্য দিয়ে সরকারকে মিস গাইড করছে বলে মনে হচ্ছে।”

উল্লেখ্য, এর আগে গত ২৮ এপ্রিল একইদিনে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জঙ্গিবাদ ইস্যুতে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।

শুধু মানবজমিন নয়, “দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব” শিরোনামে খবর প্রকাশ করেছে ঠিকানা নিউজ, বাংলাদেশ প্রতিদিন এবং ইত্তেফাকসহ আরও একাধিক সংবাদমাধ্যম।

প্রতিবেদনগুলোতে র‌্যাব-২ অধিনায়ক মোঃ খালিদুল হক হাওলাদারকে উদ্ধৃত করে বলা হয়েছে, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সম্ভাব্য হুমকির কোনো বাস্তব ভিত্তি নেই বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তবে যেকোনো ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Sheikh Babar Ali Hedayetpuri একজন ফটোকার্ডটি শেয়ার করে লিখেন, “#ভুয়া RAB পরিচয়ে কট খাওয়া কুখ্যাত সাংঘাতিক Zulkarnain Saer ✅, মেরিকার ম*দ্বার চোষক Qadaruddin Shishir, গরুচোর মুনীর হাজারীর গষেবণাকে প্রশাসন কেন গুরুত্ব দিলোনা? জাতিসংঘ জবাব চাই!”

হেদায়েতপুরির ফেসবুক প্রোফাইল বিশ্লেষণ করে দেখা যায়, তিনি প্রায়ই উগ্রপন্থী কন্টেন্ট পোস্ট করেন ও বিদেশি সন্ত্রাসবাদী সংগঠনের পক্ষে প্রচারণা চালান।

Deloar Bin Amin নামে একজন পোস্ট করে লিখেছেন, “আগেই বলেছিলাম এটা একটা সাজানো নাটক, এরাও চায় হাসিনার মত জঙ্গি নাটক করে দেশকে অস্থিতিশীল করতে।”

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, র‌্যাব-২ অধিনায়ক মোঃ খালিদুল হক হাওলাদার দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সম্ভাব্য হুমকির কোনো বাস্তব ভিত্তি নেই— এমন বক্তব্য দেননি। তার উদ্ধৃতি বিকৃত করে প্রকাশ করেছে কিছু মিডিয়া।

গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, তিনি ভিন্ন বক্তব্য দিয়েছেন।

বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সম্ভাব্য হুমকি সম্পর্কে একজন রিপোর্টারের প্রশ্নের জবাবে র‌্যাব-২ অধিনায়ক মোঃ খালিদুল হক হাওলাদার বলেন, “আমরা যেকোনো ঝুঁকি, যেকোনো থ্রেট, আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে থাকি। আপনি যে বিষয়টা বললেন সেটা আমরা অবগত হয়েছি। আমাদের যেসব কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) আছে, যেসব গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, সরকারি অফিস, পাবলিক বা জনস্বার্থ সংশ্লিষ্ট যে ভবন বা স্থাপনাগুলো আছে, সবগুলোর নিরাপত্তা প্রদানে আমরা আমাদের টহল, গোয়েন্দা টিম, গোয়েন্দা নজরদারি নিয়োজিত করেছি। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। আশা করি এই ধরনের কোনো আশঙ্কা বা থ্রেট এই মুহূর্তে আমরা দেখছি না। যেটা ছিল সেটা আমরা প্রত্যাশা করছি অপরাধীরা এ ধরনের সাহস অন্তত করবে না। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আমাদের ডিপ্লয়মেন্ট রয়েছে।”

ভিডিও দেখুন এখানে।  

অর্থাৎ, মোঃ খালিদুল হক হাওলাদার হামলার হুমকিকে ‘ভিত্তিহীন’ বলেননি, তবে সরকারের নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থার কারণে এই ধরনের কোনো আশঙ্কা বা থ্রেট ওই মুহূর্তে না দেখার কথা বলেছেন।

বিষয়টি নিশ্চিত হতে র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদারের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে র‌্যাব-২ এর সেকেন্ড ইন কমান্ড স্কোয়াড্রন লিডার নিফাজ দ্য ডিসেন্টকে বলেন, “বক্তব্যটা যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা অসত্য ও বিভ্রান্তিকর। এতে মনে হতে পারে পুলিশের যে নোটিশ সেটির সঙ্গে এটি কনট্রাডিক্টরি। আসলে ওইদিন সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেছেন আমরা যেকোনো ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত রয়েছি, জনগণ যেন ভীত না হয়। জনগণকে কনফিডেন্স দেওয়া আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। ওখানে আরও কতগুলো কথা ছিল, যেগুলো আগে-পরে কেটে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।”