সন্ত্রাসীদের হামলার মুখে অভ্যুত্থানের নেতা হাসিব, মিডিয়ার ফোকাস তার পাশে থাকা নারীকে নিয়ে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঙ্গলবার (১০ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানের সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা হয়েছে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। সংগঠনটির সাবেক আহ্বায়ক জাহিদ আহসান জানিয়েছেন, হামলায় আহত হাসিবকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলার খবর প্রকাশ করতে গিয়ে কয়েকটি সংবাদমাধ্যম হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় ও তারা যেই রিসোর্টে থেকেছেন সেই রিসোর্টের কক্ষ নম্বরকে প্রাধান্য দিয়েছে। হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগপন্থী বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও যুবলীগের অফিশিয়াল পেজ থেকে উল্লাস প্রকাশ করে পোস্ট দেওয়া হয়েছে। কিছু পোস্টে আরও সহিংসতার ইঙ্গিতও ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, হাসিব এক তরুণীর সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় বসে আছেন। কয়েকজন অস্ত্রধারী অটোরিকশাটি থামান। এ সময় বলতে শোনা যায়, “ইনি হচ্ছে জুলাই জঙ্গি হাসিবুল। আর ইনি মেয়ে নিয়ে এই যে দেশ বিক্রি করে এখানে আমোদ-ফুর্তি করতেছে।”
এর পরপরই হাসিবের ওপর হামলা হয়। ক্যামেরা নড়ে ওঠে। ধস্তাধস্তির শব্দের সঙ্গে শোনা যায় ওই তরুণীর আতঙ্কিত চিৎকার। আশপাশ থেকেও ‘এই এই এই...’, ‘ভাই, ভাই!’ বলে চিৎকার করতে শোনা যায়। অটোরিকশার চালককেও এ সময় আতঙ্কিত দেখায়।
একপর্যায়ে অটোরিকশা থেকে নেমে কিছুটা দূরে সরে যান হাসিব। হাত তুলে হামলাকারীদের থামানোর চেষ্টা করে তাকে বলতে শোনা যায়, “এই ভাই ভাই, এক মিনিট ভাই!” এ সময় ‘দাড়া’ বলে তার দিকে আবারও তেড়ে আসতে দেখা যায়। ভিডিওর শেষ দিকে হাসিব দৌড়ে সরে যান। এর পরপরই রাস্তায় পড়া ভিডিও ধারণকারীর ছায়ায় তার ডান হাতে চাপাতির মতো একটি বস্তু দেখা যায়।
তরুণীর পরিচয় ও রিসোর্টের কক্ষ নম্বর গুরুত্ব পেয়েছে যেসব খবরে
হামলায় দেশীয় অস্ত্র ব্যবহারের খবরের পাশাপাশি কয়েকটি সংবাদমাধ্যম শিরোনাম বা প্রতিবেদনের শুরুতেই হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় ও রিসোর্টে তাঁদের অবস্থানের তথ্য তুলে ধরে।
বাহান্ন নিউজের প্রতিবেদনের শুরুতেই লেখা হয়, “এরপর প্রশ্ন উঠেছে ছাত্রশক্তির এই নেতার সঙ্গে থাকা নারী কে।” রিসোর্টের ব্যবস্থাপকের বরাতে তারা জানায়, দুজন ‘স্বামী-স্ত্রী পরিচয়ে’ উঠেছিলেন ১১৮ নম্বর কক্ষে। ‘স্ত্রী পরিচয়ে শ্রীমঙ্গলে নারী নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব!’
দুরবীন নিউজের শিরোনাম ছিল ‘স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ছাত্রশক্তির হাসিব, সামনে এল ভিডিও!’
বাংলা টিভি জানায়, হাসিব ও ওই তরুণী বালিশিরা রিসোর্টের ১১৮ নম্বর ‘অগ্নিবীণা’ কক্ষে উঠেছিলেন। ‘স্বামী-স্ত্রী পরিচয়ে শ্রীমঙ্গলের রিসোর্টে ছাত্রশক্তির হাসিব, দেশীয় অস্ত্র নিয়ে দুর্বৃত্তদের হামলা’
আওয়ামী লীগপন্থী ওয়েবসাইট BDDiGEST-এর প্রতিবেদনের শিরোনামে হাসিবকে ‘July Violence Suspect’ আখ্যা দেওয়া হয়। প্রতিবেদনের ভেতরে তাঁর সঙ্গে থাকা তরুণীকে ‘girlfriend’ বলা হয়। ‘July Violence Suspect Hasib Checks Into Resort Room No. 118 With Female Companion, Identifying Her as His Wife’
সমকাল ‘তরুণীকে নিয়ে রিসোর্টে ছাত্রশক্তির ঢাবি সভাপতি, ছাত্রলীগের হামলায় আহত’ শিরোনামে ফটোকার্ড প্রকাশ করে।
ইত্তেফাকের ফটোকার্ডের শিরোনাম ছিল ‘স্বামী-স্ত্রী পরিচয়ে শ্রীমঙ্গলের রিসোর্টে ছাত্রশক্তির হাসিব, দেশীয় অস্ত্র নিয়ে দুর্বৃত্তদের হামলা’। কালের কণ্ঠ ‘স্ত্রী পরিচয়ে নারী নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব, রুম নম্বর ১১৮’ এবং কালবেলা ‘স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ওঠেন ছাত্রশক্তির হাসিব আল ইসলাম’ শিরোনামে ফটোকার্ড প্রকাশ করে। তবে সমালোচনার মুখে এই ফটোকার্ডগুলো ডিলেট বা শিরোনাম পরিবর্তন করা হয়।
কালবেলা আলাদা একটি প্রতিবেদনে সিলেট বিভাগীয় ছাত্রশক্তির সহসাংগঠনিক সম্পাদক সিদ্দিকী আবু লালার বরাতে জানায়, ওই তরুণী হাসিবের স্ত্রী। ‘হাসিবের সঙ্গে থাকা ওই তরুণী তার স্ত্রী’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক খোরশেদ আলম দ্য ডিসেন্টকে বলেন, “মিডিয়ার এই আচরণ ভাইরালের প্রবণতা থেকেই। আমরা এখন সাংবাদিকতার যুগে নেই, আমরা ভাইরালিজমের যুগে আছি।“
তিনি আরো বলেন, “এখানে মূল ইস্যু ছিলো হামলা। অথচ মিডিয়াগুলো মূল ইস্যুকে সরিয়ে যৌন সুড়সুড়িমূলক শিরোনাম দিয়েছে। ডিসটর্ট করেছে। এটা সাংবাদিকতার নর্মস ও প্র্যাকটিসের বিরুদ্ধে। আমাদের প্রেস কাউন্সিলের উচিত এসব ব্যাপারে নজর দেওয়া।“
ছাত্রলীগের সাবেক নেতাকে ধন্যবাদ, ‘চোখের শান্তি’ বলে উল্লাস
হাসিবের ওপর হামলার ভিডিও শেয়ার করে আহমেদ সাদিক নামে একজন ফেসবুক পোস্টে লিখেছেন, “আহা! চোখের শান্তি! জুলাই জঙ্গি হাসিবুল!”
পোস্টে ঘটনাস্থল হিসেবে শ্রীমঙ্গলের রাধানগরের কথা উল্লেখ করে তিনি আরও লিখেছেন, “সাহসী ভূমিকা রাখার জন্য আন্তরিক ধন্যবাদ, মোঃ হাবিবুর রহমান ভাই, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগ।”
অর্থাৎ, হাসিবকে হেনস্তার ঘটনাকে ‘সাহসী ভূমিকা’ হিসেবে বর্ণনা করে ছাত্রলীগের সাবেক এক নেতাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বাংলাদেশ আওয়ামী যুবগ লীগের অফিসিয়াল পেজ থেকে হামলাকাীর হাতে থাকা অস্ত্রের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “তারা যুবলীগের ছায়াকেও ভয় পায়!”
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ভিডিওটি শেয়য়ার করে লিখেছেন, “জুলাই জ’ঙ্গী হাসিবুল কট।”
আওয়ামীপন্থী অনলাইন অ্যাক্টিভিস্ট সুশান্ত দাস গুপ্তের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও হাসিবকে নিয়ে একাধিক পোস্ট করা হয়েছে।
একটি পোস্টে হাসিবকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে শ্রীমঙ্গলের রাধানগরে তাকে হেনস্তার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাঁর সঙ্গে থাকা নারীকে উদ্দেশ করে অশ্লীল মন্তব্যও করা হয়েছে।
ওই পোস্টে ঘটনার ভিডিও ‘এ টিম’ নামের একটি টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবে বলেও উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে এক্সএলএল দুর্জয় আহমেদ নামে একজন হামলার ভিডিও শেয়ার করে পোস্টে লিখেছেন, “শ্রীমঙ্গল রাধানগরে জুলাই জঙ্গি হাসিবুল কে ভালোবাসা দেওয়া হয়েছে।”
ইয়াসির আহমেদ সায়ান নামে আরেকজন পোস্টে লিখেছেন, “জুলাই জঙ্গি সমন্বয়ক হাসিবুল কে সিলেট শ্রীমঙ্গল এলাকায় অতিথি আপ্যায়ন করেছে।”
এসব পোস্টে হামলা ও হেনস্তাকে সরাসরি মারধর হিসেবে বর্ণনা না করে ‘ভালোবাসা’ ও ‘অতিথি আপ্যায়ন’ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
‘মাইর স্টার্ট মাত্র’, ‘এটাতো ট্রেইলার মাত্র’
হাসিবের ওপর হামলা নিয়ে উল্লাস প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে আরও সহিংসতার ইঙ্গিত দিয়ে পোস্ট করেছেন কয়েকজন আওয়ামী লীগ সমর্থক।
মোহন চৌধুরী নামে একটি অ্যাকাউন্ট থেকে হামলার ভিডিও শেয়ার করে পোস্টে লেখা হয়েছে, “মাইর স্টার্ট মাত্র! সবুর ল শুধ।”
নাসিম ভূঁইয়া নামে একজন ১০ নভেম্বরের তারিখ উল্লেখ করে পোস্টে লিখেছেন, “জুলাই জঙ্গি হাসিবুল এটাতো ট্রেইলার মাত্র।”
মো. রাকিব চৌধুরী নামে আরেকজনের পোস্টে লেখা হয়েছে, “সবাইর কোরবানি হবে আস্তে আস্তে।”
বাংলাদেশ ইনসাইডার্স নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিও প্রকাশ করে পোস্টে লেখা হয়েছে, “আসছে ডিসেম্বরে কী হতে পারে, তার ধারণা নিন নভেম্বরেই!”
ওই ভিডিও শেয়ার করে মো. আলামিন নামে একজন তাঁর পোস্টে লিখেছেন, “জুলাই জঙ্গি হাসিবুল ধরররর।”
সালেহ আহমেদ নামে আরেকজন পোস্টে লিখেছেন, “জুলাই জঙ্গি বাংলাদেশ / দুনিিয়া থেকে বিতারিত করতে হবে।”
এসব পোস্টে হাসিবের ওপর হামলাকে আরও বড় কোনো ঘটনার সূচনা হিসেবে তুলে ধরা হয়েছে।
‘গণধোলাইয়ে পড়ে মারা যাবে’
হাসিবের ওপর হামলার ভিডিও ঘিরে কয়েকটি পোস্টে তাঁর মৃত্যুর সম্ভাবনা এবং আরও মারধরের কথাও উল্লেখ করা হয়েছে।
মো. মাহবুব আলম নামে একজন ফেসবুক পোস্টে লিখেছেন, “জুলাই জঙ্গি মহাবিপদে, উনি মেট্রোরেল এবং সেতু ভবনে আগুন দেয়ার নায়ক, এরা শেষমেষ গনধোলাইর মধ্যে পড়ে মারা যাবে।”
অন্যদিকে মাজলু আহমেদ নামে একজনের পোস্টে লেখা হয়েছে, “শ্রীমঙ্গলে জুলাই জঙ্গি ও পুলিশ হত্যাকারী হাসিবুল নারী নিয়ে কট।” এরপর হাসিবের দৌড়ানোর ঘটনা নিয়ে উপহাস করেছেন তিনি।
ছাত্রলীগের সাবে কেন্দ্রিয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন পোস্টে লিখেছেন, “পুলিশ হত্যা ও মেট্রোরেলে আগুন দেওয়ার স্বীকারোক্তি দেওয়া ঝুলাই জঙ্গি হাসিবুল শ্রীমঙ্গলে জনগণের হাতে কট!!”
মিলাদ হোসেন শিমুল নামে একজন তাঁর পোস্টে হাসিবকে পুলিশ হত্যা ও মেট্রোরেলে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দেওয়া ব্যক্তি হিসেবে উল্লেখ করে তাঁর হেনস্তার ঘটনা তুলে ধরেছেন।
এ ছাড়া মো. ফিরোজ আলম খান নামে একজনের পোস্টে ‘জঙ্গি’ আখ্যা দেওয়া ব্যক্তিদের উদ্দেশ করে অশ্লীল ভাষায় আক্রমণ ও সহিংসতার ইঙ্গিত দেওয়া হয়েছে।
হাসিবকে উদ্দেশ করে এমন কটূক্তি ও বিদ্রূপ ছড়িয়েছেন আরও কয়েকজন। তাঁদের মধ্যে এমডি মানিকের পোস্টে লেখা হয়েছে, “উলা লা লা করতে গিয়ে কট জুলাই জঙ্গি হাসিবুল।”
কবির হোসেন নামে একজনও অশ্লীল ভাষায় কটূক্তি করে পোস্ট করেছেন। বিএম বখতিয়ার খলজির পোস্টে হাসিবকে ‘জুলাই জঙ্গি’ ও ‘রাজাকারের বাচ্চা’ আখ্যা দিয়ে তাঁর ওপর হামলার ঘটনাকে বিদ্রূপ করা হয়েছে।
সঙ্গে থাকা নারীকে নিয়েও যৌন ইঙ্গিতপূর্ণ প্রচারণা
হামলার ভিডিওতে ধারণকারী ব্যক্তিকেও হাসিবের সঙ্গে থাকা নারীকে কেন্দ্র করে ‘দেশ বিক্রি করে আমোদ-ফুর্তি’ করার অভিযোগ তুলতে শোনা যায়।
মো. ইয়াছির আরাফাত দিপু নামে একজন ছবি প্রকাশ করে পোস্টে লিখেছেন, “অবৈধ নারী নিয়ে আটক জুলাই জঙ্গি হাসিবুল।”
মাহিয়ান রাজ মিলন নামে আরেকজন পোস্টে লিখেছেন, “জুলাই জঙ্গি হাসিবুল মেয়ে নিয়ে কট।”
এ ছাড়া এমডি জহির খান নামে একজন পোস্টে লিখেছেন, “জঙ্গি হাসিবুল কে পাওয়া গেছে মেয়ে নিয়ে কট।”
ইদন সরোয়ার নামে আরেকজন পোস্টে হাসিবকে এনসিপি নেতা ও ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে তাঁর সঙ্গে থাকা নারীকে নিয়ে একই ধরনের দাবি করেছেন।
রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা আগেও উল্লাস প্রকাশ করেছে আওয়ামী লীগ
রাজনৈতিকভাবে ভিন্ন অবস্থানে থাকা ব্যক্তিদের ওপর হামলা কিংবা তাঁদের মৃত্যুকে কেন্দ্র করে আওয়ামীপন্থী বিভিন্ন অ্যাকাউন্ট থেকে উল্লাস প্রকাশের ঘটনা আগেও ঘটেছে।
গত ২২ জুলাই দ্য ডিসেন্টে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ইতালির রোমে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলার পর আওয়ামী লীগের নেতাকর্মী ও অনলাইন অ্যাক্টিভিস্টরা সেই হামলার ভিডিও শেয়ার করে উল্লাস প্রকাশ করেন।
এর আগে গত মে মাসে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মৃত্যুর পরও আওয়ামীপন্থী বিভিন্ন অ্যাকাউন্ট থেকে উল্লাস প্রকাশের ঘটনা উঠে আসে দ্য ডিসেন্টের প্রতিবেদনে। সেখানে কারিনার মৃত্যুকে ঘিরে ‘আলহামদুলিল্লাহ’, ‘জয় বাংলা’সহ বিভিন্ন মন্তব্যের মাধ্যমে উল্লাস প্রকাশ করতে দেখা যায়।
একইভাবে গত সেপ্টেম্বরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার পরও আওয়ামীপন্থী অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে তাঁর মৃত্যু নিয়ে বিদ্রূপ ও কটূক্তির ঘটনা উঠে আসে দ্য ডিসেন্টের প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থানে অপ্রতিমের মায়ের রাজনৈতিক অবস্থানের কারণে শিশুটির মৃত্যুকে ‘কর্মফল’ ও ‘উপহার’ হিসেবে উপস্থাপন করেছিলেন কয়েকজন।